অন্তর্বর্তী সরকার বজ্রপাত থেকে সাধারণ মানুষকে রক্ষার জন্য পূর্ববর্তী সরকারের নেওয়া বজ্রনিরোধক দণ্ড বা লাইটিং অ্যারেস্টার প্রকল্প বন্ধ করেছে। এর পরিবর্তে জনগণকে সচেতন করা এবং মোবাইল ফোনের মাধ্যমে আগাম সতর্কবার্তা পৌঁছে দেওয়ার ওপর জোর দেওয়া হচ্ছে।
গতকাল শনিবার দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক ই আজম বাসসকে জানান, “বজ্রনিরোধক দণ্ড দেশের প্রেক্ষাপটে কার্যকর নয়। এগুলো মাত্র ১০০ মিটার ব্যাসার্ধে কাজ করে। সারা দেশের সুরক্ষার জন্য এটি যথেষ্ট নয়। এত বিপুল সংখ্যক দণ্ড স্থাপন করা ব্যয়বহুল এবং অকার্যকর। তাই সরকার মনে করে, মানুষের সচেতনতা বৃদ্ধি এবং আধুনিক প্রযুক্তির মাধ্যমে আগাম সতর্কতা দেওয়া বেশি ফলপ্রসূ হবে।”
ফারুক ই আজম আরও বলেন, “নতুন প্রযুক্তির মাধ্যমে বজ্রপাত হওয়ার দুই ঘণ্টা আগে সতর্কবার্তা দেওয়া সম্ভব। এখন লক্ষ্য হচ্ছে, কীভাবে স্বল্পতম সময়ে সর্বাধিক মানুষের কাছে এই বার্তা পৌঁছানো যায়। বিশেষত কৃষক ও খেটে খাওয়া মানুষের কাছে মোবাইল ফোনের মাধ্যমে বার্তা পৌঁছে দেওয়ার উদ্যোগ নেওয়া হচ্ছে। এ বিষয়ে বিশেষজ্ঞদের সঙ্গে একাধিক বৈঠক হয়েছে এবং দ্রুত চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।”
২০১৫ সালে বাংলাদেশে বজ্রপাতকে আনুষ্ঠানিকভাবে ‘দুর্যোগ’ হিসেবে ঘোষণা করা হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া বিজ্ঞান বিভাগের সমীক্ষায় দেশের ১৫টি জেলা বজ্রপাত-প্রবণ হিসেবে চিহ্নিত হয়েছে। এগুলো হলো: নেত্রকোণা, কিশোরগঞ্জ, জামালপুর, ময়মনসিংহ, সুনামগঞ্জ, হবিগঞ্জ, রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, পাবনা, নওগাঁ, সিরাজগঞ্জ, বগুড়া, গাইবান্ধা, লালমনিরহাট ও দিনাজপুর।
পূর্ববর্তী সরকার ২০২১-২২ অর্থবছরে এসব জেলার ১৩৫টি উপজেলায় ৩৩৫টি বজ্রনিরোধক দণ্ড স্থাপনের উদ্যোগ নিয়েছিল। প্রকল্পটির জন্য বরাদ্দ করা হয়েছিল ১৯ কোটি ৫০ লাখ টাকা। তবে অন্তর্বর্তী সরকার বাস্তবতার প্রেক্ষিতে এই কর্মসূচি কার্যকর নয় বলে মনে করে বাতিল করেছে এবং বিকল্প কৌশল গ্রহণ করেছে।

