চীনের তথাকথিত অতিরিক্ত শিল্প উৎপাদন রোধে চাপ দেওয়ার আহ্বান জানিয়েছেন মার্কিন কংগ্রেসের ডেমোক্র্যাট সদস্যরা। তাঁদের মতে, যেকোনো দ্বিপক্ষীয় বাণিজ্যচুক্তিতে এ বিষয়টি বাধ্যতামূলক শর্ত হিসেবে থাকতে হবে।
গত শুক্রবার প্রতিনিধি পরিষদের চীনবিষয়ক সিলেক্ট কমিটির সদস্যরা মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট ও শীর্ষ বাণিজ্য কর্মকর্তাদের কাছে পাঠানো এক চিঠিতে বলেন, চীনের অতিরিক্ত উৎপাদন যুক্তরাষ্ট্রের শিল্প, কর্মসংস্থান ও বৈশ্বিক বাজারের স্থিতিশীলতার জন্য মারাত্মক হুমকি হয়ে উঠছে।
ডেমোক্র্যাটরা চিঠিতে উল্লেখ করেন, যুক্তরাষ্ট্রের ইস্পাত ও সৌর প্যানেল খাতে চীনের উৎপাদনকৌশলের বিরূপ প্রভাব স্পষ্ট। যদি এই প্রবণতা বন্ধ না হয়, তবে মার্কিন শিল্প ও চাকরি আরও ক্ষতিগ্রস্ত হবে। তাই আলোচনায় বিষয়টি অন্যতম অগ্রাধিকার হতে হবে। একই সঙ্গে মিত্র দেশগুলোর সঙ্গে সমন্বিতভাবে প্রতিক্রিয়ামূলক ব্যবস্থা গড়ে তুলতে এবং শুল্কনীতিতে ভারসাম্যপূর্ণ পদক্ষেপ নিতে আহ্বান জানানো হয়।
চীন দেশীয় চাহিদার তুলনায় অনেক বেশি শিল্পপণ্য উৎপাদন করছে। এর ফলে বিশ্ববাজারে চীনের সস্তা পণ্যে সয়লাব হয়ে যাচ্ছে। এতে অন্য দেশগুলো প্রতিযোগিতায় পিছিয়ে পড়ছে। যদিও বেইজিং এসব অভিযোগ নাকচ করেছে, তবে সম্প্রতি কিছু খাতে মূল্যস্ফীতি কমাতে ও মূল্যযুদ্ধ ঠেকাতে অভিযান শুরু করেছে। গত রোববার স্পেনের মাদ্রিদে চীনের ভাইস প্রিমিয়ার হে লিফেংয়ের নেতৃত্বাধীন দলের সঙ্গে বৈঠক করেন মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট, বাণিজ্য প্রতিনিধি জেমিসন গ্রিয়ার ও বাণিজ্যমন্ত্রী হাওয়ার্ড লাটনিক। তবে যুক্তরাষ্ট্রের অর্থ ও বাণিজ্য মন্ত্রণালয় এ বিষয়ে কোনো মন্তব্য করেনি।
ডেমোক্র্যাটদের অভিযোগ, চীনের অতিরিক্ত উৎপাদন শুধু বিশ্ববাজারেই প্রভাব ফেলছে না, বরং যুক্তরাষ্ট্রে শিল্পকারখানা বন্ধ হয়ে যাওয়া ও কর্মসংস্থান কমার আশঙ্কা তৈরি করছে। তাঁদের ভাষায়, চীনকে নিয়ন্ত্রণ না করলে বৈশ্বিক বাণিজ্যে অস্থিতিশীলতা আরও বাড়বে। ট্রাম্প প্রশাসনের সময়েও শুল্কনীতি আলোচনায় উঠে এসেছিল। সে সময় দক্ষিণ কোরিয়া ও জাপানের মতো মিত্র দেশগুলোর ওপরও শুল্ক আরোপ করা হয়েছিল। পরে বিনিয়োগ প্রতিশ্রুতি বা পারস্পরিক শুল্কছাড়ের বিনিময়ে কিছু শুল্ক শিথিল করা হয়।
কাঠামোগত অতি উৎপাদন কী: একটি দেশ যখন অভ্যন্তরীণ চাহিদার তুলনায় অনেক বেশি উৎপাদন করে এবং বাড়তি পণ্য বিশ্ববাজারে রপ্তানি করে, তখন তাকে কাঠামোগত অতি উৎপাদন বলা হয়। এর প্রভাব তিনভাবে পড়ে:
১. বিশ্ববাজারে দামে চাপ তৈরি হয়, অন্য দেশের শিল্প ক্ষতিগ্রস্ত হয়।
২. যুক্তরাষ্ট্রের মতো দেশে শিল্পকারখানা বন্ধ হয়ে কর্মসংস্থান হ্রাস পায়।
৩. বৈশ্বিক বাণিজ্যে অস্থিতিশীলতা তৈরি হয়।

