শেখ হাসিনা সরকারের শেষ মেয়াদে দ্বাদশ সংসদ সদস্যদের জন্য আমদানি করা ৩০টি গাড়ি সরকারকেই দেওয়া হচ্ছে। নিলামে প্রত্যাশিত দর না পাওয়ায় এ সিদ্ধান্ত নিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।
গতকাল শনিবার দুপুরে চট্টগ্রাম বন্দর মিলনায়তনে এক কর্মশালা শেষে সাংবাদিকদের এ তথ্য জানান এনবিআর চেয়ারম্যান মো. আবদুর রহমান খান। তিনি বলেন, সাবেক সংসদ সদস্যদের আনা এসব গাড়ি সরকার ব্যবহার করবে। এগুলো জনপ্রশাসন মন্ত্রণালয়ের পরিবহন পুলে যুক্ত হবে। সেখান থেকে সংশ্লিষ্ট দপ্তরগুলোতে বরাদ্দ দেওয়া হবে।
এনবিআর চেয়ারম্যান আরও জানান, নিলামে খুবই কম দাম ওঠায় বিক্রি করা যায়নি। নিলামের অর্থ সরকারি কোষাগারে জমা হলেও সরকারকেই আবার বেশি দামে কিনতে হতো। তাই জাতীয় স্বার্থে সরাসরি গাড়িগুলো সরকারের কাছে হস্তান্তরের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর সাবেক এমপিরা শুল্কমুক্ত সুবিধায় এসব গাড়ি আমদানি করেছিলেন। তবে রাজনৈতিক পটপরিবর্তনের পর গত বছরের ৬ আগস্ট সংসদ ভেঙে গেলে এনবিআর শুল্কমুক্ত সুবিধা বাতিল করে। ফলে বন্দর থেকে আর গাড়িগুলো ছাড়াননি সাবেক সংসদ সদস্যরা।
মোট ৫১টি গাড়ি আমদানি করেছিলেন সাবেক এমপিরা। এর মধ্যে ৭টি গাড়ি রাজনৈতিক পটপরিবর্তনের আগে–পরে ছাড়িয়ে নেওয়া হয়। বাকি গাড়িগুলোর মধ্যে ২৪টি গত ফেব্রুয়ারিতে নিলামে তোলে চট্টগ্রাম কাস্টমস।
সেই নিলামে গাড়িভেদে সর্বোচ্চ দর উঠেছিল ১ লাখ থেকে ৩ কোটি ১০ লাখ টাকার মধ্যে। তবে ১০টি গাড়ির জন্য কোনো দরই জমা পড়েনি। অথচ এসব গাড়ির সংরক্ষিত মূল্য ছিল ৯ কোটি ৬৭ লাখ টাকা। ফলে নিলামে কোনো গাড়ি বিক্রি হয়নি। এখন ৩০টি গাড়ি সরকারের মালিকানায় যাচ্ছে।

