বাংলাদেশের কৃষি খাত দেশের খাদ্য নিরাপত্তা ও সামগ্রিক অর্থনীতির মূলভিত্তি। অথচ এই খাতের অপরিহার্য উপাদান সারের বাজার বর্তমানে চরম অস্থিরতায় ভুগছে। সরকার বারবার আশ্বস্ত করছে গুদামে পর্যাপ্ত সার মজুত আছে, কোনো ঘাটতির কারণ নেই। কিন্তু মাঠপর্যায়ের কৃষকরা ভিন্ন চিত্র দেখছেন। মৌসুম শুরু হলেই বাজারে সারের কৃত্রিম সংকট তৈরি হয় এবং দাম বেড়ে যায়।
এই সংকটের নেপথ্যে রয়েছে সক্রিয় প্রভাবশালী সিন্ডিকেট। পরিবহন ঠিকাদার ও ডিলাররা সার অবৈধভাবে মজুত করে সরবরাহে বাঁধা সৃষ্টি করছে। ফলে সরকারের নির্ধারিত মূল্যে সার না পেয়ে কৃষকরা বাধ্য হচ্ছেন বেশি দামে কিনতে। এতে একদিকে কৃষি উৎপাদনের খরচ অস্বাভাবিকভাবে বেড়ে যাচ্ছে, অন্যদিকে দেশের খাদ্য নিরাপত্তা হুমকির মুখে পড়ছে।
প্রশ্ন হলো যখন সরকারি গুদামে পর্যাপ্ত সার মজুত রয়েছে, তখন কেন কৃষকেরা সঠিক সময়ে ন্যায্যমূল্যে সার পাচ্ছেন না? বাজার নিয়ন্ত্রণ ব্যবস্থার দুর্বলতা কোথায়? আর কতদিন কৃষকদের এই অদৃশ্য সিন্ডিকেটের কাছে জিম্মি হয়ে থাকতে হবে?
সার বাজারের চাহিদা ও সরবরাহের বাস্তবতা: বাংলাদেশে প্রতিবছর বিপুল পরিমাণ রাসায়নিক সারের চাহিদা তৈরি হয়। চলতি অর্থবছরে কৃষি মন্ত্রণালয়ের হিসাবে এই চাহিদা প্রায় ৬৯ লাখ টন। অথচ সরকারি গুদামে বর্তমানে মজুত আছে মাত্র প্রায় ১৮ লাখ টন, যা মোট চাহিদার তুলনায় অপ্রতুল। ফলে বিশেষ করে আমন মৌসুমে কৃষকরা প্রয়োজনীয় সার সময়মতো পাচ্ছেন না।
কৃষি মন্ত্রণালয়ের তথ্যমতে, দেশে ব্যবহৃত সারের মধ্যে প্রধান হচ্ছে ইউরিয়া, ট্রিপল সুপার ফসফেট (টিএসপি), ডাইঅ্যামোনিয়াম ফসফেট (ডিএপি) ও মিউরেট অব পটাশ (এমওপি)। চলতি অর্থবছরে এই ৪ টি সারের মোট চাহিদা নির্ধারণ করা হয়েছে ৫৯ লাখ টন। আর সাড়ে ৯ লাখ টন সার আসবে বেসরকারি উদ্যোগে। এছাড়া বোরনসহ অন্যান্য সার মিলিয়ে মোট চাহিদা দাঁড়াতে পারে প্রায় ৬৯ লাখ টনে। আর চাহিদার বিপরীতে এখন পর্যন্ত সরকারের কাছে মজুদ রয়েছে ১৭ দশমিক ৭৪ লাখ টন। এর মধ্যে ২৭ লাখ টন ইউরিয়া সারের চাহিদার বিপরীতে মজুদ রয়েছে ৬ লাখ টন। সাড়ে ৭ লাখ টন টিএসপির বিপরীতে মজুদ রয়েছে ৩ দশমিক ২৫ লাখ টন। ১৫ লাখ টন ডিএসপির চাহিদা থাকলেও মজুদ রয়েছে ৪ দশমিক ১৪ লাখ টন। এমওপির চাহিদা নির্ধারণ হয়েছে সাড়ে ৯ লাখ টন। আর মজুদ রয়েছে ৪ দশমিক ৩১ লাখ টন।
