যুক্তরাষ্ট্রের আরোপিত ২০ শতাংশ পাল্টা শুল্কে আগামী এক বছরে মার্কিন বাজারে বাংলাদেশের রপ্তানি ১৪ শতাংশ পর্যন্ত কমে যেতে পারে। এতে রপ্তানি আয় কমতে পারে প্রায় ১ দশমিক ২৫ বিলিয়ন ডলার। এমন আশঙ্কার কথা জানিয়েছে রিসার্চ অ্যান্ড পলিসি ইন্টিগ্রেশন ফর ডেভেলপমেন্ট (র্যাপিড)-এর এক গবেষণা।
মার্কিন পাল্টা শুল্ক ও এলডিসি থেকে উত্তরণের প্রভাব নিয়ে গতকাল মঙ্গলবার ঢাকার সিরডাপ মিলনায়তনে এক কর্মশালায় এ তথ্য তুলে ধরেন র্যাপিডের চেয়ারম্যান মোহাম্মদ আব্দুর রাজ্জাক। তিনি জানান, শুধু পোশাক খাতেই রপ্তানি আয় কমতে পারে প্রায় ১ দশমিক ০৮ বিলিয়ন ডলার।
আব্দুর রাজ্জাক বলেন, অন্যান্য দেশের তুলনায় ক্ষতি কম হলেও সংকুচিত বাজারে প্রবৃদ্ধি ধরে রাখা কঠিন হবে। তাঁর ভাষায়, “সামগ্রিকভাবে যুক্তরাষ্ট্রে পোশাক আমদানি ১০ বিলিয়ন ডলার কমে যাবে। এ অবস্থায় রপ্তানি বাড়ানো বাংলাদেশের জন্য চ্যালেঞ্জ।” তিনি আরও উল্লেখ করেন, ভারত ও চীনের তুলনায় বাংলাদেশের পণ্যে শুল্ক কম হলেও বাজার সংকুচিত হওয়ায় রপ্তানি প্রবৃদ্ধি খুব সহজ হবে না।
র্যাপিড চেয়ারম্যান জানান, অতিরিক্ত শুল্কে চীনের রপ্তানি ৫৮ শতাংশ, ভারতের ৪৮ শতাংশ, ভিয়েতনামের ২৮ শতাংশ এবং ইন্দোনেশিয়ার ২৭ শতাংশ পর্যন্ত কমতে পারে। তবে সতর্ক করে তিনি বলেন, ভারত যদি যুক্তরাষ্ট্রের সঙ্গে এমন কোনো বাণিজ্য চুক্তি করতে পারে, যার মাধ্যমে তাদের পাল্টা শুল্ক ২০ শতাংশ কমে যায়, তবে বাংলাদেশের পরিস্থিতি আরও কঠিন হবে। সেই ক্ষেত্রে বাংলাদেশের রপ্তানি ১৭ দশমিক ৪৬ শতাংশ পর্যন্ত কমে যেতে পারে। আর ভারতের ক্ষতি সীমিত হয়ে দাঁড়াবে ১৮ দশমিক ৩৩ শতাংশে।
বাংলাদেশের জন্য যুক্তরাষ্ট্র সবচেয়ে বড় একক রপ্তানি গন্তব্য। মার্কিন বাজারে পাঠানো পণ্যের ৯০ শতাংশের বেশি তৈরি পোশাক। প্রতিবছর দেশটি যুক্তরাষ্ট্রে আট বিলিয়ন ডলারের বেশি পণ্য রপ্তানি করে এবং আমদানি করে প্রায় দুই বিলিয়ন ডলারের পণ্য। বর্তমানে যুক্তরাষ্ট্রের ৮১ বিলিয়ন ডলারের পোশাক বাজারে বাংলাদেশের অংশ ৯ দশমিক ৩ শতাংশ, যা চীন ও ভিয়েতনামের পর তৃতীয় সর্বোচ্চ।
আব্দুর রাজ্জাক বলেন, প্রতিযোগিতা বেড়ে যাওয়ার কারণে ইউরোপীয় ইউনিয়নের মতো বড় বাজারেও দাম কমতে পারে। তিনি মনে করেন, দীর্ঘমেয়াদী প্রভাব নির্ভর করবে যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ মুদ্রাস্ফীতি, সম্ভাব্য নীতি পরিবর্তন এবং বাংলাদেশের সক্ষমতা বাড়ানোর ওপর। তাঁর মতে, “শুল্ক আরও বেশি হতে পারত। তাই আত্মতুষ্টির সুযোগ নেই। এগোতে হলে কৌশলগত নীতি গ্রহণ, দক্ষতা বৃদ্ধি এবং বাজার বহুমুখীকরণ জরুরি।”
এদিকে, ঢাকা সফররত যুক্তরাষ্ট্রের একটি বাণিজ্য প্রতিনিধিদল শ্রম আইন সংস্কার ও বাণিজ্য ঘাটতি কমানোর আহ্বান জানিয়েছে। প্রতিনিধিদলটি গতকাল ঢাকায় মার্কিন রাষ্ট্রদূতের বাসভবনে বিজিএমইএ নেতাদের সঙ্গে বৈঠক করে। সেখানে নেতারা যুক্তরাষ্ট্রের বাজারে শুল্ক আরও কমানোর বিষয়ে বিবেচনার অনুরোধ জানান, যাতে পোশাক রপ্তানির ধারা অব্যাহত থাকে।

