বাংলাদেশের ব্যাংকিং খাত আজ এক গভীর সংকটের মুখে। গত কয়েক মাসে খেলাপি (NPL-Non Performing Loans) ঋণের পরিমাণ ও হার উভয়ই আশঙ্কাজনক হারে বেড়েছে। এই ঋণখেলাপি শুধু ব্যাংকগুলোকেই নয়, পুরো অর্থনীতিকেই অস্থির করে তুলেছে। সরকারি ও স্বাধীন বিভিন্ন প্রতিবেদন, ব্যাংক সমন্বয় এবং মুদ্রানীতির বিশ্লেষণ বলছে, খেলাপি ঋণের ক্রমবর্ধমান চাপ এখন এক গুরুতর হুমকি।
পতিত আওয়ামী লীগ সরকারের সময়ে বিতরণ করা অনেক ঋণ ফেরতযোগ্য অবস্থায় নেই, বিশেষ করে ক্ষমতাচ্যুত দলের শীর্ষ নেতাদের ঘনিষ্ঠ ব্যবসায়ীদের একটি বড় অংশের ঋণই খেলাপিতে পরিণত হয়েছে। একইসঙ্গে চলমান অর্থনৈতিক মন্দা এবং নতুন ঋণ শ্রেণিবিন্যাস নীতিমালার প্রভাবে ঋণখেলাপির বোঝা আরও ভারী হয়েছে। ভালো কিংবা খারাপ, প্রায় সব ব্যাংকই আজ এই সমস্যার আঁচ টের পাচ্ছে।
ঋণখেলাপি এখন আর শুধু পরিসংখ্যানের সংখ্যা নয়; এটি অর্থনীতির স্থিতিশীলতার জন্য এক গলার কাঁটা। ঋণ আদায়ের দুর্বলতা, তারল্য সংকট ও আর্থিক খাতে আস্থার ঘাটতি ক্রমেই প্রকট হচ্ছে, যার প্রভাব পড়ছে বিনিয়োগ, কর্মসংস্থান ও প্রবৃদ্ধির ওপর। বিশেষজ্ঞদের মতে, দীর্ঘদিনের শিথিল নীতি, রাজনৈতিক প্রভাব, নজরদারির ঘাটতি ও অকার্যকর পুনরুদ্ধার প্রক্রিয়াই এই পরিস্থিতিকে আরও জটিল করে তোলেছে।
বাংলাদেশের ব্যাংকিং খাত বর্তমানে এক ভয়াবহ সংকটের মধ্য দিয়ে যাচ্ছে। ২০২৫ সালের জুন মাস শেষে দেশে খেলাপি ঋণের পরিমাণ দাঁড়িয়েছে ৫ লাখ ৩০ হাজার ৪২৮ কোটি টাকা, যা মোট বিতরণকৃত ঋণের ২৭ দশমিক শূন্য ৯ শতাংশ। মাত্র ৩ মাসের ব্যবধানে খেলাপি ঋণ বেড়েছে প্রায় ১ লাখ ১০ হাজার কোটি টাকা। এক বছরের ব্যবধানে এর পরিমাণ বেড়েছে আরও ভয়াবহভাবে, ২০২৪ সালের জুনে খেলাপি ঋণ ছিল ২ লাখ ১১ হাজার ৩৯১ কোটি টাকা, যা ১ বছরে বেড়ে দাঁড়িয়েছে ৫ লাখ ৩০ হাজার ৪২৮ কোটি টাকায়। অর্থাৎ মাত্র ১ বছরে খেলাপি ঋণের অঙ্ক বেড়েছে ৩ লাখ ১৯ হাজার ৩৭ কোটি টাকা।
