সার আমদানি সহজ করতে বাংলাদেশকে ১০ কোটি ডলার ঋণ সহায়তা দিচ্ছে ইসলামী উন্নয়ন ব্যাংক গ্রুপের সহযোগী প্রতিষ্ঠান ইন্টারন্যাশনাল ইসলামিক ট্রেড ফিন্যান্স করপোরেশন । গত বুধবার এ বিষয়ে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে।
সৌদি আরবের জেদ্দায় অনুষ্ঠিত চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে বাংলাদেশের তিন সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন অর্থ মন্ত্রণালয়ের অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব শাহরিয়ার কাদের ছিদ্দিকী। দলে ছিলেন কৃষি সচিব এমদাদ উল্লাহ মিয়া ও বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর কবির আহমেদ। এ তথ্য ইআরডি এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সরকার আশা করছে এই ঋণের মাধ্যমে সার আমদানি সহজ হবে। এটি দেশে খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। আইটিএফসি আগে শুধু জ্বালানি তেল আমদানিতে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনকে (বিপিসি) ঋণ সহায়তা দিত। এবারই প্রথম সার আমদানিতে ঋণ দেওয়া হলো।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে ইআরডি সচিব জানান, বাংলাদেশের খাদ্য ও জ্বালানি নিরাপত্তা প্রতিষ্ঠায় আইটিএফসির এই ঋণ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তিনি আশা প্রকাশ করেন, এর মাধ্যমে দেশের টেকসই উন্নয়নে আন্তর্জাতিক কৌশলগত অংশীদারিত্ব আরও মজবুত হবে।

