আমাদের অর্থনীতির মূল লক্ষ্য হওয়া উচিত ব্যয় থেকে উদ্বৃত্ত তৈরি করা— এমন মন্তব্য করেছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন। তিনি বলেন, বাংলাদেশ এখন ৪০০ বিলিয়ন ডলারের অর্থনীতি হলেও এখনও উদ্বৃত্ত হতে পারেনি। সম্পদের পরিমাণ না ভেবেই অতিরিক্ত ব্যয় করলে উদ্বৃত্ত আসবে না। তাই নিজস্ব সক্ষমতায় ব্যয় থেকে উদ্বৃত্ত তৈরি করে ভবিষ্যতে শক্তিশালী অর্থনীতি গড়তে হবে।
গতকাল রোববার রাজধানীর তেজগাঁও শিল্প এলাকায় অনুষ্ঠিত ‘অটোমোবাইলস অ্যান্ড এগ্রো-মেশিনারি ফেয়ার ২০২৫– রোড টু মেইড ইন বাংলাদেশ’ মেলার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বাংলাদেশ চেম্বার অব ইন্ডাস্ট্রিজ (বিসিআই) এ মেলার আয়োজন করে। এতে সহযোগিতা করে বাংলাদেশ অটোমোবাইলস অ্যাসেম্বলার্স অ্যান্ড ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন এবং অ্যাগ্রিকালচার মেশিনারি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন।
বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন আরও বলেন, কেবল নীতিগত সহায়তার ওপর নির্ভর করলে বেশি দূর যাওয়া সম্ভব নয়। দেশের গার্মেন্টস খাত নীতিগত সহায়তা নিয়ে সফল হলেও অন্য কোনো খাত সে সুযোগ কাজে লাগাতে পারেনি। স্বাধীনতার আগে এ দেশে বিশ্বের বিভিন্ন দেশের শিল্প গড়ে উঠেছিল, কিন্তু স্বাধীনতার পর সেই সুযোগ ধরে রাখা যায়নি।
অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অর্থনীতিবিদ হোসেন জিল্লুর রহমান। প্যানেল আলোচক ছিলেন ডিসিসিআই প্রেসিডেন্ট তাসকিন আহমেদ, এফবিসিসিআইর সাবেক প্রেসিডেন্ট ও হামিম গ্রুপের কর্ণধার এ কে আজাদ, বারবিডা সভাপতি আব্দুল হকসহ আরও অনেকে।
উল্লেখ্য, গত শনিবার নাবিস্কো বাসস্ট্যান্ড সংলগ্ন এডিসন প্রাইম ভবনের বিসিআই অফিসের টপ ফ্লোরে দুই দিনব্যাপী এ মেলা শুরু হয়। এতে কৃষি যন্ত্রপাতি ও হালকা প্রকৌশল খাতের ২৬টি স্টল এবং ১২টি শিল্প সহায়ক প্রতিষ্ঠানের স্টল অংশ নেয়। মেলার উদ্বোধন করেন শিল্প মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান।