এই বিপুল পরিমাণ খেলাপি ঋণ ব্যাংকিং খাতের জন্য এক বিরাট চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। রাষ্ট্রায়ত্ত ও বেসরকারি মিলে মাত্র ১০টি ব্যাংকের মধ্যেই মোট খেলাপি ঋণের প্রায় ৭১ শতাংশ কেন্দ্রীভূত রয়েছে, যা ওই ব্যাংকগুলোর আর্থিক অবস্থাকে ভঙ্গুর করে তুলেছে এবং সামগ্রিক ব্যাংকিং খাতের ওপর তীব্র চাপ সৃষ্টি করছে। বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তাদের মতে, সাবেক আওয়ামী লীগ সরকারের আমলে নামে-বেনামে ব্যাংক থেকে যে বিপুল অঙ্কের ঋণ নেওয়া হয়েছিল, তার একটি বড় অংশ এখন খেলাপি হিসেবে চিহ্নিত হতে শুরু করেছে।
পাশাপাশি ঋণ খেলাপি হওয়ার নিয়ম আন্তর্জাতিক মানে উন্নীত করায় এবং নবায়নকৃত অনেক ঋণ আদায় না হওয়ায় খেলাপির পরিমাণ আরও বেড়ে যাচ্ছে। অনিয়ম ও দুর্বল নজরদারির কারণেও বহু ঋণকে এখন খেলাপি হিসেবে তালিকাভুক্ত করেছে কেন্দ্রীয় ব্যাংক। এতে খেলাপি ঋণের বোঝা আরও ভারী হচ্ছে এবং বিশেষজ্ঞরা মনে করছেন, সামনে এই অঙ্ক আরও বাড়তে পারে।
প্রসঙ্গত: ২০০৯ সালে আওয়ামী লীগ সরকার গঠন করার সময় দেশে খেলাপি ঋণের পরিমাণ ছিল মাত্র ২২ হাজার ৪৮১ কোটি টাকা। এরপর থেকে ধারাবাহিকভাবে খেলাপি ঋণ বেড়েই চলেছে। অর্থনীতিবিদগণ দীর্ঘদিন ধরেই অভিযোগ করে আসছিলেন যে, তৎকালীন সরকারের ঘনিষ্ঠ ও প্রভাবশালী মহল বিভিন্ন অনিয়মের মাধ্যমে ব্যাংক থেকে বিপুল অঙ্কের অর্থ বের করে নিয়েছেন, যার একটি বড় অংশ বিদেশে পাচার হয়ে গেছে। সেই সময়ে খেলাপি ঋণ কাগজে-কলমে কম দেখানোর জন্য একের পর এক নীতি গ্রহণ করা হয়েছিল। তবে সরকার পরিবর্তনের পর বাংলাদেশ ব্যাংক সেই নীতি থেকে সরে এসে প্রকৃত চিত্র প্রকাশ করতে শুরু করেছে। ফলে খেলাপি ঋণের যে ভয়াবহতা এতদিন আড়ালে ছিল, তা এখন প্রকাশ্যে এসেছে।
এরই মধ্যে খেলাপি ঋণে জর্জরিত পাঁচটি ইসলামি ধারার ব্যাংককে একীভূত করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ব্যাংক। এসব ব্যাংকের গড় খেলাপি ঋণ প্রায় ৭০ শতাংশ, যা শুধু ওই ব্যাংকগুলোকেই নয়, পুরো ব্যাংকিং ব্যবস্থাকেই আরও নড়বড়ে করে তুলেছে। এই অবস্থায় খেলাপি ঋণের ঊর্ধ্বগতি বাংলাদেশের অর্থনীতির জন্য গভীর ঝুঁকি তৈরি করছে এবং তা দেশের আর্থ-সামাজিক স্থিতিশীলতাকেও প্রশ্নের মুখে ঠেলে দিচ্ছে।
কী কারণে খেলাপি ঋণ এমন তীব্র বৃদ্ধি পেয়েছে?
