টেসলার শেয়ারে বড় উত্থান ঘটেছে। গত সোমবার যুক্তরাষ্ট্রের প্রিমার্কেট ট্রেডিংয়ে কোম্পানির শেয়ারদর বেড়েছে প্রায় ৮ শতাংশ। এই উত্থানের মূল কারণ ইলন মাস্কের নিজস্ব বিনিয়োগ। রেগুলেটরি নথিতে দেখা গেছে, মাস্ক টেসলার শেয়ার কিনেছেন প্রায় ১০০ কোটি ডলারের সমমূল্যে। তার পর থেকেই বাজারে টেসলার শেয়ারের দাম লাফিয়ে বাড়ছে।
এক্সচেঞ্জের তথ্য অনুযায়ী, টেসলায় নিয়ন্ত্রণ আরও শক্ত করতে শেয়ার বাড়াচ্ছেন মাস্ক। গত ডিসেম্বর পর্যন্ত কোম্পানির ১৩ শতাংশ শেয়ার ছিল তার হাতে। গত শুক্রবার তিনি ওপেন মার্কেটে ২.৫৭ মিলিয়ন শেয়ার কেনার কথা জানান। এবার নতুন করে ওই ২.৫৭ মিলিয়ন শেয়ার কিনেছেন, প্রতিটির দাম পড়েছে ৩৭২ থেকে ৩৯৬ ডলারের মধ্যে।
জানা গেছে, রোবোট্যাক্সি ও অটোমেশন প্রকল্প এগিয়ে নিতে মাস্ক টেসলার ওপর নিজের কর্তৃত্ব আরও জোরদার করতে চান। বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, কোনো প্রতিষ্ঠানের মালিক নিজে শেয়ার কিনলে বাজারে ইতিবাচক প্রভাব পড়ে। এবার টেসলার ক্ষেত্রেও সেটাই ঘটেছে।
তবে চ্যালেঞ্জও কম নয়। যুক্তরাষ্ট্রে বৈদ্যুতিক গাড়ি কেনায় কর ছাড় কমে গেছে, বিক্রিও কমছে। বাজারে বাড়ছে প্রতিযোগিতা। একই সঙ্গে মাস্কের রাজনৈতিক অবস্থান নিয়ে বিতর্ক চলছে। কখনও তিনি ট্রাম্পের সমর্থন জানিয়েছেন, আবার কখনও ইউরোপে অতিদক্ষিণপন্থীদের পাশে দাঁড়িয়েছেন। বিশেষজ্ঞদের মতে, এসব বিষয় টেসলার ব্যবসায়ও প্রভাব ফেলতে পারে।