দেশের অভ্যন্তরীণ উৎপাদন মোট চাহিদার মাত্র ২০ শতাংশ পূরণ করতে সক্ষম, বাকি ৮০ শতাংশ সার আমদানির ওপর নির্ভরশীল। কিন্তু বৈশ্বিক বাজারেও পরিস্থিতি কৃষকদের পক্ষে অনুকূল নয়। জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির ফলে প্রাকৃতিক গ্যাস ও অ্যামোনিয়ার দাম বেড়েছে, যা নাইট্রোজেনভিত্তিক সারের উৎপাদন ব্যয় বাড়িয়ে দিয়েছে। পাশাপাশি চীনসহ বড় উৎপাদনকারী দেশগুলো রপ্তানি কমিয়ে দেওয়ায় বৈশ্বিক সরবরাহে চাপ সৃষ্টি হয়েছে। ফলে আন্তর্জাতিক বাজারে ইউরিয়ার দাম বেড়েই চলেছে, আর বাংলাদেশকেও বাড়তি ব্যয়ে আমদানি করতে হচ্ছে।
সারের মধ্যে দেশে সবচেয়ে বেশি ব্যবহার করা হয় ইউরিয়া। আর দেশে এর উৎপাদনও হয় বেশি। গ্যাসের মাধ্যমে উৎপাদন করা যায় বলে অন্যান্য সারের তুলনায় ইউরিয়া উৎপাদনে বেশি সক্ষমতা অর্জন করেছে বাংলাদেশ। শিল্প মন্ত্রণালয়ের আওতাধীন সংস্থা বাংলাদেশ রাসায়নিক শিল্প করপোরেশনের (বিসিআইসি) অধীন বর্তমানে পাঁচটি ইউরিয়া সার কারখানা রয়েছে দেশে। এগুলো হচ্ছে নরসিংদীর ঘোড়াশাল-পলাশ ইউরিয়া সার কারখানা, সিলেটের শাহজালাল সার কারখানা, চট্টগ্রাম ইউরিয়া সার কারখানা (সিইউএফএল), জামালপুরের যমুনা সার কারখানা ও ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ সার কারখানা। এর মধ্যে গ্যাসের অভাবে টানা কয়েক মাস ধরে দেশের ৩ টি ইউরিয়া সার কারখানার উৎপাদন পুরোপুরি বন্ধ রয়েছে।
এই সংকটের সরাসরি প্রভাব পড়ছে কৃষকের ওপর। সারের দাম বাড়ায় তাদের উৎপাদন খরচ অস্বাভাবিকভাবে বৃদ্ধি পাচ্ছে। কিন্তু কৃষিপণ্যের বাজারমূল্য আশানুরূপ না থাকায় লাভজনক অবস্থানে থাকতে পারছেন না তারা। এতে অনেক কৃষক ক্ষতির আশঙ্কায় পর্যাপ্ত সার ব্যবহার থেকে বিরত থাকছেন, যার ফলে শস্য উৎপাদনও হুমকির মুখে পড়ছে।
শিল্প মন্ত্রণালয়ের কর্মকর্তারা বলছেন, ইউরিয়া সারের পুরোটাই বিসিআইসি সরবরাহ করে। এর মধ্যে বিসিআইসির কাছে এখন মজুদ আছে প্রায় ৬ লাখ টন সার। যৌথ উদ্যোগে নির্মিত কর্ণফুলী ফার্টিলাইজার কোম্পানি (কাফকো) থেকে কেনা হবে ৬ লাখ টন। আর বিদেশ থেকে আমদানি করা হবে ১০ লাখ টন। এর বাইরে বিসিআইসি নিজেরা উৎপাদন করে অন্তত ৭ লাখ টন সার। তবে গ্যাস সরবরাহ ব্যাহত হওয়ায় উৎপাদনের লক্ষ্যমাত্রা অর্জন নিয়ে দেখা দিয়েছে শঙ্কা।
এই বিষয়ে শিল্প মন্ত্রণালয়ের সিনিয়র সচিব জাকিয়া সুলতানা বলেন, ‘আমাদের কারখানা প্রস্তুত রয়েছে। কিন্তু গত রমজান মাস থেকেই গ্যাস সংকট চলছে। গ্যাস সরবরাহ দিতে আমরা জ্বালানি মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা অব্যাহত রেখেছি। গত বছরও আমাদের উৎপাদন করতে কষ্ট হয়েছে। তাই এবার আমরা আমাদের উৎপাদন লক্ষ্যমাত্রা ১০ লাখ টন থেকে ৭ লাখ টনে নামিয়ে এনেছি। আর ইউরিয়া আমদানি নিয়ে আমাদের এখনো কোনো সমস্যা হচ্ছে না।’
