রাজস্ব আহরণ বাড়াতে আয়কর আইনজীবীদের সহযোগিতা কামনা করেছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। করদাতাদের তথ্য গোপন না করে সরকারকে সহায়তা করার আহ্বানও জানান তিনি।
আজ রোববার রাজধানীর আগারগাঁওয়ে রাজস্ব ভবনে ট্যাক্স রিপ্রেজেনটেটিভ ম্যানেজমেন্ট সিস্টেম (টিআরএমএস) সফটওয়্যার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ আহ্বান জানান তিনি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান আবদুর রহমান খান। অর্থ উপদেষ্টা আইনজীবীদের উদ্দেশে বলেন, “আপনারা সরকারকে অন্ধকারে রাখবেন না, সহযোগিতা করুন। ক্লায়েন্টকে সঠিকভাবে সেবা দিলে আয় কমবে না। বরং ঘুরপথে পরে অর্থ নেওয়ার চেয়ে স্বচ্ছভাবে কাজ করলে করদাতারাও অসুবিধা মনে করবেন না।” তিনি আরও বলেন, “আমরা বলছি না আপনারা বিনা পারিশ্রমিকে কাজ করবেন। আপনারা চার্জ নিতে পারেন। তবে যদি মানসম্মত সেবা দেন, কেউ আপত্তি করবে না।”
টিআরএমএস সফটওয়্যারকে দেশের অর্থনৈতিক খাতে একটি মাইলফলক উল্লেখ করে তিনি বলেন, “আজকের উদ্বোধন অত্যন্ত গুরুত্বপূর্ণ। অনেক সময় আমরা সফটওয়্যার বা অ্যাপ তৈরি করতে বিদেশি প্রতিষ্ঠানকে নিয়োগ করি। এতে নির্ভরশীলতা বাড়ে, ব্যয়ও বেশি হয়। অথচ এ ধরনের উদ্যোগ দেশীয়ভাবে বাস্তবায়ন করা হলে তা সবার জন্য মঙ্গলজনক হয়।” তিনি ব্যাখ্যা করেন, সফটওয়্যারটি করদাতা এবং কর সংগ্রাহক উভয়ের জন্যই সুবিধা বয়ে আনবে। ব্যক্তি বা প্রতিষ্ঠান পর্যায়ে কর প্রদানে সহজতা তৈরি হবে। পাশাপাশি রাজস্ব কর্মকর্তাদের কাজও হবে স্বাচ্ছন্দ্যময়।
এনবিআর চেয়ারম্যান আবদুর রহমান খান অনুষ্ঠানে বলেন, “আগামী বছর থেকে করপোরেট ট্যাক্সও অনলাইনে সাবমিশন করা যাবে। আয়কর ও করপোরেট ট্যাক্স উভয়ের জন্য অ্যাপ তৈরি করার কাজও এগিয়ে চলছে। এতে করদাতাদের দৌড়াদৌড়ি কমবে। ঘরে বসেই শতাধিক ক্লায়েন্টের রিটার্ন জমা দেওয়া যাবে। সময় ও খরচ বাঁচবে, আর ভুল হিসাবের অভিযোগও থাকবে না।”

