সরকারি সিকিউরিটিজে বিনিয়োগ থেকে প্রাপ্ত মুনাফার উৎসে কর কোম্পানির জন্য ১০ শতাংশ থেকে ১৫ শতাংশে বাড়ানো হয়েছে। তবে ব্যক্তি করদাতার ক্ষেত্রে উৎসে কর আগের মতো ১০ শতাংশই থাকবে।
এ তথ্য জানানো হয়েছে বৃহস্পতিবার উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে মন্ত্রিপরিষদ বিভাগের সংবাদ বিজ্ঞপ্তিতে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সরকারি সিকিউরিটিজে বিনিয়োগে উৎসে করহারে এই পরিবর্তন আনার প্রস্তাব অর্থ-সংক্রান্ত কতিপয় আইন (দ্বিতীয় সংশোধন) অধ্যাদেশ, ২০২৫-এর খসড়ার নীতিগত ও চূড়ান্ত অনুমোদন হিসেবে উপদেষ্টা পরিষদে অনুমোদিত হয়েছে। বৈঠকটি প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
মন্ত্রিপরিষদ বিভাগের বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, বাণিজ্যিকভাবে পরিচালিত বাস ও পরিবহন খাতে কর সংগ্রহকে চূড়ান্ত করযোগ্য আয় হিসেবে গণনা করার বিধানও নতুন সংশোধনীতে সংযোজন করা হয়েছে।
বৈঠক শেষে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে জানান, এনবিআর-সংক্রান্ত আইনে যেসব পরিবর্তন আসছে, তার মধ্যে ভ্যাট ও ইনকাম ট্যাক্স মূল। প্রাতিষ্ঠানিক ট্রেজারি বন্ডের ভ্যাট বাড়ানো হয়েছে। এর আওতায় মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইন-২০১২ সংশোধন করে নির্দিষ্ট ক্ষেত্রে বিশেষ আদেশের মাধ্যমে ভ্যাট অব্যাহতির ব্যবস্থা রাখা হয়েছে।
তিনি বলেন, “আয়কর আইন, ২০২৩-এর সংশোধনের মাধ্যমে সরকারি সিকিউরিটি বা অনুমোদিত সিকিউরিটিতে বিনিয়োগের ক্ষেত্রে কোম্পানি করদাতার উৎসে কর ১৫ শতাংশ করা হয়েছে। বাণিজ্যিকভাবে পরিচালিত বাস ও পরিবহন খাতে কর সংগ্রহকে চূড়ান্ত করযোগ্য আয় হিসেবে গণনা করার বিধানও সংযোজন করা হয়েছে। এতে কর প্রদান আরও সহজ হবে। আগের মতো এনবিআর নিজেই আয়কর অব্যাহতি দিতে পারত, এখন এই অনুমোদনের ব্যবস্থা উপদেষ্টা পরিষদের মাধ্যমে নির্ধারিত হয়েছে।”

