রাজধানীর একটি হোটেলে গতকাল অনুষ্ঠিত এক গোলটেবিল বৈঠকে বক্তারা বলেছেন, গণতন্ত্র অনুপস্থিত থাকলে রাষ্ট্রে জবাবদিহি থাকে না। জবাবদিহি না থাকলে বিনিয়োগ হয় না, বরং লুটপাটের সংস্কৃতি চালু হয়। তাই বিনিয়োগ বাড়াতে প্রয়োজন নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক অর্থনীতি প্রতিষ্ঠা।
‘ফ্রম ক্রাইসিস টু স্ট্যাবিলিটি: ডেমোক্রেসি অ্যাজ দ্য ফাউন্ডেশন টু ইকোনমি’ শীর্ষক এ বৈঠকের আয়োজন করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান খান (বাবু), বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান ড. এম মাশরুর রিয়াজ, বিএনপির চেয়ারপারসনের বিশেষ সহকারী ও ফরেন অ্যাফেয়ার্স অ্যাডভাইজরি কমিটির সদস্য অনিন্দ্য ইসলাম অমিত, বিএনপি নেতা ব্যারিস্টার নাসির উদ্দিন অসীম, ব্যারিস্টার কায়সার কামাল, ইশরাক হোসেন, ফারজানা শারমীন পুতুল ও ইসরাফিল খসরু। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক রাশেদ আল মাহমুদ তিতুমীরও এতে বক্তব্য রাখেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন বিএনপির ফরেন অ্যাফেয়ার্সের তাবিথ আউয়াল।
বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান খান বলেন, “গণতন্ত্র না থাকলে জবাবদিহি থাকে না। আর জবাবদিহি না থাকলে বিনিয়োগ হয় না, লুটপাট বাড়ে। গত ১৫ বছর ধরে আমরা সেটিই দেখেছি। তাই জনগণের স্বার্থে একটি জবাবদিহিমূলক সরকার প্রতিষ্ঠার জন্য গণতন্ত্র অপরিহার্য।” তিনি আরও বলেন, বাংলাদেশকে শুধু পোশাক শিল্পনির্ভর অর্থনীতিতে সীমাবদ্ধ রাখা যাবে না। পণ্য ও বাজারে বৈচিত্র্য আনতে হবে। আর তা করতে হলে সুষ্ঠু নির্বাচন প্রয়োজন। জনগণ যদি বিএনপিকে ম্যান্ডেট দেয়, দলটি একটি টেকসই নীতি গ্রহণ করবে।
বিএসইসি চেয়ারম্যান ড. এম মাশরুর রিয়াজ বলেন, “গত পাঁচ বছরের পরিবর্তনের সঙ্গে বর্তমান পরিস্থিতি মিলিয়ে দেখলে বোঝা যায় পরিবর্তন ঘটছে। এ পরিবর্তনকে টেকসই করতে হলে গণতন্ত্রকে শক্তিশালী করতে হবে। আর এজন্য নির্বাচিত সরকার অপরিহার্য।” তিনি বলেন, বাংলাদেশের জন্য আগামী দিনে তিনটি বড় সুযোগ তৈরি হয়েছে—কনফিডেন্স, কানেকশনস ও চেঞ্জ। এগুলো কাজে লাগাতে পারলে সুফল মিলবে, নইলে ঝুঁকি বাড়বে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক রাশেদ আল মাহমুদ তিতুমীর বলেন, “পতিত সরকারের কারণে দেশকে খাদের কিনারায় ঠেলে দেওয়া হয়েছে। ফলে দারিদ্র্য বাড়ছে, বেকারত্ব বেড়েছে। ব্যক্তিগত খাতে ঋণ প্রবাহও অস্বাভাবিকভাবে বেড়েছে। এসব সংকট সরকারের দীর্ঘদিনের ক্ষমতাকেন্দ্রিক নীতির ফল।” তিনি আরও বলেন, “যখনই দেশে গণতন্ত্র এসেছে, তখনই অর্থনৈতিক প্রবৃদ্ধি ঘটেছে। ১৯৭৫ ও ১৯৯১–এর পর তা দেখা গেছে। দারিদ্র্য হ্রাস, জিডিপি বৃদ্ধি, বিনিয়োগ ও রফতানি—সব ক্ষেত্রেই অগ্রগতি হয়েছে। এখন আমাদের দ্বিতীয় প্রজন্মের রূপান্তরের দিকে যেতে হবে। একদিকে আমরা সংকটে আছি, অন্যদিকে এলডিসি উত্তরণের চ্যালেঞ্জ সামনে।”
বিএনপি নেতা অনিন্দ্য ইসলাম অমিত বলেন, “জবাবদিহিমূলক সরকার তখনই নিশ্চিত করা সম্ভব, যখন গণতন্ত্র থাকবে। আমাদের দেশে সেটিই বাস্তবায়ন করতে হবে।” ইসরাফিল খসরু বলেন, “ঋণনির্ভর অর্থনীতি থেকে বিনিয়োগনির্ভর অর্থনীতিতে যেতে হবে। শুধু পোশাক শিল্প নয়, কৃষি ও অন্যান্য খাতেও নজর দিতে হবে। কৃষিতে ৪০ শতাংশ মানুষ কাজ করছে। ফ্রিল্যান্সিংসহ অনানুষ্ঠানিক খাতেও গুরুত্ব দিতে হবে। এর মাধ্যমে ১৮ মাসে এক কোটি চাকরি তৈরি সম্ভব।”