এদিক অন্তর্বর্তীকালীন সরকারের শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান অবশ্য প্রথম দিন অফিস করেই সাংবাদিকদের জানিয়েছিলেন, তার অগ্রাধিকার কাজের মধ্যে একটি হলো বন্ধ সার কারখানাগুলোয় প্রয়োজনীয় গ্যাস সরবরাহের ব্যবস্থা করা। তবে কত সময়ের মধ্যে সেটি সম্ভব হবে, তা নিশ্চিত করে জানাননি তিনি।
সরকারি দপ্তরগুলো দাবি করছে যে দেশে সারের কোনো সংকট নেই। কিন্তু মাঠপর্যায়ের বাস্তবতা ভিন্ন। কৃষকরা বলছেন, সরকারি নির্ধারিত দামে সার পাওয়া প্রায় অসম্ভব। একটি ৫০ কেজির বস্তা কিনতে গড়ে ৩০০ থেকে ৫০০ টাকা পর্যন্ত বাড়তি দিতে হচ্ছে। কোথাও কোথাও পাচার ঠেকাতে সংঘর্ষের ঘটনাও ঘটছে। অনেক এলাকায় কৃষকরা ডিলার চক্রের কাছে কার্যত জিম্মি হয়ে পড়েছেন।
সাম্প্রতিক একটি গোয়েন্দা প্রতিবেদনে উঠে এসেছে, পরিবহন ঠিকাদার ও ডিলাররা মিলে পরিকল্পিতভাবে কৃত্রিম সংকট সৃষ্টি করছে। সরকারি গুদামে পর্যাপ্ত মজুত থাকলেও বাজারে সরবরাহ আটকে দিয়ে কৃষকদের কাছ থেকে অতিরিক্ত দাম নেওয়া হচ্ছে। বর্তমানে বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশন (বিএডিসি) ও বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ করপোরেশনের (বিসিআইসি) অধীনে ৭ হাজার ১৫০ জন ডিলার রয়েছে। এর মধ্যে বিএডিসি অনুমোদিত ৫ হাজার ২২ জন এবং বিসিআইসির ২ হাজার ১২৮ জন। এই বিপুল ডিলার নেটওয়ার্ক থাকার পরও কারসাজির কারণে কৃষকরা ন্যায্যমূল্যে সার পাচ্ছেন না।
এই বছর দেশে রাসায়নিক সারের চাহিদা ছিল ৫৭ লাখ ৮৫ হাজার টন। এর মধ্যে প্রায় ৮০ শতাংশ সার সরকারিভাবে আমদানি করা হচ্ছে, বাকি ২০ শতাংশ সরবরাহ করছে দেশের স্থানীয় বিভিন্ন কারখানা। দেশীয় উৎপাদনের কাজে রয়েছে বিসিআইসি ও বিএডিসি। তারা নিজেদের নিয়োগ করা পরিবহন ঠিকাদার ও ডিলারের মাধ্যমে সার বিতরণ নিশ্চিত করে। কিন্তু এখানেও রাজনৈতিক প্রভাব, অনিয়ম ও সিন্ডিকেটের দৌরাত্ম্য কার্যত কৃষকের কষ্ট বাড়িয়ে তুলছে।
বাংলাদেশে মৌসুমভিত্তিক চাহিদার তারতম্যও উল্লেখযোগ্য। রবি মৌসুমে অর্থাৎ নভেম্বর থেকে মার্চ পর্যন্ত মোট চাহিদার প্রায় ৪০ শতাংশ সার প্রয়োজন হয়। এপ্রিল থেকে জুলাই পর্যন্ত আউশ মৌসুমে চাহিদার ৩০ শতাংশ এবং সেপ্টেম্বর থেকে ডিসেম্বর পর্যন্ত আমন মৌসুমে বাকি ৩০ শতাংশ সার ব্যবহার করা হয়। এই সময়গুলোতে সরবরাহে সামান্য ব্যাঘাত ঘটলেই কৃষককে ভোগান্তিতে পড়তে হয়।
