পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ জানিয়েছেন, সরকারি প্রকল্পে অনিয়ম ও অস্বচ্ছতা দূর করতে সব টেন্ডার প্রক্রিয়া অনলাইনে নেওয়া হবে। এতে গুটিকয়েক মাফিয়া প্রতিষ্ঠানের আধিপত্য বন্ধ হবে। আগামী সপ্তাহেই এই প্রক্রিয়া গেজেট আকারে প্রকাশ করা হবে বলে তিনি জানান।
আজ বুধবার রাজধানীর আগারগাঁওয়ে এনইসি সম্মেলন কক্ষে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভা পরবর্তী ব্রিফিংয়ে এসব কথা বলেন তিনি। পরিকল্পনা উপদেষ্টা বলেন, নতুন নিয়মে রেলখাত ও জ্বালানিসহ বিভিন্ন খাতে যোগ্য প্রতিষ্ঠানকে মূল্যায়ন করে কাজ দেওয়া হবে। কোনো প্রতিষ্ঠান ঋণ খেলাপি বা পূর্বে অনিয়মে জড়িত হলে তাদের দরপত্রে যোগ্য বিবেচনা করা হবে না। এর মাধ্যমে প্রভাবশালী ব্যবসায়ীদের দখল বন্ধ হবে।
তিনি আরও জানান, প্রকল্প বাস্তবায়নে স্বচ্ছতা আনার ক্ষেত্রে সরকার নীরব বিপ্লব ঘটিয়েছে। অনিয়ম ও দুর্নীতি কমায় প্রকল্প পরিচালক হওয়ার জন্য কর্মকর্তাদের আগ্রহ কমেছে। এছাড়া, খাস জমি রেখে আর কৃষি জমি অধিগ্রহণ করা হবে না। সরকারের উপদেষ্টাদের নিয়ে একটি কমিটি দেশের সরকারি জমির পরিমাণ ও দখল পরিস্থিতি দুমাসের মধ্যে প্রতিবেদন দেবে।
সরকারি ক্রয় সংক্রান্ত আইন সকলের মতামত নিয়ে চূড়ান্ত করা হয়েছে। ওয়াহিদউদ্দিন মাহমুদ বলেন, প্রভাবশালী ব্যবসায়ীরা দেশ ছেড়ে যাওয়ায় কেউ আইন প্রণয়নে বাধা দিতে পারেনি। তিনি আরও জানিয়েছেন, বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) বাস্তবায়নে ধীরগতির কারণ খতিয়ে দেখতে আগামী সপ্তাহে বৈঠক অনুষ্ঠিত হবে। এলডিসি উত্তরণের পর সহজ শর্তে আর ঋণ পাওয়া যাবে না। তাই ভালো প্রকল্পের জন্য সরকার শেষ সুযোগ হিসেবে যতটা সম্ভব সহজ শর্তে ঋণ দিতে চাইছে।

