২০১০ সালে বাংলাদেশের স্থানীয় ইলেকট্রনিকস ব্র্যান্ড ওয়ালটন যখন কাতারে তাদের প্রথম রেফ্রিজারেটরের চালান পাঠায়, তখন কেউই কল্পনা করতে পারেনি একদিন তারা বিশ্বজয়ের পথে এগিয়ে যাবে। মাত্র ১৫ বছরে, ২০২৫ সালে এসে ওয়ালটন দেশের শীর্ষ বহুজাতিক প্রতিষ্ঠানে পরিণত হয়েছে। বর্তমানে এশিয়া, মধ্যপ্রাচ্য, আফ্রিকা, ইউরোপ, উত্তর আমেরিকা ও ওশেনিয়াসহ ৫০টির বেশি দেশে পণ্য রপ্তানি করছে তারা।
সাদামাটা সূচনা থেকে ওয়ালটন এখন বিশ্বমানের ইলেকট্রনিকস উৎপাদক। উদ্ভাবন, স্থানীয়করণ ও গুণগত মানে জোর দিয়ে তারা শুধু একটি কোম্পানি নয়, বরং বাংলাদেশের ক্রমবর্ধমান শিল্প সক্ষমতার প্রতীক হয়ে উঠেছে। ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজের ২০২৩-২৪ অর্থবছরের প্রতিবেদনে দেখা যায়, গত পাঁচ বছরে ৩ লাখ ৫৫ হাজার রেফ্রিজারেটর রপ্তানি করেছে প্রতিষ্ঠানটি। বর্তমানে বিদেশে তাদের ১০ হাজারেরও বেশি বিক্রয়কেন্দ্র আছে। সম্প্রতি ভারতে কার্যক্রম সম্প্রসারণের অংশ হিসেবে শুধু এ বছরেই ৩০০টি নতুন শোরুম চালু করেছে তারা। ওয়ালটনের ব্যবস্থাপনা পরিচালক এস এম মাহবুবুল আলম বলেন, “কাতার ও মিয়ানমার দিয়ে রপ্তানি শুরু করেছিলাম। স্বপ্ন ছিল অনেক বড়—ওয়ালটনকে আন্তর্জাতিক ব্র্যান্ডে পরিণত করা।”
২০১১ সালে সংযুক্ত আরব আমিরাত ও সুদানে প্রবেশের পর ওয়ালটন দ্রুত রপ্তানি বাড়ায়। ২০১৫ সালে ভারত, নেপাল ও মালদ্বীপে বাজার পায়। ২০১৯ সালের মধ্যে তুরস্ক, পোল্যান্ড, যুক্তরাষ্ট্র ও আয়ারল্যান্ডেও জায়গা করে নেয়। ২০২৫ সালের মধ্যে সিঙ্গাপুর, রাশিয়া, দক্ষিণ কোরিয়া ও আফ্রিকার একাধিক দেশসহ ৫০টিরও বেশি বাজারে পৌঁছে গেছে ওয়ালটন। আলম বলেন, “আজ ইউরোপের পরিবারে, যুক্তরাষ্ট্রের শিক্ষার্থীদের হাতে, আফ্রিকার দোকানদারদের কাছে এবং মধ্যপ্রাচ্যের ঘরে ঘরে ওয়ালটনের রেফ্রিজারেটর পৌঁছে গেছে।”
ওয়ালটন শুধু বিতরণ নেটওয়ার্ক নয়, স্থানীয় কার্যালয় ও অংশীদারত্বও গড়ে তুলেছে। যুক্তরাষ্ট্র, জার্মানি, ভারত, নেপাল ও শ্রীলঙ্কায় তাদের বিক্রয় কার্যালয় রয়েছে। গবেষণা ও উদ্ভাবনের জন্য বাংলাদেশ, দক্ষিণ কোরিয়া ও চীনে আরঅ্যান্ডআই কেন্দ্র চালু করেছে তারা। চিফ বিজনেস অফিসার মো. তাহাসিনুল হক বলেন, “আমাদের বৈশ্বিক উপস্থিতি গ্রাহকদের কাছাকাছি থাকতে সাহায্য করে। যেমন ইউরোপে বিদ্যুৎ সাশ্রয়ী পণ্যের চাহিদা বেশি, আর দক্ষিণ এশিয়ার শহরে ছোট মডেল জনপ্রিয়। আমরা সে অনুযায়ী পরিবর্তন আনি।”
