ফেব্রুয়ারিতে ৮০০ কোটি টাকার সাব-অর্ডিনেটেড বন্ড ইস্যুর অনুমোদন দিয়েছিল তালিকাভুক্ত সিটি ব্যাংক পিএলসির পর্ষদ। তবে বর্তমান বাজার পরিস্থিতি ও প্রয়োজনীয় মূলধন শর্ত পূরণের কারণে বন্ডটির পরিমাণ বাড়িয়ে ১ হাজার ২০০ কোটি টাকা করা হয়েছে। ব্যাংকটির পরিচালনা পর্ষদ গতকাল সার্কুলার রেজল্যুশনে এই সিদ্ধান্ত নেয়। বিষয়টি ব্যাংক একটি মূল্যসংবেদনশীল তথ্যের মাধ্যমে জানিয়েছে।
ব্যাংক জানিয়েছে, ব্যাসেল-৩-এর সঙ্গে সামঞ্জস্য রেখে মূলধন ভিত্তি শক্তিশালী করতে এবং ব্যবসায়িক প্রবৃদ্ধি অব্যাহত রাখতে বন্ড ইস্যুর অর্থ ব্যবহার করা হবে। এই সিদ্ধান্ত বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি), বাংলাদেশ ব্যাংক ও অন্যান্য নিয়ন্ত্রক সংস্থার অনুমোদন সাপেক্ষে কার্যকর হবে।
আর্থিক প্রতিবেদনে দেখা যায়, চলতি ২০২৫ হিসাব বছরের প্রথমার্ধে (জানুয়ারি–জুন) সিটি ব্যাংকের শেয়ারপ্রতি সমন্বিত আয় (ইপিএস) হয়েছে ২ টাকা ২৩ পয়সা। আগের হিসাব বছরে এটি ছিল ১ টাকা ৮৫ পয়সা। দ্বিতীয় প্রান্তিকে (এপ্রিল–জুন) ইপিএস হয়েছে ১ টাকা ৫৫ পয়সা, যা আগের বছরের একই সময়ে ১ টাকা ১৬ পয়সা ছিল। ৩০ জুন ২০২৫ শেষে ব্যাংকের শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৩৫ টাকা ৬০ পয়সায়।
৩১ ডিসেম্বর ২০২৪ সমাপ্ত হিসাব বছরে বিনিয়োগকারীদের ১২ দশমিক ৫০ শতাংশ নগদ ও ১২ দশমিক ৫০ শতাংশ স্টক লভ্যাংশ দিয়েছে ব্যাংকটি। একই সময়ে ইপিএস হয়েছে ৭ টাকা ৫৩ পয়সা, আগের বছরে যা ছিল ৪ টাকা ৭৪ পয়সা। এনএভিপিএস তখন ৩৪ টাকা ৩৯ পয়সা। ২০২৩ সালে বিনিয়োগকারীদের ১৫ শতাংশ নগদ ও ১০ শতাংশ স্টক লভ্যাংশ প্রদান করা হয়েছিল। ইপিএস ৫ টাকা ২১ পয়সা এবং এনএভিপিএস ৩১ টাকা ৪২ পয়সা। ২০২২ সালে ব্যাংক ১২ শতাংশ লভ্যাংশ দিয়েছে, যার মধ্যে ১০ শতাংশ নগদ ও ২ শতাংশ স্টক। ইপিএস ৩ টাকা ৯৮ পয়সা এবং এনএভিপিএস ২৮ টাকা ২১ পয়সা।
সিটি ব্যাংক ১৯৮৬ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়। অনুমোদিত মূলধন ২ হাজার কোটি টাকা এবং পরিশোধিত মূলধন ১ হাজার ৫২১ কোটি ২২ লাখ ২০ হাজার টাকা। রিজার্ভে রয়েছে ২ হাজার ৯৬১ কোটি ১৫ লাখ টাকা। মোট শেয়ার সংখ্যা ১৫২ কোটি ১২ লাখ ২২ হাজার ৬৯। এর মধ্যে ৩০ দশমিক ৩৬ শতাংশ উদ্যোক্তা পরিচালকদের হাতে, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে ২০ দশমিক ৯৬, বিদেশী বিনিয়োগকারীদের কাছে ৬ দশমিক ৭৭ এবং সাধারণ বিনিয়োগকারীদের হাতে ৪১ দশমিক ৯১ শতাংশ শেয়ার রয়েছে।

