কক্সবাজারে দীর্ঘ ৯ বছর পেরিয়ে গেলেও পরিকল্পিত তিনটি ট্যুরিজম পার্কের একটিও চালু হয়নি। কবে এগুলো শেষ হবে, সে বিষয়ে এখনও স্পষ্ট পরিকল্পনা নেই। ইতোমধ্যে একটি প্রকল্প বাতিল করা হয়েছে।
দেশি-বিদেশি পর্যটক আকর্ষণের লক্ষ্য নিয়ে ২০১৬ সালে কক্সবাজারের প্রায় ১১,০০০ একর জমিতে তিনটি ট্যুরিজম পার্ক করার উদ্যোগ নেয় বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ কিন্তু দীর্ঘ সময় পেরিয়ে গেলেও কোনো পার্ক বাস্তবায়িত হয়নি। প্রাথমিক পরিকল্পনা অনুযায়ী টেকনাফ ও মহেশখালীতে নির্মাণের কথা ছিল—সাবরাং ট্যুরিজম পার্ক (৯৬৭ একর), নাফ ট্যুরিজম পার্ক (২৭১ একর) এবং সোনাদিয়া ইকো ট্যুরিজম পার্ক (৯,৪৬৭ একর)। তবে বর্তমান অন্তর্বর্তী সরকার পরিবেশ ও জীববৈচিত্র্য সংরক্ষণের স্বার্থে সোনাদিয়া ইকো ট্যুরিজম পার্ক বাতিল করেছে। জমি বেজার থেকে ফেরত নেওয়া হয়েছে।
বেজা কর্মকর্তারা জানিয়েছেন, ট্যুরিজম পার্ক প্রকল্পগুলো তাদের অগ্রাধিকারের তালিকায় নেই। নাফ ট্যুরিজম পার্কের জন্য (২৭১ একর) গত বছর বেজা পিপিপি মডেলে ডেভেলপার খুঁজলেও কোনো প্রতিষ্ঠান আগ্রহ দেখায়নি। নাফ নদীর মোহনায় জালিয়ার দ্বীপে এই পার্ক নির্মাণের পরিকল্পনা ছিল। ২০২০ সালে মহাপরিকল্পনা অনুমোদন পাওয়ার পর সেখানে হোটেল, ইকো কটেজ, কেবল কার, ঝুলন্ত সেতু, ভাসমান জেটি, শিশুপার্ক ও পানির নিচে রেস্টুরেন্ট নির্মাণের কথা বলা হয়েছিল। বেজার এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানান, “সীমান্তবর্তী অবস্থান ও নিরাপত্তা বিবেচনায় ডেভেলপার আগ্রহী হচ্ছে না। পিপিপি মডেলে আহ্বান জানানো হলেও কোনো প্রতিষ্ঠান সাড়া দেয়নি।
টেকনাফের সাবরাং ট্যুরিজম পার্কের কাজ তুলনামূলক এগিয়েছে। তবে অবকাঠামো তৈরি না হওয়ায় হোটেল-রিসোর্ট নির্মাণে গতি আসেনি। বেজার দুই বছরের অগ্রাধিকারভিত্তিক তালিকায়ও পার্কটি নেই। বেজা জানিয়েছে, সাবরাং পার্ককে আগামী ১০ বছরের মধ্যে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হবে। ইতোমধ্যে ২৮ বিনিয়োগকারীকে প্রায় ১১৯.৭৯ একর জমি বরাদ্দ দেওয়া হয়েছে। বিনিয়োগ প্রস্তাব এসেছে প্রায় ৪৬০ মিলিয়ন ডলার সমপরিমাণ।
ইফাদ গ্রুপ, ডিআইআরডি কম্পোজিট টেক্সটাইলস, পাঠওয়ারী এন্টারপ্রাইজ, ইস্ট ওয়েস্ট ট্রাভেলস অ্যান্ড ট্যুরস, ডিপটা গার্মেন্টসসহ কয়েকটি প্রতিষ্ঠান হোটেল নির্মাণের জন্য জমি নিয়েছে। তবে অবকাঠামো না থাকায় তারা কাজ শুরু করতে পারছে না। সম্প্রতি জলোচ্ছ্বাস ও বৈরী আবহাওয়ায় প্রকল্প এলাকার সুরক্ষা বাঁধ ক্ষতিগ্রস্ত হয়েছে। বেজা জানিয়েছে, সাগরের ভাঙন ঠেকাতে নতুন বিশ্লেষণ চলছে। মাস্টারপ্ল্যান পুনরায় পর্যালোচনা শেষে হোটেল নির্মাণে জমি কার্যকরভাবে হস্তান্তর করা হবে।
