দ্রুত নগরায়ণ এবং প্রবাসীদের রেমিট্যান্সের কারণে দেশের আবাসন খাতের চাহিদা দিন দিন বাড়ছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। গতকাল বৃহস্পতিবার রাজধানীতে রিয়েল এস্টেট খাতের অবদান নিয়ে এক সেমিনারে এ মত প্রকাশ করা হয়।
সেমিনারটি অনুষ্ঠিত হয় রিহ্যাবের হলরুমে। আয়োজন করে রিয়েল এস্টেট রিসার্চ কমিটি। বক্তারা বলেন, মধ্যবিত্ত শ্রেণির সম্প্রসারণ এবং প্রবাসী পাঠানো অর্থের কারণে রিয়েল এস্টেট খাতের চাহিদা বেড়ে চলেছে। দেশের জিডিপিতে এই খাতের বড় অবদান রয়েছে। পাশাপাশি এটি কর্মসংস্থান সৃষ্টিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রিয়েল এস্টেট রিসার্চ স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান ও রিহ্যাবের পরিচালক ড. মো. হারুন অর রশিদ। প্রধান অতিথি ছিলেন রিহ্যাব প্রেসিডেন্ট মো. ওয়াহিদুজ্জামান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গবেষণা সুপারভাইজার প্রফেসর ড. আবুল কালাম আজাদ, আমান উদ্দিন মুজাহিদ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজ বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক মুহাম্মাদ মাহবুব কায়সার।
সেমিনারে ডেফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি রিসার্চ টিমের প্রস্তুতকৃত তথ্য-উপাত্ত উপস্থাপন করা হয়। গবেষকরা তথ্যের উপর মন্তব্য করেন এবং বিভিন্ন পরামর্শ দেন। তবে বক্তারা সতর্ক করেন, রিয়েল এস্টেট খাত অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখলেও কিছু চ্যালেঞ্জ রয়েছে। নির্মাণসামগ্রীর দাম বৃদ্ধি, অর্থনৈতিক চাপ এবং রাজউকের নতুন ড্যাপ নীতিমালা এই খাতকে কঠিন পরিস্থিতির মুখে ফেলতে পারে।

