মাত্র ২ শতাংশ ডাউনপেমেন্টে ১০ বছরের জন্য ঋণ পুনঃতফসিলের সুযোগ দিচ্ছে বাংলাদেশ ব্যাংক। শেখ হাসিনার সরকারের সময়ে নিয়ন্ত্রণ বহির্ভূত কারণে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের জন্য বাংলাদেশ ব্যাংক এই সুবিধা দিয়েছে। এতে ক্ষতিগ্রস্ত শ্রেণিকৃত ঋণগ্রহীতারা মাত্র ২ শতাংশ নগদ ডাউনপেমেন্ট দিয়ে ১০ বছরের মেয়াদে ঋণ পুনঃতফসিল করতে পারবে।
সার্কুলার অনুযায়ী, সুবিধাপ্রাপ্ত গ্রাহক সর্বোচ্চ দুই বছরের গ্রেস পিরিয়ড পাবেন। তবে ডাউনপেমেন্ট নগদে দিতে হবে; আগের কিস্তি তা হিসেবে ধরা হবে না। গতকাল মঙ্গলবার বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ এই সংক্রান্ত সার্কুলার জারি করেছে। সুবিধা নিতে হলে ৩১ ডিসেম্বর ২০২৫-এর মধ্যে আবেদন করতে হবে। তবে জালিয়াতি বা প্রতারণার মাধ্যমে সৃষ্ট ঋণে এই সুযোগ প্রযোজ্য হবে না।
বাংলাদেশ ব্যাংকের ২০২২ সালের মাস্টার সার্কুলারে বলা হয়েছিল, একজন গ্রাহক সর্বোচ্চ ৮ বছরের জন্য পুনঃতফসিল পেতে পারবে এবং ২.৫ থেকে ৪.৫ শতাংশ ডাউনপেমেন্ট দিতে হবে। নতুন সার্কুলারে বলা হয়েছে, যারা তিন বা ততোধিকবার ঋণ পুনঃতফসিল করেছেন, তাদের কাছ থেকে অতিরিক্ত ১ শতাংশ ডাউনপেমেন্ট নেওয়া হবে। ঋণ আদায় ব্যাংক-গ্রাহক সম্পর্কের ভিত্তিতে মাসিক বা ত্রৈমাসিক কিস্তিতে করতে হবে।
এর আগে, চলতি বছরের ৩১ জানুয়ারি ব্যবসায়ীদের দাবির পরিপ্রেক্ষিতে ক্ষতিগ্রস্ত প্রতিষ্ঠানগুলোর ঋণ পুনর্গঠনের জন্য নীতি সহায়তা কমিটি গঠন করে বাংলাদেশ ব্যাংক। ওই কমিটির আওতায় চার শতাধিক প্রতিষ্ঠান পুনঃতফসিল সুবিধা পেয়েছে। কিছু প্রতিষ্ঠান রাজনৈতিক বিবেচনায় এবং কিছু ক্ষেত্রে জালিয়াতির অভিযোগ থাকা সত্ত্বেও সুবিধা নিয়েছে। এমনকি একটি প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তির গার্মেন্টস প্রতিষ্ঠানকে ১২ বছরের সুদমুক্ত পুনঃতফসিল সুবিধা দেওয়া হয়েছিল।
বাংলাদেশ ব্যাংকের এক ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, “নীতি সহায়তা কমিটির আওতায় ইতোমধ্যে ১,২০০-এর বেশি গ্রাহক আবেদন করেছে। যারা সুবিধা পেয়েছে, তাদের দেখাদেখি আরও অনেকে আবেদন করছে। বাংলাদেশ ব্যাংক সরাসরি গ্রাহকের সঙ্গে ডিল করতে পারে না, তাই দায়িত্ব ব্যাংকগুলোর ওপর দেওয়া হয়েছে। তবে যারা ইতিমধ্যেই সুবিধা পেয়েছেন, তাদের নতুন করে যাচাই করা হবে না।” সার্কুলারে আরও বলা হয়েছে, বিশেষ পুনঃতফসিল সুবিধাপ্রাপ্ত ঋণসমূহকে (এসএমএ) শ্রেণিকৃত করতে হবে এবং তার বিপরীতে যথাযথ প্রভিশন সংরক্ষণ করতে হবে।
মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের (এমটিবি) এমডি ও সিইও সৈয়দ মাহবুবুর রহমান বলেন, “এটা বড় সুবিধা। প্রতিষ্ঠানগুলো লাভবান হতে পারে। তবে টাকা ফেরত আসবে কিনা তা নিশ্চিত নয়। দুই বছরের গ্রেস পিরিয়ডে কী হবে, জানা নেই। দুই বছর পর গ্রাহক টাকা না দিলে কী হবে, তা নির্ভর করবে গ্রাহকের ইচ্ছার ওপর।”
সিটি ব্যাংকের এমডি মাসরুর আরেফিন বলেন, “বেশিরভাগ ব্যবসায়ী প্রকৃতপক্ষে ক্ষতিগ্রস্ত হয়েছেন। রাজনৈতিক কারণে অনেকেই ব্যবসা চালাতে পারেননি। এসব কারখানা সচল করতে হলে তাদের সুযোগ দেওয়া প্রয়োজন। ব্যবসা বন্ধ হলে কর্মসংস্থানও বন্ধ হয়। তাই এ ব্যবস্থাকে ইতিবাচক মনে করি।”
ক্ষতিগ্রস্ত কিন্তু আর্থিকভাবে ঘুরে দাঁড়াতে সক্ষম প্রতিষ্ঠান এ সুবিধা পাবেন। নিয়ন্ত্রণের বাইরে থাকা বা অব্যবসায়িক কারণে যেসব প্রতিষ্ঠান ইউটিলিটি সংযোগ পায়নি, বৈশ্বিক সরবরাহ ব্যবস্থায় বিঘ্ন ও বৈদেশিক মুদ্রার বিপরীতে টাকার মান কমে যাওয়ায় ক্ষতিগ্রস্ত হয়েছে—তাদের অগ্রাধিকার দেওয়া হবে। যারা আগে কোনো ধরনের পুনঃতফসিল বা নীতি সহায়তা পাননি, তাদের আরও বেশি গুরুত্ব দেওয়া হবে।
ঋণগ্রহীতাকে নির্ধারিত সময়ের মধ্যে লিখিত আবেদন জমা দিতে হবে। আবেদন প্রধান ব্যাংকের কাছে জমা দিতে হবে। নির্ধারিত ডাউনপেমেন্ট বা কিস্তি পরিশোধ করতে হবে। ২০২৫ সালের ৩০ জুন পর্যন্ত শ্রেণিকৃত ঋণগ্রহীতারা এই সুবিধার জন্য আবেদন করতে পারবেন।
যেসব ঋণের বকেয়া ৩০০ কোটি টাকার বেশি, সেগুলো কেবল বাংলাদেশ ব্যাংকের অনুমোদনে পুনঃতফসিল করা যাবে। আবেদন অনুমোদনের আগে ব্যাংক ঋণগ্রহীতার আর্থিক সক্ষমতা, ঋণ পরিশোধের ইচ্ছা ও সামগ্রিক পরিস্থিতি যাচাই করবে। আগে যারা শর্ত ভঙ্গ করেছেন, তারা নতুন সুবিধার জন্য যোগ্য হবেন না। নির্ধারিত সময়ে আবেদন না দিলে বা শর্ত পূরণ না হলে আবেদন বাতিল হবে।

