বাংলাদেশি পণ্যের ওপর যুক্তরাষ্ট্রে আরোপিত ২০ শতাংশ পাল্টা শুল্ক আরও কমানোর বিষয়ে অগ্রগতি হয়েছে। বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন জানিয়েছেন, বাণিজ্য ঘাটতি কমানো গেলে যুক্তরাষ্ট্র শুল্ক কমাতে সম্মত হবে। শিগগিরই দুই দেশের মধ্যে বাণিজ্য চুক্তি সই হতে পারে।
গতকাল রোববার বাণিজ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে যুক্তরাষ্ট্রের সহকারী বাণিজ্য প্রতিনিধি (ইউএসটিআর) ব্রেন্ডেন লিঞ্চের নেতৃত্বে প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য দেন তিনি। বৈঠকে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান, বাণিজ্য সচিব মাহবুবুর রহমানসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
শেখ বশিরউদ্দীন বলেন, যুক্তরাষ্ট্র ইতোমধ্যে কৃষি, জ্বালানি ও বিমান খাতে বাংলাদেশ থেকে কেনাকাটা বাড়ানোর প্রতিশ্রুতি দিয়েছে। এসব খাতে অগ্রগতি নিয়েই বৈঠকে আলোচনা হয়েছে। তিনি জানান, কেনাকাটার ক্ষেত্রে ইতিবাচক ফল আসতে শুরু করেছে, যা দুই দেশের বাণিজ্য ঘাটতি কমাতে সহায়ক হবে। মার্কিন প্রতিনিধি দলটি তিন দিনের সফরে ঢাকায় এসেছে। সফরকালে তারা বাণিজ্য মন্ত্রণালয়ের পাশাপাশি অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা, পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন এবং পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়ামের সঙ্গেও বৈঠক করবে।
বাণিজ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, গত ৭ আগস্ট যুক্তরাষ্ট্র পাল্টা শুল্ক কমিয়ে ২০ শতাংশ কার্যকর করেছে। তবে এখনো চূড়ান্ত কোনো চুক্তি হয়নি। বাংলাদেশ চাইছে শুল্ক অন্তত ১৫ শতাংশে নামিয়ে আনতে। এ লক্ষ্যে বাণিজ্য মন্ত্রণালয় সময় চাইলে, যুক্তরাষ্ট্র সাড়া দিয়ে প্রতিনিধি দল পাঠিয়েছে। বাণিজ্য মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান, ইউএসটিআরের সঙ্গে আলোচনার ভিত্তিতে একটি খসড়া চুক্তি তৈরি হয়েছে। নতুন আলোচনায় দুই পক্ষ একমত হলে তা সংশোধন করে চূড়ান্ত করা হবে।
বাংলাদেশি পণ্যের ওপর প্রথমে ৩৭ শতাংশ এবং পরে ৩৫ শতাংশ পাল্টা শুল্ক আরোপ করা হয়। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আলোচনার সুযোগ রেখে এ হার নির্ধারণ করেছিলেন। ওয়াশিংটনে তৃতীয় দফা বৈঠকের পর গত ৩১ জুলাই শুল্ক কমিয়ে ২০ শতাংশে আনা হয়।