বাংলাদেশের ব্যাংক খাতে খেলাপি ঋণ অস্বাভাবিক হারে বাড়ার পেছনে রয়েছে একাধিক কাঠামোগত ও নীতিগত দুর্বলতা। প্রথমতঃ ইচ্ছাকৃত খেলাপি এখন বড় একটি সমস্যা। অনেক ঋণগ্রহীতা যথেষ্ট আর্থিক সামর্থ্য থাকা সত্ত্বেও বিভিন্ন অজুহাতে ঋণ পরিশোধ করছেন না। প্রভাবশালী বা রাজনৈতিকভাবে সংযুক্ত ব্যবসায়ীদের মধ্যে এই প্রবণতা আরও বেশি দেখা যায়।
দ্বিতীয়তঃ বাংলাদেশ ব্যাংকের দেওয়া নানা ধরনের শিথিলতা বা ‘ছাড়’ খেলাপি ঋণকে আরও উসকে দিয়েছে। বিশেষ করে ২০২০ ও ২০২১ সালে মহামারি পরবর্তী সময়ে ঋণ পরিশোধে ব্যাপক ছাড় দেওয়া হয়েছিল। পরে এই সুবিধার সময়সীমা একাধিকবার বাড়ানো হয়। ফলে অনেক ঋণগ্রহীতা সময়মতো টাকা ফেরত না দিয়ে সুবিধা নেওয়ার অভ্যাস গড়ে তোলেন, যার প্রভাব আজও রয়ে গেছে।
তৃতীয়তঃ ঋণখেলাপির সময়সীমা পুনর্নির্ধারণ এবং পুনঃতফসিল নীতির অপব্যবহারও পরিস্থিতি জটিল করেছে। খেলাপি ঋণকে কাগজে-কলমে কম দেখানোর জন্য অনেক ব্যাংক ঋণ পুনঃতফসিল করে আসছিল, কিন্তু বাস্তবে সেই ঋণ আদায় হয়নি। ফলে প্রকৃত সমস্যাটি আড়ালে থেকে আরও বড় আকার ধারণ করেছে।
চতুর্থতঃ ব্যাংকের দুর্বল ব্যবস্থাপনা ও অদক্ষতা এই সঙ্কটকে আরও গভীর করে তুলেছে। সঠিক তদারকির অভাব, সুশাসনের দুর্বলতা, ঝুঁকি বিশ্লেষণে দুর্বলতা এবং ঋণ আদায়ে উদাসীনতা অনেক ব্যাংককে খেলাপি ঋণের ফাঁদে ফেলেছে। বিশেষ করে রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোতে প্রশাসনিক দুর্বলতা ও আর্থিক কেলেঙ্কারির কারণে খেলাপি ঋণ আরও বৃদ্ধি পাচ্ছে।
এছাড়া রাজনৈতিক প্রভাব ও দুর্নীতি ব্যাংক খাতের সুশাসনকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করেছে। দীর্ঘদিন ধরে রাজনৈতিক বিবেচনায় পরিচালনা পর্ষদে নিয়োগ এবং বড় অঙ্কের ঋণ অনুমোদনের ঘটনা ঘটেছে। এর ফলে ব্যাংকগুলো প্রায়ই এমন গ্রাহকদের ঋণ দিয়েছে, যাদের ঋণ ফেরত দেওয়ার সক্ষমতা নিয়ে গুরুতর সন্দেহ ছিল। একই সঙ্গে অনেক ব্যবসায়ীর আর্থিক অবস্থা দুর্বল হওয়ায় এবং সাম্প্রতিক অর্থনৈতিক মন্দার কারণে তারা সময়মতো ঋণ পরিশোধ করতে পারছেন না। বৈদেশিক মুদ্রার সংকট, উচ্চ মূল্যস্ফীতি, উৎপাদন ব্যয় বৃদ্ধি এবং রপ্তানি আয়ের অনিশ্চয়তা ব্যবসায়ীদের ওপর বাড়তি চাপ সৃষ্টি করেছে।
