বাংলাদেশ থেকে প্রথমবারের মতো আম ও কাঁঠাল সমুদ্রপথে রপ্তানি করা হয়েছে। এ নিয়ে দেশের কৃষিপণ্যের রপ্তানিতে নতুন ধাপ শুরু হলো। এতদিন এসব ফল কেবল আকাশপথেই রপ্তানি হতো। এবার সংযুক্ত আরব আমিরাত, যুক্তরাষ্ট্র ও ইউরোপের কয়েকটি দেশে পাঠানো হয়েছে।
চট্টগ্রাম সমুদ্রবন্দর উদ্ভিদ সংঘনিরোধ কেন্দ্রের তথ্য অনুযায়ী, সদ্য শেষ মৌসুমে ছয়টি দেশে সমুদ্রপথে মোট ৩৯ হাজার ১৪১ কেজি আম রপ্তানি হয়েছে। এর মধ্যে যুক্তরাজ্যে গেছে ১৭ হাজার ৮৭৭ কেজি, সংযুক্ত আরব আমিরাতে ১৪ হাজার ৫৮০ কেজি, যুক্তরাষ্ট্রে ৩ হাজার ৮৩৪ কেজি, ইতালিতে ১ হাজার ৯৫০ কেজি, বেলজিয়ামে ৫০৪ কেজি এবং কানাডায় ৩৯৬ কেজি।
চট্টগ্রাম উদ্ভিদ সংঘনিরোধ কেন্দ্রের উপপরিচালক মো. শাহ আলম বলেন, “এবার প্রথমবার সমুদ্রপথে আম রপ্তানি হলো। দুবাইতে পাঠানো ফ্রেশ আমের মান কিছুটা খারাপ হলেও ফ্রোজেন আকারে যেসব দেশে পাঠানো হয়েছে, সেখানে সমস্যা হয়নি।”
রপ্তানিযোগ্য আম উৎপাদন প্রকল্পের পরিচালক মোহাম্মদ আরিফুর রহমান বলেন, “আগে দেশে রপ্তানিযোগ্য আমের উৎপাদন কম ছিল। এখন কৃষকদের সহযোগিতায় প্রচুর ভালো মানের আম উৎপাদন হচ্ছে। এ বছর প্রথমবার সমুদ্রপথে কিছু আম পাঠানো হয়েছে, যদিও সময় বেশি লাগায় মান পুরোপুরি অক্ষুণ্ণ হয়নি।” শুধু আম নয়, কাঁঠাল রপ্তানিতেও এসেছে পরিবর্তন। রাজধানীর রপ্তানিকারক প্রতিষ্ঠান ইউনিভার্স স্টাইল গত মে মাসে প্রথমবার সমুদ্রপথে ৩ হাজার ৫০০ কেজি কাঁঠাল দুবাই পাঠায়। কনটেইনার পৌঁছাতে সময় লেগেছিল ২৬ দিন, যা নির্ধারিত ১২ দিনের থেকে বেশি। তারপরও কাঁঠালের মান প্রায় অক্ষুণ্ণ ছিল।
খরচের দিক থেকেও সমুদ্রপথ বেশি লাভজনক। বিমান পরিবহনে প্রতি কেজি ফল রপ্তানিতে খরচ হয় প্রায় ১৬০ টাকা। বিপরীতে সমুদ্রপথে ৩০-৩২ টনের একটি কনটেইনার পাঠাতে খরচ পড়ে সাড়ে ৩ থেকে ৪ লাখ টাকা। অর্থাৎ প্রতি কেজি খরচ মাত্র ১৩-১৪ টাকা। এতে খরচ কমে বৈদেশিক বাজারে প্রতিযোগিতায় টিকে থাকার সুযোগ তৈরি হচ্ছে। তবে সময় বেশি লাগায় ফল নষ্ট হওয়ার ঝুঁকি রয়ে গেছে। এজন্য প্রয়োজন আধুনিক প্রক্রিয়াজাতকরণ ও সংরক্ষণ সুবিধা।
কাঁঠালের ক্ষেত্রে প্রায় পুরো রপ্তানিই আকাশপথে হয়ে থাকে। চলতি মৌসুমে রপ্তানিকৃত ১,৫৩১ মেট্রিক টন কাঁঠালের মধ্যে মাত্র সাড়ে ৩ মেট্রিক টন সমুদ্রপথে গেছে। বাকিগুলো বিমানে পাঠানো হয়েছে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্ভিদ সংঘনিরোধ বিভাগের তথ্য অনুযায়ী, বাংলাদেশের কাঁঠাল মূলত মধ্যপ্রাচ্য, যুক্তরাজ্য, ফ্রান্স, জার্মানি, সুইডেন ও আয়ারল্যান্ডে রপ্তানি হয়। এর মধ্যে সবচেয়ে বেশি চাহিদা মধ্যপ্রাচ্যে। দ্রুত পরিবহনের কারণে এতদিন আকাশপথই রপ্তানিকারদের প্রথম পছন্দ ছিল। শুধু ফল নয়, সবজি রপ্তানিতেও ইতিবাচক অগ্রগতি হচ্ছে। চট্টগ্রাম সমুদ্রবন্দর উদ্ভিদ সংঘনিরোধ কেন্দ্রের তথ্যমতে, ২০২৪-২৫ অর্থবছরে সমুদ্রপথে সবজি রপ্তানি হয়েছে ৫৮,৭৬৬ মেট্রিক টন, যা আগের বছরের তুলনায় ৩১৩ শতাংশ বেশি।
জানুয়ারি থেকে আগস্ট ২০২৫ পর্যন্ত চট্টগ্রাম সমুদ্রবন্দর হয়ে রপ্তানি হয়েছে ৫৫,৭০৪ মেট্রিক টন সবজি। এর মধ্যে আলু সবচেয়ে বেশি—৩৮,০৪৬ মেট্রিক টন। এছাড়া বাঁধাকপি ১৫,৬৩৬ মেট্রিক টন, মরিচ ২৭৭ মেট্রিক টন, টমেটো ১৬৭ মেট্রিক টন, মিষ্টি কুমড়া ৬৯৮ মেট্রিক টন এবং হিমায়িত সবজি ৮৮০ মেট্রিক টন।
উপপরিচালক মো. শাহ আলম বলেন, “দেশে বিপুল পরিমাণ ফল ও সবজি উৎপাদন হয়। কিন্তু প্রক্রিয়াজাত সুবিধার অভাবে খুব অল্প অংশ রপ্তানি হয়। যদি প্যাকিং হাউসসহ আধুনিক অবকাঠামো তৈরি করা যায়, তাহলে সমুদ্রপথে রপ্তানি নতুন দিগন্ত খুলবে।” সংশ্লিষ্টরা বলছেন, এ উদ্যোগের মাধ্যমে কৃষিপণ্য রপ্তানিতে খরচ কমবে, প্রতিযোগিতা বাড়বে এবং নতুন বাজার তৈরি হবে। তবে এজন্য প্রয়োজন আধুনিক প্রযুক্তি, প্রক্রিয়াজাতকরণ সুবিধা ও অবকাঠামো।

