দেশের অন্যতম বৃহৎ ও ঐতিহ্যবাহী ব্যাংক আইএফআইসি ব্যাংক পিএলসি তার ৪৮তম বার্ষিক সাধারণ সভা আজ বৃহস্পতিবার হাইব্রিড পদ্ধতিতে অনুষ্ঠিত করেছে। সরাসরি সভার আয়োজন করা হয় ঢাকার আর্মি গলফ ক্লাবে।
সভায় সভাপতিত্ব করেন ব্যাংকের চেয়ারম্যান ও স্বতন্ত্র পরিচালক জনাব মোঃ মেহমুদ হোসেন। উপস্থিত ছিলেন ঝুঁকি ব্যবস্থাপনা কমিটির চেয়ারম্যান জনাব মোঃ এবতাদুল ইসলাম, অডিট কমিটির চেয়ারম্যান জনাব কাজী মোঃ মাহবুব কাশেম, নির্বাহী কমিটির চেয়ারম্যান জনাব মোঃ গোলাম মোস্তফা, ব্যবস্থাপনা পরিচালক জনাব সৈয়দ মনসুর মোস্তফা, কোম্পানি সচিব জনাব মোকাম্মেল হক এবং অন্যান্য সম্মানিত শেয়ারহোল্ডার। পরিচালক জনাব মুহাম্মদ মনজুরুল হক ভার্চুয়ালি সভায় উপস্থিত ছিলেন।
সভায় চেয়ারম্যান মোঃ মেহমুদ হোসেন বলেন, আইএফআইসি ব্যাংক শেয়ারহোল্ডারদের স্বার্থ রক্ষায় স্বচ্ছতা, জবাবদিহিতা এবং কৌশলগত সংস্কারের মাধ্যমে নেতৃত্বের অবস্থান পুনরুদ্ধারে কাজ করছে। তিনি জোর দিয়ে উল্লেখ করেন যে অনিয়ম বা দুর্নীতির ক্ষেত্রে ব্যাংক “জিরো টলারেন্স” নীতি অনুসরণ করছে। তিনি আশাবাদ প্রকাশ করেন, এই প্রচেষ্টার ফলে ব্যাংকের পারফরম্যান্স এবং মূল আর্থিক সূচকসমূহ আগামী বছরে উল্লেখযোগ্যভাবে উন্নত হবে।
ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মনসুর মোস্তফা জানান, ব্যাংক ইতোমধ্যে সুশাসন প্রতিষ্ঠা, দক্ষতা বৃদ্ধি এবং অংশীজনদের আস্থা পুনরুদ্ধারে কার্যকর পদক্ষেপ নিয়েছে। তিনি বলেন, ব্যাংকের সব উদ্যোগ শেয়ারহোল্ডার, কর্মকর্তা-কর্মচারী ও আমানতকারীদের স্বার্থ সংরক্ষণের লক্ষ্যে গ্রহণ করা হচ্ছে।
সভায় ২০২৪ অর্থবছরের আর্থিক বিবরণী অনুমোদন, নিরীক্ষক নিয়োগসহ অন্যান্য প্রস্তাবসমূহ গৃহীত হয়েছে। সভার সঞ্চালনা করেন কোম্পানি সচিব মোঃ মোকাম্মেল হক।

