বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির অর্থ উদ্ধারে বড় অগ্রগতি হয়েছে। ফিলিপাইনের রিজাল কমার্শিয়াল ব্যাংকিং করপোরেশন (আরসিবিসি) অ্যাকাউন্টে থাকা ৮১ মিলিয়ন ডলার আদালতের আদেশে বাজেয়াপ্ত করেছে অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।
আজ (রবিবার) দুপুরে সিআইডির বিশেষ পুলিশ সুপার (মিডিয়া) জসীম উদ্দিন খান এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, আদালতের মাধ্যমে এই অর্থ বাজেয়াপ্ত করা হয়েছে, যা বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির মামলার সঙ্গে সরাসরি যুক্ত। ২০১৬ সালের ফেব্রুয়ারিতে সুইফট সিস্টেম ব্যবহার করে ৩৫টি ভুয়া বার্তার মাধ্যমে ফেডারেল রিজার্ভ ব্যাংক অব নিউইয়র্কে রাখা বাংলাদেশ ব্যাংকের হিসাব থেকে ১০০ কোটি ডলার সরিয়ে নেওয়ার চেষ্টা হয়। এর মধ্যে অপরাধীরা ১০ কোটি ১০ লাখ ডলার লোপাট করতে সক্ষম হয়। চুরি হওয়া অর্থের মধ্যে শ্রীলঙ্কায় পাঠানো ২ কোটি ডলার উদ্ধার করা গেলেও বাকি ৮ কোটি ১০ লাখ ডলার ফিলিপাইনের আরসিবিসি ব্যাংকের মাধ্যমে বিভিন্ন ক্যাসিনোয় ঢুকে যায়। এবার সেই অর্থ বাজেয়াপ্ত হওয়ায় নতুন সম্ভাবনা তৈরি হলো।
সিআইডি কর্মকর্তারা জানান, মানি লন্ডারিং প্রতিরোধ আইন ও তথ্যপ্রযুক্তি আইনে দায়ের করা মামলার তদন্তের অংশ হিসেবে বাংলাদেশ ও ফিলিপাইনের আদালতের সহযোগিতায় এই অর্থ বাজেয়াপ্ত করা হয়েছে। এতে বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির মামলায় অর্থ উদ্ধারের পথে গুরুত্বপূর্ণ মাইলফলক অতিক্রম হলো।
সিআইডির একটি সূত্র জানায়, আন্তর্জাতিক সহযোগিতা ও আইনি প্রক্রিয়া সম্পন্ন হলে ফিলিপাইনে আটকানো অর্থ বাংলাদেশ ব্যাংকের রিজার্ভে ফেরত আনা হবে। এ বিষয়ে বিস্তারিত জানাতে আজ বিকেলে রাজধানীর মালিবাগে সিআইডি কার্যালয়ে সংবাদ সম্মেলন করবেন সংস্থার প্রধান অতিরিক্ত আইজিপি মো. ছিবগাত উল্লাহ।