পরিশেষে বলা যায় আইনি ও নিয়ন্ত্রক ব্যবস্থার দুর্বলতাও এই পরিস্থিতির জন্য দায়ী। ঋণ আদায় সংক্রান্ত মামলা বছরের পর বছর ঝুলে থাকে, রিকভারি ট্রাইব্যুনালগুলো কার্যকরভাবে কাজ করতে পারে না, আর ঋণখেলাপিদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা প্রায় নেই বললেই চলে। এর ফলে ঋণগ্রহীতাদের মধ্যে ঋণ পরিশোধ না করার প্রবণতা আরও বেড়েছে।
এই বহুমাত্রিক কারণগুলো মিলেই খেলাপি ঋণকে এক অনিয়ন্ত্রিত মাত্রায় পৌঁছে দিয়েছে। এর ফলে ব্যাংকগুলো তারল্য সংকটে পড়ছে, আমানতকারীদের টাকা ফেরত দেওয়ায় সমস্যা হচ্ছে এবং নতুন ঋণ দেওয়ার সক্ষমতাও সীমিত হয়ে পড়ছে। এর সরাসরি প্রভাব পড়ছে বিনিয়োগ, কর্মসংস্থান ও সামগ্রিক অর্থনৈতিক প্রবৃদ্ধির ওপর। বিশেষজ্ঞরা সতর্ক করছেন, যদি এখনই কাঠামোগত সংস্কার ও কঠোর ঋণ পুনরুদ্ধার প্রক্রিয়া চালু না হয়, তবে খেলাপি ঋণ দেশের অর্থনীতিকে আরও গভীর সঙ্কটে ফেলবে।
ব্যাংক ও অর্থনীতির ওপর খেলাপি ঋণের প্রভাব:
বর্তমানে বাংলাদেশের ব্যাংক খাতের বিপুল পরিমাণ খেলাপি ঋণ ব্যাংকের আর্থিক স্থিতিশীলতা, তারল্য এবং নতুন ঋণ বিতরণের সক্ষমতাকে মারাত্মকভাবে প্রভাবিত করছে। মূলধন ও লাভজনকতার ওপর এই চাপ ব্যাংকগুলোর ক্ষমতাকে সীমিত করছে, যা আমানতকারীদের আস্থা কমিয়ে দিচ্ছে। যখন ব্যাংকগুলো খেলাপি ঋণ মোকাবিলা করতে ব্যর্থ হয়, তখন সাধারণ মানুষ ও ব্যবসায়ীরা ব্যাংকের ওপর বিশ্বাস হারায়, আর এটাই ব্যাংকিং খাতের স্থিতিশীলতার জন্য একটি বড় হুমকি।
খেলাপি ঋণ শুধু ব্যাংকগুলোকেই প্রভাবিত করছে না, বরং দেশের অর্থনীতির সামগ্রিক গতি ও স্থিতিশীলতাকেও বিপন্ন করছে। নতুন ঋণ দেওয়ার সক্ষমতা কমে যাওয়ায় বিনিয়োগে বাঁধা সৃষ্টি হচ্ছে, উৎপাদনমুখী শিল্প প্রতিষ্ঠানগুলোতে অর্থের সঙ্কট দেখা দিচ্ছে এবং অনেক শিল্প ও ব্যবসা প্রতিষ্ঠানে উৎপাদন কমে যাচ্ছে ফলে কর্মসংস্থান ধরে রাখতে পারছে না। এর প্রভাবে দেশের সামষ্টিক প্রবৃদ্ধি, বাণিজ্য এবং অর্থনীতির ধারাবাহিকতা কমে যাচ্ছে।
