জাতীয় রাজস্ব বোর্ডের (মূসক বাস্তবায়ন) সদস্য মোহাম্মদ বেলাল হোসেন চৌধুরীর বিদেশযাত্রা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হচ্ছে। বাংলাদেশ পুলিশ শুক্রবার (১৯ সেপ্টেম্বর) এ বিষয়ে নিজেদের ভেরিফায়েড ফেসবুক পেজে সতর্কবার্তা দিয়েছে।
পুলিশ জানায়, ‘মো. বেলাল হোসেন চৌধুরীর বিদেশগমন নিয়ে সোশ্যাল মিডিয়ায় যে তথ্য প্রচারিত হচ্ছে, তা সত্য নয়। বাস্তবে, তার বিদেশ যাত্রা নিয়ে চলতি বছরের ২ ফেব্রুয়ারি আদালত নিষেধাজ্ঞা আরোপ করেছিলেন। এরপর ৯ সেপ্টেম্বর ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ আদালত তাকে সরকারি কাজে বিদেশগমনের অনুমতি দেন। একইসঙ্গে অভ্যন্তরীণ সম্পদ বিভাগ থেকে প্রজ্ঞাপন জারি হয়েছে।’
পুলিশের পোস্টে আরও বলা হয়েছে, ‘আদালতের অনুমতি এবং সরকারি প্রজ্ঞাপনের আলোকে ইমিগ্রেশন পুলিশ তার বিদেশ যাত্রা সম্পন্ন করেছে। তাই সামাজিক যোগাযোগমাধ্যমে যা বলা হচ্ছে—“আদালতের নিষেধাজ্ঞা সত্ত্বেও বিদেশযাত্রা সম্পন্ন হয়েছে”— তা সঠিক নয়।’
এর আগে ফেসবুকে বেলাল হোসেনের বিদেশযাত্রা, দুদকের অনুসন্ধান, অবৈধ সম্পদের অভিযোগ এবং বিভিন্ন ব্যক্তির সঙ্গে তার ছবি, এমনকি বিদেশগমনের টিকেটের অর্থায়ন ইত্যাদি নিয়ে নানা পোস্ট ছড়ানো হয়। এই সব তথ্যের কারণে সামাজিক মাধ্যমে বিভ্রান্তি সৃষ্টি হয়েছিল।

