জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) একসঙ্গে ৫৫৫ সহকারী রাজস্ব কর্মকর্তাকে বদলি ও পদায়ন করেছে। গতকাল মঙ্গলবার পৃথক দুটি প্রজ্ঞাপনে এ আদেশ জারি হয়।
এনবিআরের কাস্টমস ও ভ্যাট প্রশাসন শাখা-৩ এর দ্বিতীয় সচিব তানভীর আহম্মেদের সই করা এক প্রজ্ঞাপনে ৪৫৯ জন কর্মকর্তাকে বদলি ও পদায়ন করা হয়। একই কর্মকর্তার সই করা আরেক প্রজ্ঞাপনে আরও ৯৬ জনকে বদলি ও পদায়নের নির্দেশ দেওয়া হয়। প্রজ্ঞাপনে বলা হয়েছে, জনস্বার্থে এই আদেশ জারি করা হয়েছে এবং তা অবিলম্বে কার্যকর হবে।
এর আগে সোমবার এনবিআর আরও ১৮২ সহকারী রাজস্ব কর্মকর্তাকে বদলি ও পদায়ন করে। গত কয়েক মাস ধরে প্রতিষ্ঠানটির বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও কর্মচারীদের বদলি চলছে। এ সময় এনবিআর বিলুপ্তির আন্দোলনের সঙ্গে জড়িত অনেক কর্মকর্তা ও কর্মচারীকে সাময়িক বরখাস্তও করা হয়েছে। ফলে দফতরটিতে কয়েক মাস ধরেই ব্যাপক রদবদল লক্ষ্য করা যাচ্ছে।

