বাংলাদেশের ব্যাংক খাতে সমস্যাপূর্ণ ঋণের পরিমাণ বেড়ে দাঁড়িয়েছে প্রায় ১১ লাখ কোটি টাকা। সিটি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মাসরুর আরেফিন জানিয়েছেন, দেশের মোট ১৮ লাখ কোটি টাকার ঋণের মধ্যে এই বিপুল অঙ্ক এখন ঝুঁকির মধ্যে রয়েছে।
গত বছরের ডিসেম্বরেও সমস্যাপূর্ণ ঋণ ও সম্পদের পরিমাণ ছিল ৭ লাখ ৫৬ হাজার কোটি টাকা, যা মোট ঋণের ৪৫ শতাংশ। মাত্র নয় মাসের ব্যবধানে এ অঙ্ক আরও বেড়েছে। গতকাল রোববার ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে আয়োজিত “ব্যাংক খাতের সংকট, সংস্কার ও নিয়ন্ত্রণ” শীর্ষক প্যানেল আলোচনায় এ তথ্য তুলে ধরেন তিনি। অনুষ্ঠানটি যৌথভাবে আয়োজন করে ঢাকা বিশ্ববিদ্যালয়, এশিয়া প্যাসিফিক বিশ্ববিদ্যালয় এবং জার্মানির ওটিএইচ অ্যামবার্গ-ওয়েইডেন।
আলোচনায় মাসরুর আরেফিন জানান, সমস্যাপূর্ণ সম্পদের মধ্যে ৪ লাখ কোটি টাকা সরাসরি খেলাপি ঋণ। বাকিগুলো পুনঃতফসিলকৃত ঋণ, রাইট-অফ বা এমন ঋণ যা আপাতত সচল থাকলেও খেলাপির ঝুঁকিতে রয়েছে। তিনি বলেন, দেশের ৬০টি ব্যাংকের মধ্যে মাত্র ৭–৯টি আন্তর্জাতিক মানের। প্রায় ৪০টি ব্যাংক মানসম্মত নয়। ১৫টি ব্যাংক দীর্ঘদিনের অনিয়ন্ত্রিত লুটপাটের কারণে তীব্র তারল্য সংকটে রয়েছে। এসব ব্যাংকে আমানতকারীরা বড় অঙ্কের জমা রেখেও কেবল নামমাত্র অর্থ ফেরত পাচ্ছেন। কার্যত, এসব ব্যাংকে ব্যাংক-রান পরিস্থিতি তৈরি হয়েছে। তবে শক্তিশালী ব্যাংকগুলো এখনো স্থিতিশীল রয়েছে এবং বিদেশি অংশীদারদের আস্থা ধরে রেখেছে বলেও মন্তব্য করেন তিনি।
মাসরুর আরেফিন জানান, সরকারের কিছু পদক্ষেপে ইতিবাচক পরিবর্তন এসেছে। বিদেশি মুদ্রার সংকট কমেছে, টাকার মান স্থিতিশীল হয়েছে, বাণিজ্য ও চলতি হিসাবে উদ্বৃত্ত এসেছে। ইতোমধ্যে পাঁচটি ব্যাংকের একীভূতকরণের কাজ চলছে। তিনি নতুন ব্যাংক রেজুল্যেশন আইনকেও বড় মাইলফলক হিসেবে উল্লেখ করেন। তার মতে, এ আইন খারাপ ঋণ ব্যবস্থাপনায় সম্পদ ব্যবস্থাপনা কোম্পানি গঠন, ব্যাংক একীভূতকরণ এবং ব্যর্থ ব্যাংকে সরকারের কাঠামোবদ্ধ হস্তক্ষেপের সুযোগ দেবে। আলোচনায় তিনি আরও বলেন, ব্যাংক কোম্পানি আইনের খসড়ায় ৫০ শতাংশ স্বতন্ত্র পরিচালক রাখার প্রস্তাব অযৌক্তিক। তার মতে, এতে ভালো ব্যাংকও শাস্তি পাবে, অথচ আসল সমস্যা—ব্যক্তিগত পর্যায়ের দুর্নীতি—অমীমাংসিত রয়ে যাবে।
ব্যাংক এশিয়ার এমডি সোহেল আর কে হোসেন বলেন, ব্যাংকের মূলধনের ৯৫ শতাংশই আসে আমানতকারীদের কাছ থেকে, মাত্র ৫ শতাংশ পরিচালকদের কাছ থেকে। তবুও অনেক ক্ষেত্রে পরিচালকরা নিজেদের স্বার্থে ব্যাংক পরিচালনা করেন। তিনি কঠোর ব্যবস্থা নিয়ে শৃঙ্খলা ফেরানোর আহ্বান জানান। তার মতে, অনেক ব্যাংকে খেলাপি ঋণের হার এখন ৩০–৪০ শতাংশে পৌঁছেছে। এ ঋণ আদায় করা প্রায় অসম্ভব হয়ে দাঁড়াচ্ছে। সংকটের মূলে রয়েছে দীর্ঘমেয়াদি শাসন ব্যর্থতা এবং সরকারের সরাসরি হস্তক্ষেপ।
সোহেল আর কে হোসেন আরও বলেন, গত ৭–৮ বছরে ব্যাংক খাতের প্রচলিত তদারকি ব্যবস্থা ভেঙে পড়েছে। পরিচালনা পর্ষদ ও ব্যবস্থাপনা কর্তৃপক্ষের ভারসাম্য, নিরীক্ষক ও রেটিং এজেন্সির কার্যকারিতা, সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের ভূমিকা এবং এমনকি বাংলাদেশ ব্যাংকের তদারকিও অকার্যকর হয়ে গেছে।
পূবালী ব্যাংকের এমডি মোহাম্মদ আলী বলেন, গত সরকারের সময়ে কিছু ইসলামী ব্যাংক ও রাষ্ট্রায়ত্ত ব্যাংককে দুর্নীতির হাতিয়ার হিসেবে ব্যবহার করা হয়েছিল। রাজনৈতিক হস্তক্ষেপে এসব ব্যাংকের পরিচালনা পর্ষদও পরিবর্তন করা হয়। তিনি মনে করেন, ব্যাংক খাতে সুশাসন ফেরাতে হলে বাংলাদেশ ব্যাংককে আরও স্বাধীনতা দিতে হবে। কেন্দ্রীয় ব্যাংকের সিদ্ধান্ত রাজনৈতিক প্রভাব থেকে মুক্ত রাখতে হবে।

