প্রথমবারের মতো বাংলাদেশের মুড়ি ফ্রান্সে রপ্তানি করা হচ্ছে। রপ্তানি সংক্রান্ত সব আনুষ্ঠানিকতা ইতিমধ্যে শেষ হয়েছে। দুই-এক দিনের মধ্যে এগুলো জাহাজে ওঠার প্রস্তুতি চলছে। সব ঠিক থাকলে আগামী ৩০ অক্টোবরের মধ্যে মুড়ির চালান ফ্রান্সে পৌঁছাতে পারে। এই চালানে মুড়ির পাশাপাশি সুগন্ধি চাল ও অন্যান্য কিছু পণ্য রয়েছে। সবক’টিকে একত্রে ‘ড্রাই ফুড’ হিসেবে উল্লেখ করা হচ্ছে।
ব্যবসায়ীদের সংগঠনের একজন নেতা জানিয়েছেন, ইউরোপের বাজারে পণ্য পাঠানোর ক্ষেত্রে সতর্কতা খুব জরুরি। বিশেষ করে খাদ্যপণ্য সংবেদনশীল হওয়ায় সর্বোচ্চ কোয়ালিটি নিশ্চিত করতে হবে। না হলে ইউরোপীয় ইউনিয়নের দেশগুলো বন্দরে পণ্য খালাস করতে দেয় না। এছাড়া এসব পণ্যের নতুন বাজার তৈরি করাও গুরুত্বপূর্ণ।
চট্টগ্রাম সমুদ্রবন্দর দিয়ে ১৮ হাজার কেজি ওজনের ড্রাই ফুড রপ্তানি করা হচ্ছে। চালানটি পাঠাচ্ছে বাংলাদেশের রপ্তানিকারক প্রতিষ্ঠান ওয়াক অ্যান্ড এসএ লিমিটেড। ৪০ ফুটের একটি কনটেইনার আগামী কয়েক দিনের মধ্যে জাহাজে তোলা হবে। ইতিমধ্যে পণ্যগুলো বন্দরের বেসরকারি কনটেইনার ডিপো ইনকনট্রেড ডিপোতে পাঠানো হয়েছে। সেখানে গতকাল মঙ্গলবার সকাল থেকে প্যাকেটভ্যান থেকে কনটেইনারে পণ্য ভর্তি করা শুরু হয়েছে। কাস্টম হাউস ও বন্দরের কার্যক্রম শেষে কনটেইনার জাহাজে তোলা হবে।
চালানে রয়েছে মুড়ি, সুগন্ধি চাল, তেজপাতা, শুকনা মরিচ, শুকনা শিমের বীজ ও ধনিয়া। এর মধ্যে চিনিগুঁড়া বা সুগন্ধি চাল ১৩৫০০ কেজি, মুড়ি ১৫০০ কেজি, শিমের বীজ প্রায় ১০০০ কেজি, শুকনা মরিচ প্রায় ১০০০ কেজি এবং অন্যান্য পণ্য ১০০০ কেজি।
চট্টগ্রামের ক্লিয়ারিং অ্যান্ড ফরোয়ার্ডিং এজেন্ট স্পিড লিংক লিমিটেড এই রপ্তানি কার্যক্রম পরিচালনা করছে। প্রতিষ্ঠানটির ম্যানেজার হাফিজুর রহমান মিন্টু বলেন, “ইউরোপের বাজারে বাংলাদেশি নানা পণ্যের চাহিদা আছে। এর আগে আমরা মাটির তৈরি জিনিস ও সবজি রপ্তানি করেছি। এবার যাচ্ছে সুগন্ধি চাল, মুড়ি ও অন্যান্য পণ্য। বিশ্বের নানা দেশে বাঙালিরা থাকায় বিদেশিরাও এ খাবারের স্বাদ পছন্দ করছে।”
ওয়াক অ্যান্ড এসএ লিমিটেডের অপারেশন ম্যানেজার মোহাম্মদ হাসান মিয়া বলেন, “ফ্রান্সে ড্রাই ফুডের চালান পাঠানো একটি বড় সফলতা। চট্টগ্রামে আন্তর্জাতিক মানের প্যাকেজিং প্রতিষ্ঠান না থাকায় নিজস্ব প্রতিষ্ঠানে বিশেষ ব্যবস্থা নিয়ে প্যাকেজিং করা হয়েছে। প্রত্যেকটি পণ্য আমদানিকারকের চাহিদা অনুযায়ী প্যাকেট করা হয়েছে। প্যাকেটে যেন বাতাস না থাকে, সেদিকে খেয়াল রাখা হয়েছে। মুড়ি মচমচে রাখার ব্যবস্থা আছে। কোয়ালিটি পণ্য নির্বাচন করে পাঠানো হয়েছে।”
চট্টগ্রাম চেম্বারের সাবেক পরিচালক মোজাম্মেল হক চৌধুরী বলেন, “খাবারের পণ্য চালানে সতর্ক থাকতে হবে। ইউরোপীয় ইউনিয়নের দেশগুলোতে রপ্তানির ক্ষেত্রে কোয়ালিটি কন্ট্রোলের দিকে গুরুত্ব দিতে হবে। সঠিক মান নিশ্চিত করে রপ্তানি করতে হবে। বিশ্ববাজারে আরও নতুন উৎস খুঁজতে হবে। যে প্রতিষ্ঠান ফ্রান্সে পাঠাচ্ছে, তারা অন্য দেশেও রপ্তানি উদ্যোগ নিচ্ছে। সরকারের পক্ষ থেকে রপ্তানিকারকদের যাবতীয় সুযোগ সুবিধা দেওয়া উচিত।” এর আগে মধ্যপ্রাচ্যের দেশগুলো যেমন সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কাতার, ওমান ও কুয়েতে বিস্কুট, মুড়ি ও বিভিন্ন ড্রাই ফুড রপ্তানি হয়েছে।
চট্টগ্রাম বন্দরের উদ্ভিদ সংরক্ষণ কার্যালয়ের উপপরিচালক ড. মোহাম্মদ শাহ আলম বলেন, “ড্রাই ফুডের চালান ল্যাব পরীক্ষার মাধ্যমে মান নিয়ন্ত্রণ করা হয়েছে। সঠিক মানের পণ্য না হলে ফ্রান্সের বন্দরে চালান খালাস করা হয় না। আমরা চাই আরও বেশি ড্রাই ফুড রপ্তানি হোক।”