পরিকল্পনা অনুযায়ী পার্কটি বাস্তবায়িত হলে পর্যটন খাতে নতুন দিগন্ত উন্মোচিত হবে। প্রায় ৩৫,০০০ মানুষের কর্মসংস্থান তৈরি হবে। এখানে থাকছে পাঁচ তারকা হোটেল, ইকো-ট্যুরিজম, মেরিন অ্যাকুয়ারিয়াম, সি-ক্রুজ, বিদেশি পর্যটকদের জন্য সংরক্ষিত এলাকা, সেন্টমার্টিন ভ্রমণের ব্যবস্থা, ভাসমান জেটি, শিশু পার্ক, ইকো কটেজ, পানির নিচের রেস্টুরেন্ট ও ভাসমান রেস্টুরেন্ট। প্রধান উপদেষ্টার কার্যালয়ের বৈঠকে সিদ্ধান্ত হয়েছে, পানি উন্নয়ন বোর্ড সাবরাং পার্ক রক্ষায় স্থায়ী বাঁধ নির্মাণ করবে। বাঁধ শেষ হলে বেজা অন্যান্য অবকাঠামো উন্নয়নে কাজ শুরু করবে।
বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ ও বেজার নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন বলেন, “সাবরাং ট্যুরিজম পার্ক পর্যটনের সম্ভাবনাময় অঞ্চল। তবে বর্তমানে আমরা পাঁচটি অগ্রাধিকারভিত্তিক অর্থনৈতিক অঞ্চলের কাজ করছি, যার মধ্যে সাবরাং নেই। অবকাঠামো উন্নয়ন শেষে আরও গুরুত্ব দেওয়া হবে।” চলতি বছরের শুরুতে বেজা নির্বাহী চেয়ারম্যানের স্বল্পমেয়াদি পরিকল্পনা অনুযায়ী আগামী দুই বছরে পাঁচটি অর্থনৈতিক অঞ্চল বাস্তবায়নের পরিকল্পনা হয়েছে—চট্টগ্রামের মিরসরাইয়ে জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চল, শ্রীহট্ট, জামালপুর, মহেশখালী ও বাংলাদেশ বিশেষ অর্থনৈতিক অঞ্চল।
পর্যটন খাতের সঙ্গে যুক্তরা বলছেন, বাংলাদেশে পর্যটনের সাতটি প্রধান আকর্ষণ হলো—নদী, সাগর, পাহাড়, বন, ইতিহাস-ঐতিহ্য, ঋতুচক্রের বৈচিত্র্য ও আতিথেয়তা। তবুও প্রতিবেশী দেশের তুলনায় বিদেশি পর্যটক কম আসে। দীর্ঘসূত্রতা ও পরিকল্পনা বাস্তবায়নের ঘাটতি এ খাতকে পিছিয়ে রেখেছে।
বাংলাদেশ পর্যটন করপোরেশন বোর্ডের পরিচালক মোহিউদ্দিন হেলাল বলেন, “এক্সক্লুসিভ পর্যটন পার্ক হলে বিদেশি পর্যটক বাড়বে। বেজার প্রকল্পগুলোকে অগ্রাধিকার দেওয়া উচিত। পাঁচ হাজার পর্যটক এই জোনে গেলে প্রভাব অনেক বড়।” তিনি যোগ করেন, “পর্যটন সামগ্রিক অর্থনৈতিক উন্নয়নে বড় ভূমিকা রাখে। সঠিক ইমপ্যাক্ট অ্যানালাইসিস না হওয়া পর্যন্ত নীতি-নির্ধারকরা প্রকল্পের গুরুত্ব বুঝবে না। অনেক দেশে পর্যটনকে প্রধান খাত হিসেবে বিবেচনা করা হয়, আমাদের দেশে তা যথাযথ গুরুত্ব পায়নি।”

