নারায়ণগঞ্জ ও আশপাশের বেশ কিছু এলাকায় শুক্রবার (১৯ সেপ্টেম্বর) রাত ১০টা থেকে শনিবার (২০ সেপ্টেম্বর) ভোর ৬টা পর্যন্ত টানা ৮ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড।
তিতাসের বিজ্ঞপ্তিতে বলা হয়, ডেমরা-সিদ্ধিরগঞ্জ-গোদনাইল ভাল্ভ স্টেশনমুখী ১০ ইঞ্চি, ১২ ইঞ্চি ও ১৪ ইঞ্চি মুখ্য বিতরণ পাইপলাইনের অংশবিশেষ বিচ্ছিন্ন করে জরুরি মেরামত কাজ সম্পন্ন করা হবে। এ কারণেই সাময়িকভাবে গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।
প্রভাবিত এলাকাগুলোর মধ্যে রয়েছে—নারায়ণগঞ্জ শহর, সিদ্ধিরগঞ্জ, মৌচাক, দেলপাড়া, পাগলা, ফতুল্লা, পঞ্চবটি, মোক্তারপুর ও মুন্সিগঞ্জ। এসব এলাকায় সম্পূর্ণ গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।
এছাড়া আশপাশের আরও কিছু এলাকায় গ্যাসের স্বল্পচাপ দেখা দিতে পারে বলে জানানো হয়েছে। সাময়িক ভোগান্তির জন্য গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেছে তিতাস কর্তৃপক্ষ।

