সরকার বন্দরে আটকে থাকা কাঁচা পাট রপ্তানি ছাড়পত্র দিয়েছে। এতে স্বস্তি পেয়েছেন রপ্তানিকারকরা, যাঁরা আগেই সব প্রক্রিয়া শেষ করে পণ্য বন্দরে পাঠিয়েছিলেন।
বাণিজ্য মন্ত্রণালয় বুধবার এক প্রজ্ঞাপনের মাধ্যমে এ সিদ্ধান্ত জানায়।
এর আগে ৮ সেপ্টেম্বর মন্ত্রণালয় এক সার্কুলারে কাঁচা পাট রপ্তানিতে সরকারি অনুমোদন বাধ্যতামূলক করে। এরপর জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) আগেই সম্পন্ন করা কাঁচা পাট রপ্তানি বন্ধ করে দেয়। সে সময় রপ্তানিকারকদের শিপিং বিল জমা দেওয়া ছিল এবং কনটেইনার বিভিন্ন বন্দরে পৌঁছে গিয়েছিল। আকস্মিক এ সিদ্ধান্তে তারা বড় ধরনের সমস্যায় পড়েন।
রপ্তানিকারকদের ১০ দিন ভোগান্তির পর মন্ত্রণালয় নতুন প্রজ্ঞাপন জারি করে আটকে থাকা চালান ছাড়ের অনুমতি দেয়।
ব্যবসায়ীরা বলছেন, ৮ সেপ্টেম্বরের সার্কুলার তড়িঘড়ি করে দেওয়া হয়েছিল, যেখানে এর তাৎক্ষণিক বা দীর্ঘমেয়াদি প্রভাব বিবেচনা করা হয়নি। এর ফলে বন্দরে বাড়তি খরচ গুনতে হয়েছে। দিতে হয়েছে ডিমারেজ ফি ও অতিরিক্ত ট্রাক ভাড়া। প্রায় ৫০ হাজার টন কাঁচা পাট বন্দরেই আটকে ছিল।
নতুন নির্দেশনা ইতিমধ্যে এনবিআরে পাঠানো হয়েছে। এতে স্পষ্ট করা হয়েছে, ৮ সেপ্টেম্বরের সার্কুলারের আগে যেসব চালানের শিপিং বিল জমা হয়েছে, সেগুলোর ক্ষেত্রে ওই সার্কুলার প্রযোজ্য হবে না।
প্রসঙ্গত, গত ২৫ আগস্ট বাংলাদেশ জুট মিলস অ্যাসোসিয়েশন ও বাংলাদেশ জুট স্পিনার্স অ্যাসোসিয়েশন কাঁচা পাট রপ্তানি বন্ধে মন্ত্রণালয়ে আবেদন করে। তাদের অনুরোধের ভিত্তিতেই ৮ সেপ্টেম্বর থেকে অনুমোদন ছাড়া রপ্তানির ওপর বিধিনিষেধ দেওয়া হয়।
পাট অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ২০২৩-২৪ অর্থবছরে বাংলাদেশ ১৩টি দেশে ১৩.৪৪ লাখ বেল কাঁচা পাট রপ্তানি করেছে। রপ্তানির পরিমাণ ছিল ১৬ কোটি ডলার। প্রধান ক্রেতা দেশগুলো হলো ভারত, পাকিস্তান, নেপাল ও চীন।

