বাংলাদেশ ব্যাংক সমস্যাগ্রস্ত পাঁচটি শরিয়াভিত্তিক বেসরকারি ব্যাংক একীভূত করার সিদ্ধান্ত চূড়ান্ত করেছে। এর মধ্যে দুইটি ব্যাংক আগে একীভূত হতে অনাগ্রহ প্রকাশ করলেও, আর্থিক দুরবস্থা এবং অনিশ্চিত ভবিষ্যৎ বিবেচনায় সব ব্যাংককে একীভূত করার সিদ্ধান্ত নেয়া হয়েছে।
গতকাল মঙ্গলবার এ সিদ্ধান্তের পর আজ বুধবার (১৭ সেপ্টেম্বর) পুঁজিবাজারে এই পাঁচটি ব্যাংকের শেয়ারদরে বিনিয়োগকারীদের আগ্রহ কম দেখা গেছে। বাজার বিশ্লেষণে দেখা গেছে, বেলা ১২টা পর্যন্ত একীভূত হতে সম্মতি দেওয়া তিনটি ব্যাংকের শেয়ারদরে তেমন পরিবর্তন হয়নি। তবে দুইটি ব্যাংক, যারা সময় চেয়েছিল, তাদের শেয়ারদরে বড় দরপতন হয়েছে।
বাংলাদেশ ব্যাংকের সিদ্ধান্ত অনুযায়ী ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক, ইউনিয়ন ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক এবং এক্সিম ব্যাংককে একীভূত করে নতুন একটি রাষ্ট্রীয় মালিকানাধীন ব্যাংক গঠন করা হবে। সম্ভাব্য নাম হতে পারে ‘ইউনাইটেড ইসলামী ব্যাংক’। শিগগিরই বাংলাদেশ ব্যাংক নতুন ব্যাংকটির লাইসেন্স ইস্যু করবে।
সোশ্যাল ইসলামী ব্যাংক ও এক্সিম ব্যাংক একীভূত হওয়ার সিদ্ধান্ত নিতে সময় চেয়েছিল। বাকি তিনটি ব্যাংক দ্রুত একীভূতকরণের প্রক্রিয়া সম্পন্ন করার সুপারিশ করেছিল। এসবের মধ্যে গতকাল বাংলাদেশ ব্যাংক চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে। শেয়ারদরের গতিবিধি দেখা যাচ্ছে:
- ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক: গতকাল ২ টাকা ৫০ পয়সায় লেনদেন হওয়া শেয়ার আজও একই দরে। দিনের মধ্যে ২ টাকা ৪০ পয়সা থেকে ২ টাকা ৬০ পয়সার মধ্যে ওঠানামা করেছে।
- গ্লোবাল ইসলামী ব্যাংক: গতকাল ২ টাকায় লেনদেন হওয়া শেয়ার আজও একই রেটে। দিনের মধ্যে ১ টাকা ৯০ পয়সা থেকে ২ টাকা ১০ পয়সা পর্যন্ত ওঠানামা করেছে।
- ইউনিয়ন ব্যাংক: গতকাল ১ টাকা ৯০ পয়সায় লেনদেন হওয়া শেয়ার আজও একই রেটে। দিনের মধ্যে ১ টাকা ৮০ পয়সা থেকে ২ টাকায় ওঠানামা করেছে।
- সোশ্যাল ইসলামী ব্যাংক: একীভূত হতে সময় চাওয়ায় শেয়ার ৪ টাকা ৭০ পয়সা থেকে ৪ টাকা ৪০ পয়সায় নেমেছে, যা ৬.৩৮% কম। দিনের মধ্যে ৪ টাকা ৩০ পয়সায় নেমেছিল।
- এক্সিম ব্যাংক: শেয়ার ৪ টাকায় থেকে ৩ টাকা ৭০ পয়সায় নেমেছে, যা ৭.৫০% পতন।
সাধারণভাবে, ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান একীভূত হলে ব্যবসায়িক শক্তি বৃদ্ধি পায় এবং বিনিয়োগকারীদের আগ্রহ বাড়ে। তবে এ ক্ষেত্রে বিনিয়োগকারীদের আগ্রহ কমে যাওয়ার চিত্র দেখা দিয়েছে।

