আগামী ১৬ ডিসেম্বর থেকে বাণিজ্যিক জমি নিবন্ধনের সঙ্গে সম্পর্কিত পাঁচটি সেবা আর হাতে-কলমে নেওয়া যাবে না। এসব আবেদন কেবল অনলাইনে গ্রহণ করা হবে। রোববার বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী এ ঘোষণা দেন।
তিনি জানান, ভূমি ক্রয় দলিল, ইজারা চুক্তিনামা, বায়না দলিল, ভূমি-সংক্রান্ত আমমোক্তারনামা এবং নিবন্ধিত দলিলের নকল সরবরাহ—এই পাঁচটি সেবা এখন থেকে বিডার অনলাইন ওয়ান-স্টপ সার্ভিস (ওএসএস) প্ল্যাটফর্মে পাওয়া যাবে। ডিসেম্বরের পর নিবন্ধন অধিদপ্তর এসব সেবা ম্যানুয়ালি আর দেবে না।
বিডা বিনিয়োগকারীদের সুবিধার্থে বড় পদক্ষেপ নিয়েছে। নিবন্ধন অধিদপ্তরের আরও পাঁচটি সেবা যুক্ত হওয়ায় বিনিয়োগকারীদের জন্য অনলাইন সেবা আরও সহজ হবে। অনুষ্ঠানে উপস্থিত সিনিয়র সচিব এ এস এম সালেহ আহমেদ বলেন, ভূমি মন্ত্রণালয় ইতোমধ্যেই সব সেবা ডিজিটাল করেছে। সচিব মো. লিয়াকত আলী মোল্লা সঠিক ফি প্রকাশের গুরুত্ব তুলে ধরে বলেন, এতে সাধারণ মানুষের ভোগান্তি কমবে এবং দালালচক্র নিয়ন্ত্রণে আসবে।
বিডা চেয়ারম্যান আশিক চৌধুরী বলেন, “যে সেবা ইতোমধ্যেই ডিজিটাল করা হয়েছে, সেখানে ম্যানুয়াল প্রক্রিয়া চালু থাকলে তা কার্যকারিতা হারাবে। তাই ম্যানুয়াল পদ্ধতি দ্রুত বন্ধ করতে হবে। সেবাগ্রহীতাদের সচেতন করাও জরুরি।”
তিনি আরও জানান, আগামী তিন মাসের মধ্যে এসব সেবার অগ্রগতি পর্যালোচনা করা হবে। পাশাপাশি বিডা, বেজা, বেপজা ও অন্যান্য বিনিয়োগ প্রমোশন সংস্থার সেবাগুলো এক প্ল্যাটফর্মে আনার পরিকল্পনা রয়েছে। চলতি বছরের শেষ নাগাদ এই সিঙ্গেল উইন্ডো থেকে সব সেবা দেওয়ার লক্ষ্য নিয়েছে কর্তৃপক্ষ।
বর্তমানে বিডার ওএসএস প্ল্যাটফর্মে বিডার নিজস্ব ২৪টি সেবাসহ ৪৬টি প্রতিষ্ঠানের ১৩৭টি সেবা চালু আছে। নতুন পাঁচটি সেবা যুক্ত হওয়ায় প্রতিষ্ঠান সংখ্যা দাঁড়াল ৪৭ এবং মোট সেবা ১৪২টি।

