পুঁজিবাজারে তালিকাভুক্ত শেফার্ড ইন্ডাস্ট্রিজ পিএলসি তাদের পূর্বাঞ্চলের ১০ কাঠা জমি বিক্রি করে সাউথইস্ট ব্যাংকের ঋণ পরিশোধ করার সিদ্ধান্ত নিয়েছে। বস্ত্র খাতের এই কোম্পানি আজ বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জে এই তথ্য জানিয়েছে।
তথ্য অনুযায়ী, গতকাল মঙ্গলবার কোম্পানির পরিচালনা পর্ষদের সভায় জমি বিক্রির সিদ্ধান্ত হয়েছে। রাজউক পূর্বাঞ্চল নিউ সিটি প্রজেক্টের ১০ কাঠা ৮ ছটাক ৪৬ স্কয়ার ফিটের জমি কিনতে কোম্পানির মোট ব্যয় হয়েছিল ৩ কোটি ২৯ লাখ টাকা। এবার এটি ৭ কোটি টাকায় বিক্রি করা হবে। ফলে কোম্পানির মুনাফা দাঁড়াচ্ছে ৩ কোটি ৭১ লাখ টাকা।
কোম্পানি জানাচ্ছে, জমি বিক্রির এই মুনাফা আগামী অর্থবছরে ব্যবসায়িক মুনাফার সঙ্গে যুক্ত হবে। এতে শেয়ারপ্রতি মুনাফায় (ইপিএস) ইতিবাচক প্রভাব পড়বে। তবে বিক্রির জন্য এখনো রাজউক এবং সাউথইস্ট ব্যাংকের অনুমোদন প্রয়োজন। কোম্পানি বর্তমানে এটি নেওয়ার চেষ্টা করছে।
শেফার্ড ইন্ডাস্ট্রিজের কোম্পানি সচিব মোহাম্মদ মরুফ বিন ওয়ালি বলেন, ‘আমাদের এই জমি বন্ধকি রেখে ব্যাংক থেকে ঋণ নেওয়া হয়েছিল। বিক্রির জন্য ব্যাংকের অনুমোদন লাগবে। রাজউকের সম্মতি পাওয়ার পরই আমরা এটি বিক্রি করতে পারব। বিক্রির একটি অংশ দিয়ে ব্যাংকের ঋণ সমন্বয় করা হবে।’
বেশ কয়েক বছর ধরে শেফার্ড ইন্ডাস্ট্রিজ ভালো ব্যবসা করতে পারছে না। যদিও সর্বশেষ সমাপ্ত ২০২৪-২৫ অর্থবছরে সামান্য মুনাফা হয়েছে, তবে আগের পাঁচ বছরের মধ্যে তিনটি বছর কোম্পানি লোকসান গুনেছে। জমি বিক্রির এই খবরের প্রভাবে কোম্পানির শেয়ারদর আজ ঊর্ধ্বমুখী। গতকাল ১৭ টাকা ৪০ পয়সায় লেনদেন হওয়া শেয়ারটি আজ দিনের এক পর্যায়ে ১৮ টাকায় পৌঁছেছে।