ব্যাংকের তারল্য সংকট শুধু ঋণগ্রহীতার ওপর প্রভাব ফেলে না, বরং বাজারে নগদ প্রবাহকে সীমিত করে এবং আর্থিক খাতের উপর নেতিবাচক প্রভাব তৈরি করে। খেলাপি ঋণ যখন দ্রুত বাড়ে, তখন ব্যাংকগুলোর সম্পদের মান কমতে পারে এবং অনেক ঋণ ‘খারাপ’ বা ‘ক্ষতি’ হিসেবে চিহ্নিত হয়ে পুনরুদ্ধারের সম্ভাবনা কমে যায়। এর ফলে ব্যাংকগুলোর আর্থিক সক্ষমতা হ্রাস পায়, নতুন ঋণ প্রদানের সীমাবদ্ধতা দেখা দেয়, আর সামগ্রিক অর্থনৈতিক কার্যক্রম মন্থর হয়ে যায়।
বিশেষজ্ঞরা সতর্ক করেছেন, যদি খেলাপি ঋণের এই বৃদ্ধিকে নিয়ন্ত্রণ করা না হয়, তবে এটি শুধু ব্যাংক খাতের স্থিতিশীলতাকে হুমকির মুখে ফেলবে না, বরং দেশের অর্থনীতিকেও দীর্ঘমেয়াদে সংকটের মধ্যে ফেলে দেবে। বর্তমান পরিস্থিতি প্রমাণ করছে, খেলাপি ঋণ কেবল একটি ব্যাংকিং সমস্যা নয়, এটি দেশের অর্থনৈতিক নিরাপত্তার জন্য একটি গভীর চ্যালেঞ্জ, যা দ্রুত কাঠামোগত সংস্কার ও কার্যকর ঋণ পুনরুদ্ধার ব্যবস্থার দাবি করছে।
খেলাপি ঋণ কমানোর জন্য প্রয়োজনীয় পদক্ষেপ সমূহ:
বাংলাদেশের ব্যাংক খাতে খেলাপি ঋণ কমানোর জন্য সুশাসন, স্বচ্ছতা এবং জবাবদিহিতা নিশ্চিত করা অত্যন্ত জরুরি। ব্যাংকের পরিচালনা ব্যবস্থায় সততা ও জবাবদিহিতা বজায় থাকলে ঋণ বিতরণে অনিয়ম এবং দুর্নীতির সুযোগ কমে আসে। একই সঙ্গে খেলাপি ঋণগ্রহীতাদের বিরুদ্ধে কঠোর এবং কার্যকর আইনি ব্যবস্থা নেওয়া প্রয়োজন। ঋণ আদায় প্রক্রিয়াকে দ্রুত ও কার্যকর করার জন্য ব্যাংকগুলোকে আধুনিক কৌশল ও প্রক্রিয়া গ্রহণ করতে হবে।
ঋণ ব্যবস্থাপনার দক্ষতা বৃদ্ধি করাও অত্যন্ত গুরুত্বপূর্ণ। নতুন ঋণ প্রদানের সময় ঋণগ্রহীতার চরিত্র, আর্থিক সক্ষমতা, ব্যবসায়িক শর্ত, মূলধন এবং জামানত যাচাই, ঋণের এই পাঁচটি ধাপ সঠিক ভাবে বিবেচনা করতে হবে। এর ফলে ব্যাংক নিশ্চিত হতে পারবে যে, ঋণ গ্রহণকারী যথাযথভাবে ঋণ পরিশোধের সক্ষমতা রাখে এবং এতে খেলাপি ঋণ কমে আসবে।
বাংলাদেশ ব্যাংককে খেলাপি ঋণ নিয়ন্ত্রণ ও তদারকিতে আরও শক্তিশালী ভূমিকা পালন করতে হবে। ব্যাংকগুলোর প্রভিশন ঘাটতি পূরণ করা এবং আর্থিক অবস্থাকে শক্তিশালী করা অত্যন্ত জরুরি। প্রয়োজনে খেলাপি ঋণ আদায়ের জন্য নতুন আইন প্রণয়ন এবং ব্যাংকের নিজস্ব সম্পদ ব্যবস্থাপনা কৌশল গ্রহণ করতে হবে যেমন: ঋণ পুনঃতফসিল, সম্পদ বিক্রয় বা কারখানা হস্তান্তর করে ঋণ পুনরুদ্ধার।
