নিরঞ্জন ঘোষ নিয়মিত করদাতা। বহু বছর ধরে নিজ ও স্ত্রীর নামে বিভিন্ন ব্যাংকে এফডিআর বা স্থায়ী আমানত রাখছেন কয়েক কোটি টাকার। তবে বছরের জুন শেষের আগেই মেয়াদ পূর্ণ হোক বা না হোক সব এফডিআর ভেঙে পে অর্ডার আকারে টাকা তুলে নেন। জুলাইয়ের প্রথম সপ্তাহে ফের নতুন এফডিআর খোলেন। উদাহরণস্বরূপ, গত ৩০ জুনের আগে নিজ নামে পৌনে ৯ কোটি টাকার এফডিআর ভেঙে জুলাইয়ের প্রথম সপ্তাহে ১১ কোটি ১৪ লাখ টাকার বেশি এফডিআর করেছেন। দীর্ঘদিন ধরে এভাবে আয় গোপন রেখে কর ফাঁকি দিচ্ছেন তিনি।
নিরঞ্জন ঘোষ একাধারে কর আইনজীবী ও অ্যাক্সেসরিজ ব্যবসায়ী। তিনি বসবাস করেন ঢাকার খিলগাঁওয়ে। তার স্ত্রী অন্তরা ঘোষের ক্ষেত্রেও একই পদ্ধতি দেখা গেছে। সম্প্রতি জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) গোয়েন্দা ও তদন্ত ইউনিট (আইটিআইআইইউ) ব্যাংক লেনদেনে এ অস্বাভাবিকতা ধরা পড়েছে।
রাজস্ব গোয়েন্দারা জানিয়েছেন, নিরঞ্জন ঘোষ যদি এফডিআরের আয় দেখাতেন, নিয়মিত কর হার হতো ২৫ শতাংশ। প্রাথমিক হিসাব অনুযায়ী, তিনি অন্তত সাড়ে তিন কোটি টাকা কর ফাঁকি দিয়েছেন। তবে আয় বৈধ কি না, তা জানা যাচ্ছে না। উৎস দেখাতে না পারায় এ অর্থ লুকিয়ে রাখছেন। ইতিমধ্যে নিরঞ্জন ঘোষ ও স্ত্রীর সব ব্যাংক হিসাব স্থগিত (ফ্রিজ) করা হয়েছে। ব্যাংকগুলোকে আয়, সম্পদ ও লেনদেনের তথ্য দিতে বলা হয়েছে।
এনবিআর সূত্র জানায়, আয় গোপন করার জন্য নিরঞ্জন ঘোষ প্রতিবছর জুন শেষের কর্মদিবসের আগেই এফডিআর ভাঙেন। এতে বছরের শেষ দিনে ব্যাংক হিসাবের ব্যালান্স শূন্য দেখায়। যেহেতু তিনি আয়কর আইনজীবী, তাই ফাঁকির পথ জানেন। আয় লুকিয়ে রাখার জন্য রিটার্নে পে অর্ডার থাকা অর্থও দেখান না। ব্যাংক ১০ শতাংশ কর কেটে দিলেও চূড়ান্ত কর দেওয়ার সময় সমন্বয় দাবি করেন না।
গোপন তথ্যের ভিত্তিতে ২০২৪-২৫ করবর্ষের রিটার্ন যাচাই করা হয়। দেখা যায়, নিরঞ্জন ঘোষ নামমাত্র ব্যক্তিগত ও ব্যবসার আয় দেখিয়েছেন। নিট সম্পদ দেখানো হয়েছে তিন কোটি ১৩ লাখ টাকা। ব্যাংক হিসাবের ব্যালান্স শূন্য দেখানো হলে গোয়েন্দাদের সন্দেহ হয়। জুনের শেষ সপ্তাহে সাউথইস্ট ব্যাংক কাকরাইল শাখায় চারটি এফডিআর ভেঙে সুদসহ প্রায় ৭ কোটি ৪৫ লাখ টাকার পে অর্ডার নিয়েছেন। মার্কেন্টাইল ব্যাংকের একটি শাখায় ভাঙা এফডিআর থেকে পেয়েছেন ১ কোটি ৩৫ লাখ টাকা। কিন্তু সর্বশেষ রিটার্নে এফডিআরের বিষয় উল্লেখ করা হয়নি।
