দেশে প্রাণিখাদ্যের মূল কাঁচামাল ভুট্টা। এটি সস্তা হলেও বাজারে কমছে না ফিডের দাম। গত এক দশকে দেশে ভুট্টার উৎপাদন দ্বিগুণের বেশি বেড়েছে। বর্তমানে ৭০ শতাংশ চাহিদা পূরণ হচ্ছে দেশীয় ভুট্টা দিয়ে। বাকি অংশ আমদানি করা হয়।
ফিড তৈরির অন্য দুটি প্রধান উপকরণ সয়ামিল ও ভিটামিন আমদানিনির্ভর। আন্তর্জাতিক বাজারে এ দুটির দাম রাশিয়া-ইউক্রেন যুদ্ধের পর থেকেই ক্রমান্বয়ে কমছে। তবুও দেশে প্রাণিখাদ্যের দাম স্থির হয়নি। খামারিদের অভিযোগ, কিছু বড় কোম্পানি সিন্ডিকেট করে বাজার নিয়ন্ত্রণ করছে। প্রায় ৫০ হাজার কোটি টাকার এই খাত হাতে গোনা কয়েকটি প্রতিষ্ঠানের দখলে। বাংলাদেশ পোলট্রি অ্যাসোসিয়েশন (বিপিএ) মনে করে, এসব কোম্পানি প্রতি কেজি ফিডে প্রায় ১০ টাকা অতিরিক্ত মুনাফা করছে।
দেশে বর্তমানে মুরগি, মাছ, গরু, মহিষ, ছাগল, ভেড়া, হাঁসসহ বিভিন্ন প্রাণিসম্পদের সংখ্যা ৪৫ কোটির বেশি। এর বড় অংশ বাণিজ্যিকভাবে পালন করা হয়। ফলে বছরে প্রায় ৮০ লাখ টন ফিডের প্রয়োজন হয়। নিবন্ধিত ৩০০ কারখানায় উৎপাদিত হয় ৭৫ লাখ টন এবং অনিবন্ধিত আরও শতাধিক কারখানায় পাঁচ লাখ টন। এর ৬০ শতাংশ যায় পোলট্রি খাতে, ২০ শতাংশ মাছ, ১৫ শতাংশ গবাদিপশু আর বাকি ৫ শতাংশ গৃহপালিত প্রাণী ও পাখির জন্য ব্যবহৃত হয়।

কৃষি বিভাগের তথ্য অনুযায়ী, দেশে বছরে ভুট্টার উৎপাদন ৬৫ থেকে ৭০ লাখ টন। ২০১৫-১৬ অর্থবছরে উৎপাদন ছিল ২৭ লাখ ৫৯ হাজার টন। ২০২৩-২৪ অর্থবছরে তা বেড়ে দাঁড়ায় ৬৮ লাখ ৮৪ হাজার টনে। তবে চলতি অর্থবছরে বিরূপ আবহাওয়ার কারণে উৎপাদন কমে দাঁড়িয়েছে প্রায় ৬৬ লাখ টন। এর ৮০ শতাংশ ব্যবহার হয় প্রাণিখাদ্য তৈরিতে। মানুষের খাদ্য তালিকায় ভুট্টার ব্যবহার সীমিত।
ফিডের দাম না কমার পেছনে ডলার সংকট, ব্যাংক ঋণের সুদহার বৃদ্ধি ও নতুন করে কাঁচামালে ৫ শতাংশ অগ্রিম আয়কর চাপানোর যুক্তি দিচ্ছেন ফিড মিল মালিকরা। তবে খামারিদের মতে, দেশে পর্যাপ্ত কাঁচামাল থাকলেও সিন্ডিকেট বাজার নিয়ন্ত্রণ করছে। জয়পুরহাটের খামারি কামাল হোসেন প্রশ্ন তুলেছেন—ভুট্টা ৩৬ টাকা, সয়ামিল ৫২ টাকা ও প্রোটিন ৯২ টাকা কেজি দরে কিনে ফিড মিশ্রণ তৈরি হলে তা ৭০ টাকা কেজি কীভাবে হয়?
ফিডের দামের ঊর্ধ্বগতি খামারিদের লোকসানে ঠেলে দিচ্ছে। একটি ব্রয়লার উৎপাদনে তাদের খরচ দাঁড়াচ্ছে ১৫০ থেকে ১৬০ টাকা, যার ৮০ শতাংশ ব্যয় খাবারে। বিপিএ সভাপতি সুমন হাওলাদার অভিযোগ করেছেন, ২০২২ সালে যুদ্ধকে অজুহাত করে কোম্পানিগুলো অস্বাভাবিকভাবে দাম বাড়ালেও পরে তা আর কমানো হয়নি। বাজার বিশ্লেষণে দেখা যায়, ২০১৫ সালে একটি নামী কোম্পানির ব্রয়লার মুরগির খাবারের দাম ছিল প্রতি কেজি ৪১ টাকা ৩০ পয়সা। বর্তমানে তা বেড়ে দাঁড়িয়েছে ৬৮ টাকা ৬৪ পয়সা। একই সময়ে গরুর ফিডের দাম দ্বিগুণ হয়ে গেছে। এখন বাজারে ব্রয়লারের ফিড বিক্রি হচ্ছে ৬০ থেকে ৭০ টাকা কেজি, হাঁসের খাবার ৫০ থেকে ৬৫ টাকা, গরুর খাবার ৪৫ থেকে ৬০ টাকা এবং মাছের খাবার ৫৫ থেকে ৭০ টাকা কেজি দরে।
আন্তর্জাতিক বাজারেও দাম নিম্নমুখী। ইনডেক্স মুন্ডির তথ্য অনুযায়ী, ২০১৫ সালে ভুট্টার দাম ছিল টনপ্রতি ১৭১ ডলার, যা ২০২২ সালে বেড়ে ৩৪৮ ডলারে পৌঁছালেও এখন কমে দাঁড়িয়েছে ১৯৬ ডলারে। একই সময়ে সয়ামিলের দাম ৩৫০ ডলার থেকে ৬০৫ ডলারে গিয়ে আবার কমে দাঁড়িয়েছে ৩৫৫ ডলারে।
আইডিএলসির এক প্রতিবেদনে বলা হয়েছে, দেশে প্রায় ৪শ ফিডমিল থাকলেও বাজার নিয়ন্ত্রণ করছে কয়েকটি প্রতিষ্ঠান। এর মধ্যে নারিশ পোলট্রির দখলে আছে সবচেয়ে বেশি ১০ দশমিক ৫৮ শতাংশ। এসিআই গোদরেজের দখলে ৭ দশমিক ৮১ শতাংশ, আরআরপি অ্যাগ্রোর ৭ দশমিক ৫১ শতাংশ, প্যারাগনের ৭ দশমিক ২২ শতাংশ এবং কাজী ফার্মসের ৬ দশমিক ৩৪ শতাংশ। এছাড়া সিপি বাংলাদেশ ও কোয়ালিটি ফিডস মিলে বাজারের প্রায় ১০ শতাংশ নিয়ন্ত্রণ করছে।
বিপিএর দাবি, এই কয়েকটি কোম্পানি এককভাবে ফিডের দাম নিয়ন্ত্রণ করছে। তবে প্রাণিসম্পদ অধিদপ্তরের কর্মকর্তারা বলছেন, দাম সহনীয় পর্যায়ে আনতে কাজ চলছে। ইতিমধ্যে কিছু ফিডের দাম কমানো হয়েছে এবং যৌক্তিক দাম নির্ধারণে আলোচনা চলছে।

