আশ্বিন মাস আসতে আর তিন দিন বাকি। সাধারণত এই সময় কর্মসংস্থান কম থাকে। কৃষকের ঘরে ধান ও চালও কম থাকে। ফলে চালের বাজারে দাম একটু বাড়তে শুরু করে। এবারও আশ্বিনের ছায়া পড়েছে চালের বাজারে।
সরকারি সংস্থা ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) তথ্য বলছে, গত তিন মাস ধরে চালের দাম বেশি। এই বাড়তি দাম শুধু শহরে নয়, প্রত্যন্ত অঞ্চলের মানুষের জীবনেও প্রভাব ফেলেছে। রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে, মান ও প্রকারভেদে খুচরায় কেজিতে দাম বেড়েছে ৫ থেকে ৭ টাকা। একই অবস্থা ধান উৎপাদন এলাকা নওগাঁ, রংপুর, কুষ্টিয়াতেও দেখা যাচ্ছে। সেখানে কেজি প্রতি দাম বেড়েছে সর্বোচ্চ ৭ টাকা।
ছোট ব্যবসায়ী ও মিল মালিকরা অভিযোগ করেছেন, বেশি মুনাফার আশায় মৌসুমের শুরুতেই ধান কিনে মজুত করেন করপোরেট গ্রুপ ও অটোরাইস মিল মালিকরা। এখন বাজার তাদের নিয়ন্ত্রণে। তারা চাল মজুত করে বেশি দামে বিক্রি করছেন। এতে ভোক্তার পাশাপাশি ক্ষতিগ্রস্ত হচ্ছেন খুচরা ব্যবসায়ী ও ছোট চালকল মালিকরা। তাদের ভাষ্য, “কৃষককে বাঁচাতে হবে, ভোক্তাকে রক্ষা করতে হবে– সরকার বারবার এমন কথা বললেও বাস্তবতা উল্টো। ঘুরেফিরে করপোরেট গ্রুপই সুবিধা পাচ্ছে। তারা কম সুদের ঋণে ধান কিনে কৃত্রিম সংকট তৈরি করেন। পরে বেশি দামে বিক্রি করে। এতে কৃষক, ভোক্তা ও মিল মালিক তিন পক্ষই ক্ষতিগ্রস্ত হয়। তবে সরকার ব্যবস্থা নিচ্ছে না।”
ভোক্তারা বলছেন, দাম বাড়ানোর ক্ষেত্রে খুচরা ব্যবসায়ী থেকে শুরু করে করপোরেট ও মিল মালিক সবাই যুক্ত। সরকারের দুর্বল নজরদারির কারণে বাজার অস্থির। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছেন নিম্ন আয়ের মানুষ। ভালো উৎপাদন ও আমদানির পরও কেন বাজার নিয়ন্ত্রণে আসে না– সেই প্রশ্ন উঠছে ক্রেতাদের মধ্যে। বিশ্লেষকদের মতে, কৃষকরা করপোরেট ও বড় মিলারের কাছে ধান বিক্রি করার পর বাজারে কৃত্রিম সংকট তৈরি হয়। এ সুযোগ কাজে লাগিয়ে তারা চালের দাম বাড়ায়। সরকার যদি পর্যাপ্ত চাল খোলাবাজারে বিক্রি করতে পারত, দাম স্বাভাবিক রাখা যেত। তবে সরকারের কাছে ২০ থেকে ২১ লাখ টনের বেশি চাল মজুত থাকে না। অন্যদিকে করপোরেটদের কাছে থাকে ১ থেকে ১.৫ কোটি টন। ফলে বাজার তাদের নিয়ন্ত্রণে থাকে।
দেশে মোট ধানের প্রায় ৫৫ শতাংশ আসে বোরো মৌসুমে। সরকার এবারের বোরো মৌসুমে দুই কোটি ২৬ লাখ টন ধান উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছিল। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য অনুযায়ী, এ বছর উৎপাদন হয়েছে দুই কোটি ১৪ লাখ টন। ভালো ফলন, আমদানির পথ খোলা এবং সরকারের পর্যাপ্ত মজুত থাকা সত্ত্বেও চালের বাজার অস্থির। ঢাকার বাজারে, গত বৃহস্পতিবার কারওয়ান বাজার, তেজকুনি পাড়া ও তেজগাঁও কলোনিতে দেখা গেছে, সরু চাল (মিনিকেট ও নাজিরশাইল) কেজি ৭৩–৮৫, মাঝারি চাল (বিআর-২৮ ও পাইজাম) কেজি ৬০–৬৫ এবং মোটা চাল (গুটিস্বর্ণা ও চায়না ইরি) কেজি ৫৫–৬০ টাকায় বিক্রি হচ্ছে। কুষ্টিয়া, নওগাঁ, রংপুরের বাজারও প্রায় একই দরে বিক্রি হচ্ছে।
