ঢাকায় জাপানের নির্মাণ শিল্পে শ্রমিক সংকট মোকাবেলা ও বাংলাদেশী তরুণদের কর্মক্ষেত্রে আরও ভালো সুযোগ নিশ্চিত করতে একটি যৌথ প্রকল্প শুরু হতে যাচ্ছে। প্রকল্পটি পরিচালনা করবে হাইটেক করপোরেশন এলএলসি (জাপান) ও হার্টফুল লিমিটেড (বাংলাদেশ) ট্রাস্ট টেকনিক্যাল ট্রেনিং ইনস্টিটিউটের (টিটিটিআই) সহযোগিতায়।
এই প্রশিক্ষণ কার্যক্রমে ব্যবহার করা হবে জাপান থেকে সরাসরি আমদানি করা নির্মাণ উপকরণ। আনুষ্ঠানিকভাবে প্রশিক্ষণ শুরু হবে আগামী নভেম্বর থেকে। প্রশিক্ষণ কর্মসূচিতে অংশগ্রহণকারীদের প্রশিক্ষণ দেবেন জাপান থেকে আগত অভিজ্ঞ নির্মাণ প্রশিক্ষক ও জাপানি ভাষা শিক্ষকরা।
হাইটেক করপোরেশন এলএলসির (জাপান) ব্যবস্থাপনা পরিচালক তোমোহিরো ইয়োশিদা বলেন, “আমাদের লক্ষ্য জাপানের নির্মাণ শিল্পে শ্রমিক সংকট সমাধান করা এবং বাংলাদেশী তরুণদের জন্য নতুন কর্মসংস্থান ও ভবিষ্যৎ গড়ার সুযোগ তৈরি করা। এই প্রকল্প উভয় দেশের জন্য একটি বিশাল সম্ভাবনা।”