ঋণ শ্রেণিকরণ ও রিপোর্টিং প্রক্রিয়ায় স্বচ্ছতা ও ধারাবাহিকতা বজায় রাখা অপরিহার্য। ৩০ সেপ্টেম্বর ২০২৪-এর পর প্রণীত বিধানগুলো যথাযথভাবে বাস্তবায়ন করতে হবে। ব্যাংকগুলোর সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় রাজনৈতিক চাপ বা প্রভাব যেন না থাকে, তা নিশ্চিত করতে হবে। এর ফলে ব্যাংকগুলো স্বায়ত্তশাসিতভাবে কাজ করতে পারবে, ঝুঁকি নির্ধারণ ও নিয়ন্ত্রণ আরও কার্যকর হবে এবং গ্রাহকদের আস্থা আরো বৃদ্ধি পাবে।
সুশাসন, স্বচ্ছতা, দক্ষ ঋণ ব্যবস্থাপনা এবং কার্যকর নিয়ন্ত্রণ ব্যবস্থা গ্রহণের মাধ্যমে ব্যাংকিং খাতের স্থিতিশীলতা ফিরিয়ে আনা সম্ভব। এটি শুধু ব্যাংকগুলোর আর্থিক সক্ষমতাকে শক্তিশালী করবে না, বরং দেশের অর্থনীতির জন্যও একটি নিরাপদ ও স্থিতিশীল পরিবেশ তৈরি করবে।
বাংলাদেশের ব্যাংক খাত আজ খেলাপি ঋণ তীব্র বৃদ্ধির কারণে এক সংকটময় অবস্থার মুখোমুখি। এই ঋণ শুধু ব্যাংকের আর্থিক স্থিতিশীলতা ও তারল্যকে ক্ষতিগ্রস্ত করছে না, বরং সামগ্রিক অর্থনীতি, বিনিয়োগ, কর্মসংস্থান এবং প্রবৃদ্ধিকেও প্রভাবিত করছে। দীর্ঘদিনের দুর্বল শাসন, রাজনৈতিক প্রভাব, অদক্ষ ঋণ ব্যবস্থাপনা এবং কার্যকর নিয়ন্ত্রণের অভাব এই সমস্যা আরও জটিল করেছে।
এই সমস্যার স্থায়ী সমাধানের জন্য সুশাসন, স্বচ্ছতা, জবাবদিহিতা এবং কঠোর তদারকি অপরিহার্য। ব্যাংকগুলোকে ঋণ বিতরণে যথাযথ যাচাই-পর্যালোচনা চালাতে হবে, ঋণগ্রহীতাদের আর্থিক সক্ষমতা ও জামানত যাচাই নিশ্চিত করতে হবে এবং খেলাপি ঋণ আদায়ের জন্য কার্যকর আইন ও প্রক্রিয়া চালু করতে হবে। কেন্দ্রীয় ব্যাংকও আরও শক্তিশালী তদারকি ও সমন্বয় নিশ্চিত করলে ব্যাংক খাতের স্থিতিশীলতা ফিরিয়ে আনা সম্ভব।
যদি এখনই প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়, তবে খেলাপি ঋণ নিয়ন্ত্রণে আনা সম্ভব এবং ব্যাংকিং খাত ও দেশের অর্থনীতি দু‘টোই স্থিতিশীল ও শক্তিশালী হতে পারে। আর্থিক শৃঙ্খলা ও স্বচ্ছতা প্রতিষ্ঠা করা না গেলে খেলাপি ঋণ কেবল ব্যাংকগুলোর বোঝা নয়, বরং দেশের অর্থনৈতিক নিরাপত্তার জন্যও গভীর হুমকি হিসেবে দাঁড়াবে।