গাজীপুরে ওয়ালটনের বিশাল উৎপাদন কেন্দ্রে রেফ্রিজারেটরের প্রতিটি যন্ত্রাংশ থেকে শুরু করে চূড়ান্ত পণ্য পর্যন্ত তৈরি হয়। বছরে ৩৫ লাখ ইউনিট উৎপাদনের ক্ষমতা তাদের আছে। ইতিমধ্যেই তারা আইএসও, সিই, সিবি, জিসিসি ও ইউএল সনদ অর্জন করেছে, যা কঠোর নিয়ন্ত্রিত বাজারে প্রবেশ সহজ করেছে। ওয়ালটনের গবেষণা বিভাগের নির্বাহী আজমল ফেরদৌস বলেন, “ভার্টিক্যাল ইন্টিগ্রেশন আমাদের বড় শক্তি। আমরা কম্প্রেসার ও পিসিবি বোর্ডসহ গুরুত্বপূর্ণ যন্ত্রাংশ নিজেরাই তৈরি করি। এতে খরচ কমে, মান নিয়ন্ত্রণেও সুবিধা হয়।”
ওয়ালটনের রেফ্রিজারেটরে এখন যুক্ত হয়েছে এআই ডক্টর, স্মার্ট ডিসপ্লে, আট-ইন-ওয়ান কনভার্টিবল মোড ও জীবাণুনাশক প্রযুক্তি। পরিবেশবান্ধব আর৬০০এ রেফ্রিজারেন্ট ব্যবহার করে তারা বৈশ্বিক উষ্ণায়নের প্রভাব কমাচ্ছে। ইউএনডিপি ও পরিবেশ অধিদপ্তরের সঙ্গে কাজ করে ক্ষতিকর রেফ্রিজারেন্ট বন্ধের উদ্যোগ নিয়েছে প্রতিষ্ঠানটি। প্রকৌশলী আব্দুল মালেক সিকদার বলেন, “আমরা চাই ওয়ালটনের পণ্য শুধু পারফরম্যান্সেই নয়, পরিবেশবান্ধব দিক থেকেও আলাদা পরিচিতি পাক।”
বাংলাদেশ ও দক্ষিণ কোরিয়ায় ওয়ালটনের আরঅ্যান্ডআই কেন্দ্রে ২৫০ জন প্রকৌশলী কাজ করছেন। তারা জলবায়ু-উপযোগী প্রযুক্তি, এআই সমন্বয় ও অটোমেশনে মনোযোগী। তাহাসিনুল হক বলেন, “আমাদের আইওটি রেফ্রিজারেটর সরাসরি সার্ভিস সেন্টারে ত্রুটির তথ্য পাঠাতে পারে। এতে প্রত্যন্ত অঞ্চলের গ্রাহকদের যন্ত্র বন্ধ থাকার সময় কমে।” দেশ-বিদেশে ৩০ হাজারেরও বেশি মানুষ ওয়ালটনে কাজ করছে। মানবসম্পদ বিভাগের প্রধান মো. কাউসার উদ্দিন চৌধুরী বলেন, “প্রতিটি রপ্তানি শুধু ওয়ালটনের নাম নয়, হাজারো শ্রমিকের স্বপ্নও বহন করে।”
২০২৩ সালে বিশ্বজুড়ে রেফ্রিজারেটরের বাজার ছিল ১৩০ থেকে ১৫০ বিলিয়ন ডলার। ওয়ালটনের কর্মকর্তারা মনে করেন, আগামী ৫ থেকে ৭ বছরে এর ১ থেকে ৩ শতাংশ দখল করা সম্ভব। ভাইস প্রেসিডেন্ট আব্দুর রউফ বলেন, “১ শতাংশ বাজারও মানে বিলিয়ন ডলারের আয়। চীনের বিকল্প সরবরাহকারীর খোঁজে থাকা ব্র্যান্ডগুলোর জন্য ওয়ালটন হতে পারে নির্ভরযোগ্য সমাধান।” তিনি জানান, শ্রীলঙ্কা, নেপাল ও পূর্ব আফ্রিকাকে ওয়ালটন প্রবৃদ্ধির সম্ভাবনাময় অঞ্চল হিসেবে বিবেচনা করছে। এসব অঞ্চলে সাশ্রয়ী ও বিদ্যুৎ-সাশ্রয়ী যন্ত্রের চাহিদা দ্রুত বাড়ছে।
ওয়ালটনের উত্থানে সরকারি প্রণোদনা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। শুরুতে ১০ শতাংশ নগদ প্রণোদনা থাকলেও এখন তা কমে ৬ শতাংশ হয়েছে। ভবিষ্যতে উন্নয়নশীল দেশের কাতারে যোগ দিলে প্রণোদনা তুলে দেওয়া হতে পারে। এস এম মাহবুবুল আলম বলেন, “আমরা প্রণোদনার ওপর নির্ভর করতে চাই না। প্রযুক্তি, মান আর ব্র্যান্ড শক্তির মাধ্যমেই প্রতিযোগিতা করতে চাই। তবে সরকার যেন বিশ্ববাজারে বাংলাদেশি ব্র্যান্ডগুলোর পরিচিতি গড়তে সহায়তা অব্যাহত রাখে, সেই প্রত্যাশা আমাদের।”

