বাংলাদেশ পাল্টা শুল্ক ইস্যুতে যুক্তরাষ্ট্রের চাপের মুখে ২৫টি বোয়িং বিমান কেনার আশ্বাস দিয়েছে কিন্তু ট্রাম্প প্রশাসন বাংলাদেশের সেই আশ্বাস পুরোপুরি বিশ্বাস করছে না। তাই শুল্কহার কমানোর আগে বোয়িং চুক্তি সম্পন্ন করতে চায় যুক্তরাষ্ট্র।
এই প্রস্তাব ঢাকায় সফররত যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক বাণিজ্য প্রতিনিধি ব্রেন্ডেন লিঞ্চের নেতৃত্বে প্রতিনিধিদলের কাছে দেওয়া হয়েছে। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, রপ্তানি পণ্যে শুল্ক কমানোর আগে ২৫টি বোয়িং কেনার চুক্তি দেখতে চায় যুক্তরাষ্ট্র। বাংলাদেশ এই প্রস্তাবে সম্মত হয়েছে। তবে চুক্তি করার আগে আরও আলোচনা করতে চায়। বাংলাদেশের প্রস্তাবে বলা হয়েছে, বোয়িং কোম্পানির একটি প্রতিনিধিদল ঢাকায় এসে বিস্তারিত আলোচনা করবে। ব্রেন্ডেন লিঞ্চ জানিয়েছেন, সফর শেষে যুক্তরাষ্ট্রে ফিরে গিয়ে তিনি দ্রুত বোয়িং কোম্পানির একটি প্রতিনিধিদল ঢাকায় পাঠানোর উদ্যোগ নেবেন।
বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব মাহবুবুর রহমান বলেন, “যুক্তরাষ্ট্র থেকে ২৫টি বোয়িং কেনার বিষয়ে আমরা আরও আলোচনা করতে চাই। বাংলাদেশের জন্য অভ্যন্তরীণ না কি আন্তর্জাতিক রুটের বিমান লাভজনক হবে, তা যাচাই করতে হবে। মধ্যম রেঞ্জের বোয়িংও দরকার হতে পারে। তাই আমরা প্রস্তাব দিয়েছি, বোয়িং প্রতিনিধিদল ঢাকায় এসে আমাদের সঙ্গে আলোচনা করবে।”
পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, বোয়িং কোম্পানির ব্যবসা যুক্তরাষ্ট্র সরকারের নয়। শুল্ক নিয়ে দর-কষাকষি শেষে বোয়িং চুক্তি করতে চায় দেশটি। বাংলাদেশও প্রস্তাবিত বেশিরভাগ শর্ত মেনে নেওয়ার আশ্বাস দিয়েছে। এর মধ্যে রয়েছে তুলা, গম, সয়াবিন ও জ্বালানি আমদানিও। ইতোমধ্যে যুক্তরাষ্ট্র থেকে সয়াবিন তেল আমদানি করতে মেঘনা গ্রুপের সঙ্গে সমঝোতা চুক্তি হয়েছে। জ্বালানি ও গম আমদানি নিয়েও চুক্তি হয়েছে। এছাড়া যুক্তরাষ্ট্রে তৈরি পোশাক রপ্তানির জন্য তুলাসহ অন্যান্য কাঁচামাল ক্রয়েও সম্মতি দিয়েছে বাংলাদেশ।
সূত্র জানায়, বাংলাদেশ আশা করছে যুক্তরাষ্ট্র শুল্কহার ১৫-২০ শতাংশের মধ্যে নামাবে। ধারণা করা হচ্ছে, শুল্ক ২০ শতাংশ থেকে কমে ১৮ শতাংশে আসতে পারে। ব্রেন্ডেন লিঞ্চের নেতৃত্বে তিন দিনের সফরে আসা প্রতিনিধিদল গত রবিবার ঢাকায় পৌঁছায়। সফরে তারা প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস, বাণিজ্য উপদেষ্টা সেখ বশির উদ্দিন, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমানসহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করে। এছাড়া পোশাক শিল্প ও রপ্তানিকারক সংগঠন বিজিএমইএ নেতাদের সঙ্গেও আলোচনা করা হয়।
এর আগে গত ৭ আগস্ট যুক্তরাষ্ট্র বাংলাদেশের জন্য পাল্টা শুল্ক ১৫ শতাংশ থেকে বাড়িয়ে ২০ শতাংশ কার্যকর করে। এখনো চূড়ান্ত কোনো চুক্তি হয়নি। ঢাকা শুল্ক কমিয়ে অন্তত ১৫ শতাংশে চুক্তি করতে চায়। এই কারণে আলোচনার সময় চাওয়া হয়, যা মেনে সাড়া দিয়েছে ব্রেন্ডেন লিঞ্চের নেতৃত্বে প্রতিনিধি দল।