সব মিলিয়ে বলা যায়, দেশের সার বাজার একদিকে বৈশ্বিক অস্থিরতায়, অন্যদিকে অভ্যন্তরীণ অনিয়ম ও সিন্ডিকেটের কারসাজিতে জর্জরিত। ডলার সংকট, পরিবহন সমস্যা এবং রাজনৈতিক প্রভাব এই বাজারকে আরও অস্থিতিশীল করে তুলছে। এর ফলে কৃষি খাতের উন্নয়নে সরকারের সর্বোচ্চ প্রচেষ্টা ব্যাহত হচ্ছে, আর কৃষক থেকে শুরু করে খাদ্য নিরাপত্তা পর্যন্ত পুরো সরবরাহ চেইন ঝুঁকির মুখে পড়ছে।
সার বাজারে প্রভাবশালী সিন্ডিকেটের কারসাজি দিন দিন আরও স্পষ্ট হয়ে উঠছে। সরকারি গুদামে যথেষ্ট মজুত থাকা সত্ত্বেও মাঠপর্যায়ে কৃষকরা ন্যায্যমূল্যে সার পাচ্ছেন না। বরং তারা কৃত্রিম সংকট, অতিরিক্ত দাম এবং কালোবাজারির শিকার হচ্ছেন। ডিলার, ব্যবসায়ী ও কিছু অসৎ কৃষি কর্মকর্তার যোগসাজশে সার মজুত করে বাজারে সরবরাহ কমিয়ে দেওয়া হচ্ছে। এরপর সেই সার কালোবাজারে সরকার নির্ধারিত দামের চেয়ে অনেক বেশি দামে বিক্রি করা হচ্ছে।
সম্প্রতি বিভিন্ন জেলায় কৃষকেরা অভিযোগ করেছেন, সরকারি গুদামে পর্যাপ্ত মজুত থাকা সত্ত্বেও তারা সময়মতো সার পাচ্ছেন না। সরকার নির্ধারিত দামে ইউরিয়া বা ডিএপি কেনার কোনো সুযোগ নেই; বরং স্থানীয় বাজারে তাদের বাধ্য হয়ে ৩০০ থেকে ৬৫০ টাকা পর্যন্ত বেশি দামে প্রতি ৫০ কেজির বস্তা কিনতে হচ্ছে। উদাহরণ হিসেবে বলা যায়, ইউরিয়ার দাম সরকার নির্ধারণ করেছে ১ হাজার ১০০ টাকা, কিন্তু বাজারে সেটি বিক্রি হচ্ছে ১ হাজার ৩০০ থেকে ১ হাজার ৪০০ টাকায়। একইভাবে ডিএপি সারের সরকারি দাম ১ হাজার ৫০ টাকা হলেও কৃষককে কিনতে হচ্ছে ১ হাজার ৪০০ থেকে ১ হাজার ৭০০ টাকায়। টিএসপি সারের সরকারি মূল্য প্রতি কেজি ২৭ টাকা হলেও দেশের অনেক বাজারে সেটি ৬০-৬৫ টাকা দরে বিক্রি হচ্ছে।
এই মূল্যবৃদ্ধির ফলে কৃষকদের উৎপাদন খরচ বেড়ে যাচ্ছে এবং অনেক সময় তারা প্রয়োজনীয় পরিমাণ সার কিনতে পারছেন না। ফলে মৌসুমে সময়মতো ধান বা অন্যান্য ফসলের আবাদ ব্যাহত হচ্ছে। কৃষি উৎপাদন কমে যাওয়ার ঝুঁকি দেখা দিচ্ছে, যা দীর্ঘমেয়াদে খাদ্য নিরাপত্তাকে হুমকির মুখে ফেলতে পারে।