টিসিবির ওয়েবসাইটে দেখা গেছে, এক বছরে সরু চালের দাম ১১.১১%, মাঝারি চাল ১৭.৩৯% এবং মোটা চাল ৭.৪৮% বেড়েছে। বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশন বলছে, দেশের বার্ষিক চালের চাহিদা ৩ কোটি ৫০–৩ কোটি ৮০ লাখ টন। উৎপাদন কম হলে আমদানির মাধ্যমে চাহিদা মেটানো হয়। সরকার এবারও আমদানির পথ খুলেছে। খাদ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, এখন পর্যন্ত প্রায় ছয় লাখ টন চাল ও গম আমদানি হয়েছে। সরকারি মজুতের পরিমাণ ১৯ লাখ ৫০ হাজার ৭৪ টন। এর মধ্যে ১৮ লাখ ৩৩ হাজার ১৫২ টন চাল, এক লাখ ২৮ হাজার ৩৫৯ টন ধান এবং ৯৮ হাজার ৪৮৮ টন গম রয়েছে।
নওগাঁয় এ মৌসুমে উৎপাদিত হয়েছে ৮ লাখ ৭২ হাজার টন চাল। বছরের চাহিদা সর্বোচ্চ পাঁচ লাখ টন। ফলে ১২ লাখ টন উদ্বৃত্ত চালের দাম নিয়ন্ত্রণ করছে কয়েকজন ব্যবসায়ী। নওগাঁ অটোমেটিক রাইস মিল সমিতির সাধারণ সম্পাদক তৌফিকুল ইসলাম বাবু বলেন, কৃষক ধানের ন্যায্যমূল্য পাচ্ছেন না, ভোক্তাকে বাজারে বেশি দামে চাল কিনতে হচ্ছে। বাজার নিয়ন্ত্রণে কয়েকটি করপোরেট গ্রুপের হাত আছে। কুষ্টিয়ার খাজানগরে ধান-চালের বাজার নিয়ন্ত্রণ করছে ১০ অটো মিল মালিক। তারা অবৈধভাবে মজুত করে দাম বাড়িয়ে কোটি কোটি টাকা আয়ের সুযোগ নিচ্ছেন। কুষ্টিয়ার খাদ্য কর্মকর্তা আল ওয়াজিউর রহমান বলেন, বেশি ধান-চাল মজুত করলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হচ্ছে।
রংপুরে গত এক মাসে বস্তায় (৫০ কেজি) চালের দাম বেড়েছে ২০০–৫০০ টাকা। খুচরায় কেজি প্রতি দাম বেড়েছে ৪–৭ টাকা। রংপুর জেলা রাইস মিল মালিক সমিতির সাধারণ সম্পাদক আবুল কাশেম বলেন, বিভিন্ন সংকটে কৃষক ধান কেটে বিক্রি করতে বাধ্য হন। বড় মিলাররা এ সুযোগ কাজে লাগিয়ে কম দামে কিনে মজুত করেন।
কনজ্যুমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) সভাপতি এএইচএম সফিকুজ্জামান বলেন, অতি মুনাফার লোভে বড় মিলার ও করপোরেট গ্রুপ দাম বাড়াচ্ছে। কত টাকা সিন্ডিকেটের পকেটে গেছে তা বের করা উচিত। কৃষি অর্থনীতিবিদ ড. জাহাঙ্গীর আলম বলেন, সরকার পর্যাপ্ত চাল খোলাবাজারে বিক্রি করলে দাম স্বাভাবিক থাকত কিন্তু কৃষকের ধান করপোরেট-মিলারদের হাতে চলে যাওয়ার পর কৃত্রিম সংকট দেখিয়ে দাম বাড়ানো হয়। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, বাজারে নিয়মিত তদারকি হচ্ছে। নতুন করে দাম বাড়ার প্রবণতা দেখা যাচ্ছে না, তবুও খোঁজ চালানো হচ্ছে।

