২০২৫-২৬ অর্থবছরের প্রথম মাস জুলাইয়ে বাংলাদেশের চলতি হিসাব বা কারেন্ট অ্যাকাউন্ট ব্যালেন্স দাঁড়িয়েছে ২৪৫ মিলিয়ন ডলার। আগের অর্থবছরের একই সময়ে এটি ছিল ১৮১ মিলিয়ন ডলারের ঘাটতি। অর্থনীতির প্রধান সূচক রপ্তানি ও রেমিট্যান্স বৃদ্ধির কারণে ব্যালেন্স অব পেমেন্টের (বিওপি) চলতি হিসাব উদ্বৃত্ত হয়েছে।
জুলাইয়ে প্রবাসীরা ২.৪৭ বিলিয়ন ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন। আগের বছরের জুলাইয়ে এই সংখ্যা ছিল ১.৯১ বিলিয়ন ডলার। অর্থনীতিবিদ ও ট্রেজারি প্রধানদের মতে, ডলারের দর স্থিতিশীল থাকায় ব্যাংকিং চ্যানেলে রেমিট্যান্স প্রবাহ বাড়ছে। চলতি বছরের মার্চে রেকর্ড ৩.২৯ বিলিয়ন ডলার রেমিট্যান্স এসেছে।
রপ্তানি আয় জুলাইয়ে বেড়েছে ২৭.১০ শতাংশ। এ মাসে আয় হয়েছে ৪.৪২ বিলিয়ন ডলার, আগের বছরের জুলাইয়ে ছিল ৩.৪৮ বিলিয়ন ডলার। একই সময়ে আমদানি বেড়েছে ১৯.৯০ শতাংশ। চলতি জুলাইয়ে আমদানি হয়েছে ৫.৯২ বিলিয়ন ডলার, আগের বছরের একই সময়ে ছিল ৪.৯৪ বিলিয়ন ডলার।
বিশ্বব্যাংকের ঢাকা অফিসের সাবেক প্রধান অর্থনীতিবিদ জাহিদ হোসেন বলেন, “রপ্তানি ও রেমিট্যান্স বাড়ায় কারেন্ট অ্যাকাউন্ট উদ্বৃত্ত অবস্থায় রয়েছে। এ দুই সূচকের কারণে ব্যালেন্স অব পেমেন্টের চলতি হিসাব উল্লেখযোগ্যভাবে পরিবর্তিত হয়েছে। এটা ইতিবাচক দিক।”
রপ্তানি বাড়ার সঙ্গে আমদানিও বেড়েছে। ফলে বাণিজ্য ঘাটতি কিছুটা বেড়েছে। জুলাইয়ে বাণিজ্য ঘাটতি দাঁড়িয়েছে ১.৫০ বিলিয়ন ডলার। আগের বছরের একই সময়ে ছিল ১.৪৬ বিলিয়ন ডলার। অর্থাৎ এক বছরে ঘাটতি বেড়েছে ২.৭৪ শতাংশ। ড. জাহিদ হোসেন বলেন, “বাণিজ্য ঘাটতি কিছুটা বেড়েছে। তবে উদ্বেগের কিছু নেই। আমদানি বৃদ্ধি অর্থনীতিকে গতিশীল করবে।” জুলাইয়ে আর্থিক হিসাব বা ফাইন্যানশিয়াল অ্যাকাউন্ট ঘাটতি দাঁড়িয়েছে ৭১৮ মিলিয়ন ডলার। আগের বছরের একই সময়ে ছিল ২৬৩ মিলিয়ন ডলার। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, চলতি অর্থবছরে জুলাইয়ে মিডিয়াম ও লং-টার্ম ঋণ এসেছে ২০২ মিলিয়ন ডলার। আগের বছরের জুলাইয়ে এসেছিল ২৮৭ মিলিয়ন ডলার। ঋণ প্রবাহ কমেছে ২৯.৬০ শতাংশ।
সিপিডির ফেলো প্রফেসর মোস্তাফিজুর রহমান বলেন, “রাজনৈতিক অস্থিরতার কারণে দেশে আগের তুলনায় ঋণ আসা কমেছে। যা আসছে, তার তুলনায় বেশি পরিশোধ করতে হচ্ছে। এজন্য ফাইন্যানশিয়াল অ্যাকাউন্টে ঘাটতি দেখা দিয়েছে।”
জাহিদ হোসেন আরও বলেন, “প্রকল্প বাস্তবায়ন না হলে ঋণ আসাও কম। তবে আশা করা যায়, সামনে পরিবর্তন আসবে। বর্তমানে নেট নেগেটিভ রয়েছে, ভবিষ্যতে তা কমতে পারে। ফাইন্যানশিয়াল অ্যাকাউন্ট নেগেটিভ হওয়ায় সামগ্রিক ব্যালেন্সও ঘাটতিতে পড়েছে।”
রেমিট্যান্স ও রপ্তানি বাড়ায় বৈদেশিক মুদ্রার রিজার্ভও বেড়েছে। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্য অনুযায়ী, বিপিএম-৬ পদ্ধতি অনুসারে রিজার্ভ দাঁড়িয়েছে ২৫.৯৮ বিলিয়ন ডলার। গ্রস রিজার্ভ ৩০.৮৮ বিলিয়ন ডলার। ডলার সরবরাহ বাড়ায় ডলারের দর কমতে থাকে। পরিস্থিতি স্থিতিশীল রাখতে বাংলাদেশ ব্যাংক নিলামের মাধ্যমে বিভিন্ন সময়ে ১.৭৪ বিলিয়ন ডলার কিনেছে। একটি বেসরকারি ব্যাংকের ট্রেজারি প্রধান বলেন, “বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি কমে যাওয়ায় মূলধন যন্ত্রপাতি আমদানি কমেছে। ফলে ডলারের চাহিদাও কমেছে। বাংলাদেশ ব্যাংক নিলামের মাধ্যমে তা স্থিতিশীল রেখেছে।”

