বাংলাদেশে নিযুক্ত সিঙ্গাপুরের অনাবাসিক হাইকমিশনার ডেরেক লো বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীনের সঙ্গে বৈঠক করেছেন। আজ সোমবার দুপুরে সচিবালয়ে উপদেষ্টার কার্যালয়ে এ বৈঠক হয়।
বৈঠকে দুই দেশের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ সম্পর্কের উন্নয়ন এবং পারস্পরিক সহযোগিতা জোরদারের বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন বলেন, প্রযুক্তিগত উৎকর্ষতার কারণে সিঙ্গাপুর শুধু নিজের দেশেই নয়, আন্তর্জাতিক পর্যায়েও সেবা প্রদানে অনুকরণীয়। তাদের অভিজ্ঞতা থেকে বাংলাদেশ অনেক কিছু শিখতে পারে। তিনি বাণিজ্য ও বিনিয়োগ সক্ষমতা বাড়িয়ে উভয় দেশের জন্য নতুন সুযোগ সৃষ্টি করার ওপর গুরুত্বারোপ করেন।
সিঙ্গাপুরের অনাবাসিক হাইকমিশনার ডেরেক লো বলেন, বাণিজ্য সক্ষমতা বাড়াতে তারা বাংলাদেশকে সহায়তা করতে চান। বিশেষ করে সেবা খাতের প্রযুক্তিগত উন্নয়ন এবং কর্মীদের দক্ষতা বৃদ্ধির জন্য সিঙ্গাপুর বাংলাদেশকে সহযোগিতা দেবে। বৈঠকে বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব মাহবুবুর রহমান, সিঙ্গাপুর হাইকমিশনের চার্জ দ্য অ্যাফেয়ার্স মিচেল লি এবং বাণিজ্য মন্ত্রণালয়ের যুগ্মসচিব শিবির বিচিত্র বড়ুয়া উপস্থিত ছিলেন।

