চট্টগ্রাম বন্দরের রেড সি গেটওয়ে টার্মিনাল বা আরএসজিটি চিটাগংয়ে নতুন ইয়ার্ড ও সুবিধা চালু হয়েছে। জাতীয় রাজস্ব বোর্ডের অনুমোদনের পর সাউথ কনটেইনার ইয়ার্ডের ব্যবহার শুরু হয়েছে। নতুন শেড ও ছাউনির মাধ্যমে কনটেইনার খুলে সরবরাহের ব্যবস্থা তৈরি হয়েছে। এছাড়া ধারাবাহিকভাবে কনটেইনার ওঠানো–নামানোর যন্ত্রপাতিও যুক্ত হচ্ছে। এতে টার্মিনালের সক্ষমতা বেড়েছে। সক্ষমতা বৃদ্ধির ফলে সেবার আওতাও বেড়েছে, জানিয়েছে পরিচালনাকারী সৌদি প্রতিষ্ঠান আরএসজিটি।
গত বছরের জুনে এই টার্মিনাল সরকারি–বেসরকারি অংশীদারিত্বের আওতায় সৌদি আরবভিত্তিক আরএসজিটির হাতে দেওয়া হয়। এটি বাংলাদেশের প্রথম টার্মিনাল, যা দীর্ঘ মেয়াদে সরকারি–বেসরকারি অংশীদারিত্বে পরিচালনার জন্য হস্তান্তর করা হয়েছে। শুরুতে বিভিন্ন প্রতিবন্ধকতার কারণে পুরো সক্ষমতা ব্যবহার করা যায়নি। তখন কনটেইনার ওঠানো–নামানোর হারও কম ছিল। নতুন সুবিধা যুক্ত হওয়ার পর এখন এই হার বেড়েছে।
বন্দর কর্মকর্তারা জানান, টার্মিনাল পরিচালনার দায়িত্ব পাওয়ার পর আরএসজিটি মূলত জাহাজে রপ্তানি কনটেইনার বোঝাই করত। গত মে মাসে স্ক্যানার মেশিন স্থাপনের পর জাহাজের আমদানি কনটেইনার নামানোও শুরু হয়। তবে পর্যাপ্ত জায়গার অভাবে অনেক জাহাজ ভেড়ানো যাচ্ছিল না। চুক্তি অনুযায়ী, সাউথ কনটেইনার ইয়ার্ড সময়মতো পাওয়া যায়নি।
দীর্ঘ প্রক্রিয়ার পর গত মাসে প্রতিষ্ঠানটি সাউথ কনটেইনার ইয়ার্ড ব্যবহার করতে পারছে। এটি একসঙ্গে পাঁচ হাজার একক কনটেইনার রাখার ক্ষমতা রাখে। এই চত্বর চালু হওয়ার পর কনটেইনার ওঠানো–নামানোর হার বেড়েছে। গত বুধবার টার্মিনালের দুটি জেটিতে দুটি কনটেইনার জাহাজ ছিল। এসব জাহাজ থেকে পণ্য ওঠানো–নামানোর কাজ চলছিল। আরএসজিটি জানিয়েছে, গত আগস্টে টার্মিনালে ২৪,৬০৭ একক কনটেইনার ওঠানো–নামানো হয়েছে। গত বছরের একই সময়ে এই সংখ্যা ছিল ৬,৬৮১। অর্থাৎ, এক বছরে কনটেইনার ওঠানো–নামানোর হার বেড়েছে প্রায় ২৬৮ শতাংশ।
টার্মিনালে ‘এলসিএল’ কনটেইনারের ধারণক্ষমতাও বাড়ানো হয়েছে। একসঙ্গে ২৫০ একক এলসিএল কনটেইনারের নতুন শেড যুক্ত হয়েছে। ফলে একসঙ্গে ৩৫০ একক এলসিএল কনটেইনারের পণ্য রাখা সম্ভব হয়েছে। আরএসজিটি চিটাগং টার্মিনালে এখন সনাতন পদ্ধতিতে জাহাজের ক্রেন দিয়ে কনটেইনার ওঠানো–নামানো হচ্ছে। যদিও অত্যাধুনিক চারটি গ্যান্ট্রি ক্রেনের কার্যাদেশ দেওয়া হয়েছে। সরবরাহে ন্যূনতম দেড় বছর সময় লাগবে। এই ক্রেনগুলো আগামী বছরের মার্চে টার্মিনালে যুক্ত হবে।
গ্যান্ট্রি ক্রেন আসার আগে পরিচালনার দক্ষতা বাড়াতে রাবার টায়ার্ড গ্যান্ট্রি বা আরটিজি ক্রেন চারটি ইতোমধ্যে বহরে যুক্ত হয়েছে। এগুলো আগামী মাসে ব্যবহার শুরু হবে। দ্বিতীয় ধাপে অক্টোবরে আরও ১০টি আরটিজি আসবে এবং চালু হবে নভেম্বরের মধ্যে। সব মিলিয়ে আগামী মে মাসের মধ্যে অত্যাধুনিক যন্ত্রপাতি সম্পূর্ণভাবে যুক্ত হবে। এই সব যন্ত্রপাতিতে প্রতিষ্ঠানটি ৬ কোটি ৩০ লাখ মার্কিন ডলার বিনিয়োগ করেছে।
আরএসজিটি চট্টগ্রামের বাণিজ্য ও জনসংযোগ প্রধান সৈয়দ আরেফ সরওয়ার বলেন, ‘আমরা শুধু একটি টার্মিনাল তৈরি করছি না, গড়ে তুলছি আস্থা, দক্ষতা এবং ভবিষ্যৎমুখী লজিস্টিকস হাব। দ্রুত বিনিয়োগের মাধ্যমে বিশ্বমানের সেবা দিতে চাই। বন্দরের দক্ষতার নতুন মানদণ্ড স্থাপন করছে এই টার্মিনাল।’

