সার্কভুক্ত দেশগুলোর অংশগ্রহণে রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় শুরু হচ্ছে সাউথ এশিয়া ট্রেড ফেয়ার-২০২৫। আগামী বৃহস্পতিবার সকাল ১১টায় মেলার উদ্বোধন করবেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন।
এফবিসিসিআই থেকে আজ সোমবার পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, মেলায় তৈরি পোশাক ও বস্ত্র, জেমস ও জুয়েলারি, কসমেটিকস, চামড়াজাত পণ্য, হোম অ্যাপ্লায়েন্স, কিচেনওয়্যার, প্রক্রিয়াজাত খাদ্য ও ইলেকট্রনিক পণ্য প্রদর্শিত হবে। মেলা প্রতিদিন সকাল ১১টা থেকে রাত ১০টা পর্যন্ত দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকবে। এটি চলবে ২১ সেপ্টেম্বর পর্যন্ত।
সাউথ এশিয়া ট্রেড ফেয়ার যৌথভাবে আয়োজন করছে সার্ক চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এসসিসিআই) ও ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এফবিসিসিআই)। উদ্বোধনী অনুষ্ঠানে সার্ক সেক্রেটারিয়েটের পরিচালকসহ বিভিন্ন দেশের ব্যবসায়ী নেতারা উপস্থিত থাকবেন।
দক্ষিণ এশিয়ার শতাধিক প্রতিষ্ঠান তাদের পণ্য ও সেবা প্রদর্শন করবে। শুধু পণ্য প্রদর্শনী নয়, মেলায় থাকছে বিজনেস নেটওয়ার্কিং, বিটুবি সেশন এবং বিষয়ভিত্তিক আলোচনা সভা। এসব আয়োজন ব্যবসায়ীদের পারস্পরিক যোগাযোগ ও বাণিজ্য সম্প্রসারণে সহায়তা করবে বলে আশা করছে আয়োজকরা।

