বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) অনলাইন ওয়ান স্টপ সার্ভিস (ওএসএস) সিস্টেমে নতুন করে নিবন্ধন অধিদপ্তরের পাঁচটি সেবা সংযুক্ত হয়েছে। গতকাল রোববার রাজধানীর আগারগাঁওয়ে বিনিয়োগ ভবনের সম্মেলন কক্ষে এক অনুষ্ঠানে এ সেবাগুলো আনুষ্ঠানিকভাবে চালু করা হয়।
নতুন সংযুক্ত সেবাগুলো হলো— ভূমি ক্রয় দলিল, ইজারা দলিল, চুক্তিনামা নিবন্ধন দলিল, বায়না দলিল এবং আম মোক্তারনামা দলিল ও নকল সরবরাহ। এর ফলে বিডার ওএসএস প্ল্যাটফর্মে এখন মোট ৪৭টি সংস্থার ১৪২টি সেবা পাওয়া যাবে। এর মধ্যে বিডার নিজস্ব সেবা রয়েছে ২৪টি।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিডার নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন। বিশেষ অতিথি ছিলেন ভূমি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এ এস এম সালেহ আহমেদ এবং আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের সচিব মো. লিয়াকত আলী মোল্লা।
চৌধুরী আশিক মাহমুদ জানান, আগামী ১৬ ডিসেম্বরের পর থেকে নিবন্ধন অধিদপ্তরের এসব সেবা আর ম্যানুয়ালি দেওয়া হবে না। তিন মাসের মধ্যে এসব সেবার অগ্রগতি পর্যালোচনা করা হবে। তিনি বলেন, বিডা, বেজাসহ সব ইনভেস্টমেন্ট প্রমোশন এজেন্সির (আইপিএ) সেবা একটি সিঙ্গেল প্ল্যাটফর্মে আনার উদ্যোগ নেওয়া হয়েছে। আশা করা হচ্ছে চলতি বছরের শেষ নাগাদ একক উইন্ডো থেকেই সব আইপিএ সেবা পাওয়া যাবে।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন বিডার নির্বাহী সদস্য শাহ মোহাম্মদ মাহবুব। এ ছাড়া বক্তব্য দেন নিবন্ধন অধিদপ্তরের মহাপরিদর্শক কাজী আবদুল হান্নান এবং বিডার মহাপরিচালক জীবনকৃষ্ণ সাহা রায়।

