সোনালি আঁশে খ্যাতির শীর্ষে ফরিদপুর। এ জেলার ব্র্যান্ডিং পণ্য পাট। একসময় অবহেলিত থাকা পাটকাঠি এখন বিশ্ববাজারে দামি পণ্য হিসেবে জায়গা করে নিয়েছে।
আগে রান্নার জ্বালানি, ঘরের বেড়া কিংবা পানের বরজের ছাউনি ছাড়া পাটকাঠির তেমন কোনো ব্যবহার ছিল না। এখন এসব কাঠি দিয়ে তৈরি হচ্ছে চারকোল পাউডার, বোর্ড, প্রিন্টারের কালি ও নানা পণ্য। চলতি মৌসুমে ফরিদপুরে পাটের ফলন ভালো হয়েছে। তবে বাজারে আঁশের দাম বাড়েনি খরচের তুলনায়। সেই ক্ষতি কিছুটা পুষিয়ে নিতে কৃষকরা ঝুঁকছেন পাটকাঠি বিক্রিতে। জেলার গ্রামাঞ্চলে এখন সর্বত্রই চলছে কাঠি শুকানো, সংরক্ষণ ও বিক্রির কাজ।
কৃষকরা বলছেন, পাটে তেমন লাভ না হলেও কাঠি বিক্রি করে কিছুটা ঘুরে দাঁড়ানো সম্ভব হচ্ছে। কয়েক বছর আগেও কাঠির কোনো চাহিদা ছিল না, কিন্তু এখন ব্যবসায়ীরা দূর-দূরান্ত থেকে কিনতে আসছেন। এতে চাষিদের আয়ও বাড়ছে। জানা গেছে, পাটকাঠির ছাই দিয়ে তৈরি হচ্ছে কার্বন পেপার, ফটোকপি ও প্রিন্টারের কালি, আতশবাজি, ফেসওয়াশ, মোবাইল ব্যাটারি, প্রসাধনী, পানির ফিল্টার, এমনকি জীবনরক্ষাকারী ওষুধও। পাশাপাশি সার উৎপাদনের কাঁচামাল হিসেবেও এর ব্যবহার বাড়ছে। ফলে স্থানীয় চাহিদার পাশাপাশি বিশ্ববাজারেও চাহিদা বেড়ে চলেছে।
সবচেয়ে বেশি পাট উৎপাদন হয় সালথা ও নগরকান্দা উপজেলায়। গতকাল শনিবার দেখা যায়, এসব এলাকায় বাড়ির সামনে, মাঠে ও রাস্তায় পাটকাঠি শুকানো চলছে। ১০০ মুঠা কাঠি বিক্রি হচ্ছে ৮০০ থেকে ১২০০ টাকায়। এক হেক্টর জমিতে উৎপাদিত কাঠির বাজারমূল্য প্রায় ১৫ হাজার টাকা। স্থানীয় কৃষকদের ভাষ্য, কাঠির মান অনুযায়ী দাম ওঠানামা করছে। নগরকান্দার কৃষক রফিকুল ইসলাম জানান, শক্ত ও লম্বা কাঠি বিক্রি করেছেন ২ হাজার টাকায়, মাঝারি মানের ১২০০ টাকা আর ছোট ও নরম কাঠি ৮০০ টাকায়। একই এলাকার ফারুক শেখ জানান, মহাজনরা প্রতিদিনই কিনতে আসছেন। সালথার কৃষাণী জোবেদা খাতুন ১০০ মুঠা কাঠি বিক্রি করেছেন ১৬০০ টাকায়।
স্থানীয় নারী শ্রমিকরাও যুক্ত হয়েছেন এ কাজে। তারা পাট ছাড়ানো, কাঠি শুকানো ও স্তুপ করার কাজ করছেন। এতে অনেক পরিবারের বাড়তি আয়ের পথ খুলেছে। ব্যবসায়ীরাও আশাবাদী। স্থানীয় ব্যবসায়ী মঞ্জুর আলী বলেন, আগে শুধু রান্নার কাজে ব্যবহৃত হলেও এখন বড় বড় কোম্পানি এজেন্ট পাঠিয়ে কাঠি কিনছে। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য অনুযায়ী, এবার ফরিদপুরে ৮৬ হাজার ৫০০ হেক্টর জমিতে পাটের আবাদ হয়েছে। এতে উৎপাদন হবে প্রায় ৪ লাখ মেট্রিক টন পাটকাঠি। যার বাজারমূল্য ৫০০ কোটি টাকার বেশি।
অধিদপ্তরের উপ-পরিচালক শাহাদউজ্জামান বলেন, ফরিদপুর দেশের সর্ববৃহৎ পাট উৎপাদক জেলা। এখানে উৎপাদিত কাঠি কার্বন তৈরি করে চীনে রপ্তানি হচ্ছে। পাশাপাশি কালি ও কসমেটিকস তৈরিতেও ব্যবহৃত হচ্ছে। রপ্তানি বাজার আরও সম্প্রসারণের উদ্যোগ নেওয়া হয়েছে। এতে কৃষকরা বেশি করে পাট আবাদে উৎসাহিত হবেন।

