আওয়ামী লীগ সরকারের পতনের পর চাপের মুখে থাকা বাংলাদেশ ব্যাংকের সাবেক মুখপাত্র ও নির্বাহী পরিচালক মো. মেজবাউল হক পদত্যাগ করেছেন। গতকাল মঙ্গলবার তিনি ব্যক্তিগত কারণ দেখিয়ে পদত্যাগপত্র জমা দিয়েছেন।
গত বছরের ৫ আগস্ট গণঅভ্যুত্থানের পর শেখ হাসিনার সরকার পতনের সঙ্গে সঙ্গে কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর, দুই ডেপুটি গভর্নর, বিএফআইইউ প্রধান ও নীতি উপদেষ্টা পদত্যাগে বাধ্য হন। তারা সবাই চুক্তিভিত্তিক ছিলেন। তবে মেজবাউল হক এই প্রথম নিয়মিত কর্মকর্তা হিসেবে পদত্যাগ করলেন।
মেজবাউল হক ২০২২ সালের ডিসেম্বর মাসে নির্বাহী পরিচালক হিসেবে পদোন্নতি পান। একই দিনে তিনি ব্যাংকের মুখপাত্রের দায়িত্বও নেন। তার আগে তিনি দীর্ঘদিন পেমেন্ট সিস্টেম বিভাগের দায়িত্বে ছিলেন।
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে ও আইসিটি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়ের ঘনিষ্ঠ হিসেবে তিনি পরিচিত। গণঅভ্যুত্থানের পর মেজবাউল হককে প্রধান কার্যালয় থেকে ব্যাংকের রাজশাহী অফিসে বদলি করা হয়।
মেজবাউল হক ১৯৯৩ সালে বাংলাদেশ ব্যাংকে সহকারী পরিচালক হিসেবে যোগ দেন। তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে পরিসংখ্যান বিষয়ে এমএসসি এবং পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন ইন্সটিটিউট (আইবিএ) থেকে এমবিএ ডিগ্রি অর্জন করেন।

