সরকার সমুদ্রগামী জাহাজ আমদানি করতে চাইলে ভ্যাট ছাড়ের ঘোষণা দিয়েছে। তবে এই সুবিধা নিতে হলে আমদানিকারকদের কিছু নির্দিষ্ট শর্ত পূরণ করতে হবে। অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগ বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) এই শর্তসহ প্রজ্ঞাপন জারি করেছে।
প্রজ্ঞাপনের আলোকে, ৫ হাজার ডিডব্লিউটি বা তার বেশি ধারণক্ষমতার যেকোনো সমুদ্রগামী জাহাজে ভ্যাট মওকুফ থাকবে। তবে এই সুবিধা সরাসরি পাওয়া যাবে না। জাহাজকে অবশ্যই বাংলাদেশের পতাকায় নিবন্ধন করতে হবে এবং আন্তর্জাতিক সামুদ্রিক কনভেনশনগুলো মেনে চলতে হবে। জাহাজের বয়স ২৫ বছরের বেশি হতে পারবে না, এবং আমদানি হওয়ার পর অন্তত তিন বছর বাংলাদেশি পতাকায় চলতে হবে। এর আগে বিক্রি বা হস্তান্তর করা যাবে না। বিশেষ পরিস্থিতি—যেমন অর্থনৈতিক মন্দা, দুর্ঘটনা বা দৈব দুর্বিপাক—সেক্ষেত্রে এনবিআরের অনুমোদন নিয়ে ভ্যাট ও শুল্ক পরিশোধ করে বিক্রি করা যাবে।
প্রজ্ঞাপনের আরও শর্ত অনুযায়ী, জাহাজের সকল আয় ও ব্যয় দেশের কোনো অনুমোদিত ব্যাংকের ফরেন কারেন্সি অ্যাকাউন্টের মাধ্যমে করতে হবে এবং বছরে একবার ভ্যাট কার্যালয়ে বৈদেশিক মুদ্রা অর্জনের প্রমাণপত্র জমা দিতে হবে। তেলবাহী ট্যাংকার আনার ক্ষেত্রে অবশ্যই ‘ডাবল হাল’ বা ‘ডাবল বটম’যুক্ত পরিবেশবান্ধব জাহাজ হতে হবে। এছাড়া জাহাজে কর্মরত জনবলের অন্তত ৭০ শতাংশ বাংলাদেশি নাগরিক হতে হবে।
আবেদন প্রক্রিয়ার সময় জাহাজের ধারণক্ষমতা, তৈরির দেশ ও সাল উল্লেখ করে ৩০০ টাকার নন-জুডিশিয়াল স্ট্যাম্পে একটি অঙ্গীকারনামা জমা দিতে হবে। এনবিআর যেকোনো সময় শর্তগুলো মানা হচ্ছে কি না তা যাচাই করতে পারবে। যদি শর্ত ভঙ্গ পাওয়া যায়, আমদানির সময় প্রযোজ্য পুরো ভ্যাট আদায় করা হবে।
এই প্রজ্ঞাপন অবিলম্বে কার্যকর হবে এবং আগামী ৩০ জুন ২০২৬ পর্যন্ত বলবৎ থাকবে। পাশাপাশি, ২০১৯ সালের ১৩ জুন জারি করা আগের সাধারণ আদেশ বাতিল করা হয়েছে। রাষ্ট্রপতির আদেশক্রমে অভ্যন্তরীণ সম্পদ বিভাগের সচিব মো. আবদুর রহমান খান প্রজ্ঞাপনটি জারি করেছেন।