পরবর্তীতে ৭ জুলাই সাউথইস্ট ব্যাংক করপোরেট শাখায় ১২টি এফডিআর করে ১১ কোটি ১৪ লাখ ৯২ হাজার টাকা জমা দেন। জুনের শেষের পে অর্ডারের সঙ্গে যোগ করলে মোট ১১ কোটি ১৪ লাখ ৯২ হাজার টাকা হয়। এই অর্থ আয়কর আইনে অপ্রদর্শিত আয় হিসেবে গণ্য। আইটিআইআইইউর প্রাথমিক হিসাব অনুযায়ী, ২৫ শতাংশ হারে প্রযোজ্য কর হবে প্রায় সাড়ে তিন কোটি টাকা। জরিমানাসহ তা চার কোটি টাকার কাছাকাছি হবে।
নিরঞ্জন ঘোষ ২০২৩-২৪ আয়বর্ষে ৩২ লাখ ৬৫ হাজার ১০৭ টাকা আয় দেখিয়ে ৫ লাখ ৮৫ হাজার ৮৫২ টাকা আয়কর দিয়েছেন। মৎস্য খাত ও পেঁয়াজ ব্যবসার আয়ের কোনো প্রমাণ নেই। তিনি অনুমতিপত্র নিয়েছেন, কিন্তু রিটার্নে পেঁয়াজ ব্যবসার উল্লেখ করেননি। অনুসন্ধানে দেখা গেছে, শুধুমাত্র ২০২৪-২৫ নয়, পূর্বের পাঁচটি করবর্ষেও একই কৌশল ব্যবহার করা হয়েছে। খিলগাঁওয়ে তার এএএ প্লাস অ্যাক্সেসরিজ ইন্ডাস্ট্রিজ লিমিটেড থেকে তিনি ৭ লাখ ৭৩ হাজার টাকার আয় দেখিয়েছেন।
নিরঞ্জন ঘোষ বলেন, এফডিআরের মূলধনের ওপর কেন কর দিতে হবে, তা তিনি বোঝেন না। তার মতে, এফডিআর যে কোনো সময় নগদায়ন করা বৈধ। তিনি দাবি করেন, এনবিআরের যে পরিমাণ এফডিআর দেখানো হয়েছে, প্রকৃতপক্ষে তা এত বড় নয়। এছাড়া ৩০ নভেম্বর পর্যন্ত কর পরিশোধের সময় আছে। তিনি বলেন, পেঁয়াজ ব্যবসা বন্ধ আছে কারণ ব্যাংক হিসাব বন্ধ। ব্যবসা চললে করও দেওয়ার সুযোগ থাকবে।
আইটিআইআইইউ কমিশনার মোহাম্মদ আবদুর রকিববলেন, রিটার্নে এফডিআর দেখানো হয়নি। ৩০ জুনের আগে এফডিআর ভেঙে ব্যালান্স শূন্য করা হয়েছে, পরে আবার নতুন এফডিআর করা হয়েছে। এটি কর ফাঁকির অপকৌশল। তিনি বলেন, একজন আইনজীবী এমন কাজ করবে, তা আশা করা যায় না। রকিব আরও বলেন, এই ঘটনা করদাতাদের রিটার্ন যাচাইয়ে আরও সতর্ক হতে শেখাবে। ধারণা করা হচ্ছে, অনেক করদাতা ৩০ জুনের আগে এই ধরনের কৌশল ব্যবহার করেন।

