আগামী বছরের নভেম্বরে স্বল্পোন্নত দেশের (এলডিসি) তালিকা থেকে উত্তরণের পরও রপ্তানি সুবিধা ধরে রাখতে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) ও অন্যান্য বড় বাণিজ্য অংশীদারদের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ) করতে চাইছে বাংলাদেশ।
বাণিজ্য সচিব মাহবুবুর রহমান জানান, বাণিজ্য মন্ত্রণালয় গত মাসে ইইউকে চিঠি পাঠিয়ে এফটিএ করার আগ্রহ প্রকাশ করেছে। এ বিষয়ে আলোচনা করতে আগামী ২৯ সেপ্টেম্বর অভ্যন্তরীণ বৈঠক ডাকা হয়েছে।
তিনি বলেন, “এই বাণিজ্য চুক্তি নিশ্চিত করা জরুরি, কারণ প্রতিদ্বন্দ্বী দেশ ভারত ও ভিয়েতনাম ইতোমধ্যেই ইইউর সঙ্গে এফটিএ সই করেছে।”
ইইউর সঙ্গে এফটিএ না হলে ২০২৯ সাল থেকে বাংলাদেশি রপ্তানিকারকদের ১২ শতাংশ শুল্ক দিতে হবে। যদিও সম্প্রতি ইইউ বাংলাদেশকে শুল্কমুক্ত সুবিধার মেয়াদ আরও তিন বছর বাড়িয়েছে। বর্তমানে দেশটিতে বছরে ২৫ বিলিয়ন ডলারের বেশি, অর্থাৎ মোট রপ্তানির ৬০ শতাংশেরও বেশি পণ্য যায়।
বাংলাদেশ জিএসপি প্লাস সুবিধা পাওয়ার চেষ্টাও করছে। এর জন্য সুশাসন, শ্রম অধিকার, মানবাধিকার ও পরিবেশ সুরক্ষাসহ মোট ৩২টি আন্তর্জাতিক সনদ অনুমোদন করতে হবে। তবে এটি পাওয়া কঠিন হওয়ায় বিকল্প হিসেবে এফটিএকে কার্যকর সমাধান হিসেবে দেখা হচ্ছে।
অন্যদিকে যুক্তরাজ্য তাদের ডেভেলপিং কান্ট্রিজ ট্রেডিং স্কিমের আওতায় ২০৩৫ সাল পর্যন্ত বাংলাদেশকে শুল্কমুক্ত সুবিধা বাড়িয়েছে। তবে শর্ত হলো ২৫ শতাংশ স্থানীয় মূল্য সংযোজন। এ কারণে যুক্তরাজ্যের সঙ্গে এখনই এফটিএর পরিকল্পনা নেই।
অস্ট্রেলিয়াও এলডিসি থেকে উত্তরণের পর বাংলাদেশকে শুল্কমুক্ত সুবিধা দিতে রাজি হয়েছে। তবে সেখানে ৫০ শতাংশ স্থানীয় মূল্য সংযোজনের শর্ত আছে। পোশাক রপ্তানিকারকরা মূলত আমদানি করা কাঁচামালের ওপর নির্ভরশীল হওয়ায় এটি কঠিন শর্ত হয়ে দাঁড়িয়েছে। এ নিয়ে আগামী সপ্তাহে অস্ট্রেলিয়াকে চিঠি পাঠিয়ে এই সীমা ৩০ শতাংশে নামিয়ে আনার অনুরোধ জানাবে বাংলাদেশ।
গত ১৩ সেপ্টেম্বর জাপানের সঙ্গে চূড়ান্ত আলোচনাও শেষ করেছে বাংলাদেশ। শিগগিরই অর্থনৈতিক অংশীদারিত্ব চুক্তি (ইপিএ) সইয়ের সম্ভাবনা তৈরি হয়েছে। দক্ষিণ কোরিয়ার সঙ্গেও আলোচনা চলছে। গত মাসে সিউলে প্রথম দফা বৈঠক হয়েছে। খুব শিগগিরই একটি কমপ্রিহেনসিভ ইকোনোমিক পার্টনারশিপ এগ্রিমেন্ট (সিইপিএ) সই হতে পারে।
এ ছাড়া কানাডার সঙ্গে এফটিএ আলোচনার প্রস্তাব পাঠানো হয়েছে। যদিও অটোয়া এখনো তারিখ নির্ধারণ করেনি, তবে আলোচনার সময় ঠিক করতে বাংলাদেশি কর্মকর্তারা কানাডার হাইকমিশনের সঙ্গে যোগাযোগ রাখছেন।
বাংলাদেশ আসিয়ান ও রিজিওনাল কমপ্রিহেনসিভ ইকোনোমিক পার্টনারশিপে (আরসিইপি) যোগ দেওয়ার চেষ্টা করছে। এ জন্য একটি বিশেষ আলোচক দল গঠনের কাজ চলছে, যারা প্রধান বাণিজ্য অংশীদারদের সঙ্গে আলোচনায় নেতৃত্ব দেবে।
সব উদ্যোগ সত্ত্বেও এফটিএর অগ্রগতি এখনো সীমিত। এখন পর্যন্ত একমাত্র স্বাক্ষরিত চুক্তি হলো ভুটানের সঙ্গে একটি অগ্রাধিকারমূলক বাণিজ্য চুক্তি (পিটিএ), যা ২০২০ সালের ডিসেম্বরে সই হয়। দুই দেশের দ্বিপাক্ষিক বাণিজ্যের পরিমাণ মাত্র ২২ মিলিয়ন ডলার।
ভারতের সঙ্গে সিইপিএ আলোচনা শেষ হয়েছে দুই বছরেরও বেশি সময় আগে কিন্তু এখনো চুক্তি স্বাক্ষর হয়নি। যুক্তরাষ্ট্রের সঙ্গেও বাণিজ্য চুক্তির তারিখ ঠিক হয়নি বলে জানিয়েছেন সচিব।