কৃষি মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী দেশে ইউরিয়া, টিএসপি, ডিএপি ও এমওপিসহ পর্যাপ্ত সার মজুত রয়েছে। জুলাইয়ের শেষে ইউরিয়া মজুত ছিল ৬ লাখ ৩০ হাজার টনের বেশি, টিএসপি ২ লাখ ১৭ হাজার টন, ডিএপি ২ লাখ ৭৩ হাজার টন এবং এমওপি ২ লাখ ৮১ হাজার টন। তবুও মাঠপর্যায়ে সংকট তৈরি হচ্ছে শুধুমাত্র অসাধু সিন্ডিকেটের কারণে। পরিবহন খরচ বাড়ার অজুহাত দেখিয়ে ডিলাররা বাড়তি কমিশন দাবি করছে, অথচ বাস্তবে পরিবহন খরচ বেড়েছে প্রতি বস্তায় মাত্র ১০ টাকা। কিন্তু এর আড়ালে তারা প্রতিটি বস্তা থেকে কয়েকশ টাকা অতিরিক্ত মুনাফা করছে।
কৃষি মন্ত্রণালয়ের সার ব্যবস্থাপনা ও উপকরণ উইংয়ের অতিরিক্ত সচিব আহমেদ ফয়সল বলেন, ‘সরকার সরাসরি সার বিক্রি করে না, ডিলারের মাধ্যমে কৃষকের কাছে সার পৌঁছায়। কিছু ডিলার সরবরাহ সংকট দেখিয়ে সরকার নির্ধারিত দামের চেয়ে বেশি দামে সার বিক্রি করছে। সার নিয়ে অনিয়মের অভিযোগ পেলে জেলা প্রশাসক ও ইউএনওর মাধ্যমে ভ্রাম্যমাণ আদালত পরিচালনার নির্দেশ দেওয়া হচ্ছে। সরকার খুব স্বচ্ছ ও বাস্তবসম্মত প্রক্রিয়ার মাধ্যমে নতুন নীতিমালা করতে চায়, যাতে ভবিষ্যতে কোনো অসাধু ডিলার কৃষকের জন্য কৃত্রিম সংকট তৈরি করতে না পারে’।
কৃষি সচিব ড. মোহাম্মদ এমদাদ উল্লাহ মিয়ান বলেন, ‘এখন সার সংকট নেই। আগামী ডিসেম্বর পর্যন্ত চাহিদা অনুযায়ী পর্যাপ্ত সার মজুত রয়েছে। কিছু কৃত্রিম সমস্যার কারণে সারের ঘাটতির ভীতি সৃষ্টি করা হচ্ছে। অতীতে কারা অনিয়মের মাধ্যমে ডিলার নিয়োগ পেয়েছেন, কারা অনিয়ম করছেন, তাদের বিষয়ে আমরা মাঠ পর্যায়ে তথ্য সংগ্রহ করছি। সব দিক বিবেচনা করে সার ডিলার নিয়োগ ও নীতিমালা সংশোধনের উদ্যোগ নেওয়া হয়েছে’।
তিনি আরো বলেন, ‘সরকার সার নীতিমালা সংশোধনের উদ্যোগ নিয়েছে। যারা অনিয়মে জড়িত, তাদের সবার ডিলার লাইসেন্স বাতিল হবে। প্রয়োজনে আইনের আওতায় আনা হবে। সম্প্রতি নানা পদক্ষেপের কারণে সার আমদানিতে স্বচ্ছতা ফিরেছে। সরকারের অনেক অর্থ সাশ্রয় হয়েছে। এতে সুবিধা না পেয়ে একটি চক্র সার নিয়ে নানা চক্রান্ত করছে’।
এই পরিস্থিতিতে সরকারের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো বাজার নিয়ন্ত্রণে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা। একদিকে আন্তর্জাতিক বাজারে জ্বালানি ও কাঁচামালের দাম বাড়ায় আমদানির চাপ বাড়ছে, অন্যদিকে দেশীয় বাজারে সিন্ডিকেটের অবাধ কারসাজি কৃষকের ক্ষতি বাড়াচ্ছে। যদিও সম্প্রতি সরকার নতুন আমদানিকারক দেশের সঙ্গে চুক্তি করছে, তবে আমদানির দীর্ঘ প্রক্রিয়া ও অতিরিক্ত ব্যয় বাজারে তাৎক্ষণিক স্বস্তি দিতে পারছে না।

