রাজধানীর বাজারে চাল-ডালের দাম স্থিতিশীল থাকলেও মাছ, সবজি, মুরগি ও ডিমের দাম বেড়েছে। সপ্তাহের ব্যবধানে মাছের দাম কেজিতে ৩০-৫০ টাকা পর্যন্ত বৃদ্ধি পেয়েছে। অধিকাংশ সবজি কেজিপ্রতি ৮০ টাকায় বিক্রি হচ্ছে। কিছু সবজির দাম সামান্য কমলেও অধিকাংশ সবজির দাম বেড়েছে।
ব্রয়লার মুরগি কেজিপ্রতি ১০ টাকা ও ডিম ডজনে ১০ টাকা বেড়েছে। বিক্রেতারা বলছেন, মাছ ও সবজির সরবরাহ কম থাকায় দাম বেড়েছে। তবে অনেক পণ্যের দাম বাড়লেও বিক্রি কম হওয়ায় তারা বাজার নিয়ে অসন্তুষ্ট।
গতকাল রাজধানীর প্রধান পাইকারি বাজার কারওয়ান বাজার ঘুরে এমন পরিস্থিতি দেখা গেছে। তবে রামপুরা, হাতিরপুলসহ অন্যান্য বাজারের সঙ্গে কারওয়ান বাজারের দাম কিছুটা ভিন্ন। বড় পাইকারি বাজার হওয়ায় এখানে দাম তুলনামূলকভাবে কম থাকে।
কারওয়ান বাজারে মাছের দোকান ঘুরে দেখা যায়, চিংড়ি, ইলিশ ও অন্যান্য মাছের দাম বেড়েছে। বড় সাইজের বাগদা চিংড়ি কেজিপ্রতি ৮৩০-৮৫০ টাকায় বিক্রি হলেও এখন ৯০০ টাকায় বিক্রি হচ্ছে। গলদা চিংড়ি ৮৫০ ও ছোট চিংড়ি ৭০০ টাকায় পাওয়া যাচ্ছে। ইলিশ মাছের দাম ওজনভেদে ১০০-২০০ টাকা বেড়েছে। এক কেজি বা তার বেশি ওজনের ইলিশ ২ হাজার ৬০০ টাকা, এক কেজির কিছু কম ওজনের ইলিশ ২ হাজার টাকায় বিক্রি হচ্ছে।
রুই মাছের দামও বেড়েছে। বড় রুই ৫০০, মাঝারি ৪৬০ ও ছোট রুই ৩৬০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। কাতল মাছ ৩৬০-৪০০, ছোট কোরাল ৭০০-৮০০, তেলাপিয়া ২৫০, সিলভার কার্প ২৫০, পাবদা ৪০০, রূপচাঁদা ৮৫০ ও টেংরা ৮০০ টাকায় বিক্রি হচ্ছে।
মাছের দাম বাড়ার কারণ সম্পর্কে বিক্রেতা মো. মনির বলেন, “মাছ সরবরাহ কম, তাই দাম বেড়েছে। নদীতে মাছ কম পাওয়া যাচ্ছে। হয়তো এই কারণে বাজারে মাছ কম এসেছে।” অন্য একজন বিক্রেতা বলেন, “মাছের বাজার নিয়ন্ত্রণ সম্ভব নয়। এটি সরবরাহের ওপর নির্ভরশীল।”
কারওয়ান বাজারে ব্রয়লার মুরগি কেজিপ্রতি ১৮০ টাকা, সোনালি ৩০০ ও দেশী মুরগি ৫৩০-৫৫০ টাকায় বিক্রি হচ্ছে। গত সপ্তাহে ব্রয়লার মুরগি ছিল ১৭০ টাকা। রামপুরা, হাতিরপুল ও মিরপুর-১সহ অন্যান্য বাজারে ব্রয়লার ১৯০-২০০ এবং সোনালি ৩৩০ টাকায় বিক্রি হয়েছে।
ডিমের দামও বেড়েছে। গত সপ্তাহে লাল ডিম ডজনপ্রতি ১২৫ ও সাদা ডিম ১২০ টাকায় বিক্রি হলেও এখন দাম বেড়েছে ১০ টাকা।

