হাই-টেক পার্কে প্রযুক্তি সেবা ও আধুনিক অবকাঠামো গড়ে তুলতে দক্ষিণ কোরিয়ার দুটি প্রতিষ্ঠানের সঙ্গে সমঝোতা চুক্তি করেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত এডিএন টেলিকম লিমিটেড। কোম্পানিগুলো হলো—পিবিসি কোম্পানি লিমিটেড এবং সিএনডি মটরস কোম্পানি লিমিটেড।
আজ রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) পাঠানো এক বার্তায় এডিএন টেলিকম এ তথ্য জানায়। চুক্তির আওতায় তিনটি বড় প্রকল্পে কাজ হবে। এর মধ্যে রয়েছে টেকসই অবকাঠামো, নবায়নযোগ্য শক্তির ব্যবহার এবং স্মার্ট গতিশীলতা বৃদ্ধি। কোম্পানি সূত্রে জানা গেছে, কোরিয়ান এই দুই প্রতিষ্ঠান বাংলাদেশে প্রযুক্তিগত অগ্রগতি ও টেকসই প্রবৃদ্ধি নিশ্চিত করতে একাধিক সেবা দেবে। এর মধ্যে রয়েছে বৈদ্যুতিক থ্রি-হুইলার সরবরাহ, বুদ্ধিভিত্তিক ট্র্যাফিক ব্যবস্থাপনা নিয়ন্ত্রণ, এআই-ভিত্তিক ট্র্যাফিক সিগন্যাল ব্যবস্থা চালু এবং সৌর স্ট্রিটলাইট স্থাপন। এসব উদ্যোগ নগর জীবনে পরিবেশবান্ধব যানবাহন ও নিরাপদ সড়ক ব্যবস্থাপনা নিশ্চিত করবে।
সমঝোতা অনুযায়ী, এডিএন টেলিকম হাই-টেক পার্কের তিনটি প্রকল্পে প্রাথমিক পদক্ষেপ নেবে। পাশাপাশি তারা সংযোজন কারখানা স্থাপন করবে এবং বাজার উন্নয়ন ও প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করবে। অন্যদিকে, দক্ষিণ কোরিয়ার প্রতিষ্ঠানগুলো অত্যাধুনিক প্রযুক্তি, সরঞ্জাম ও কারিগরি দক্ষতা সরবরাহ করবে।
প্রযুক্তি খাতের সঙ্গে সংশ্লিষ্টরা বলছেন, এ ধরনের চুক্তি বাংলাদেশে হাই-টেক শিল্পের প্রবৃদ্ধি বাড়াবে। বিশেষ করে নবায়নযোগ্য শক্তি ও স্মার্ট পরিবহন খাতে বিদেশি প্রযুক্তি আসলে স্থানীয় দক্ষতা উন্নয়ন এবং কর্মসংস্থান তৈরির নতুন সুযোগ তৈরি হবে।

