চলতি বছরের জানুয়ারি থেকে জুলাই পর্যন্ত বেসরকারি খাত বিদেশি স্বল্পমেয়াদি ঋণ পরিশোধ করেছে নতুন ঋণের চেয়ে বেশি। বাংলাদেশ ব্যাংকের তথ্যানুযায়ী, এ সময়ে নতুন ঋণ নেওয়া হয়েছে ১২ দশমিক ২১ বিলিয়ন ডলার। অন্যদিকে মূলধন ও সুদ পরিশোধ হয়েছে ১২ দশমিক ৮২ বিলিয়ন ডলার অর্থাৎ ঋণ পরিশোধ ঋণ গ্রহণের চেয়ে ৬০০ মিলিয়ন ডলারের বেশি।
রাজনৈতিক অনিশ্চয়তা, অন্তর্বর্তী সরকারের সময় নতুন বিনিয়োগে গতি না থাকা এবং ব্যাংকগুলোতে ডলারের পর্যাপ্ত মজুত—এসব কারণে ঋণের চেয়ে বেশি পরিশোধ করেছে বেসরকারি খাত। জুলাই মাসে ঋণ নেওয়া হয়েছে ১ দশমিক ৮২ বিলিয়ন ডলার। জুনে এ অঙ্ক ছিল ১ দশমিক ৫৫ বিলিয়ন ডলার। অর্থাৎ এক মাসে ঋণ বেড়েছে ২৬৭ মিলিয়ন ডলার। একই সময়ে ঋণ পরিশোধেও বৃদ্ধি দেখা যায়। জুনে পরিশোধ হয়েছিল ১ দশমিক ৮৪ বিলিয়ন ডলার, জুলাইয়ে তা বেড়ে দাঁড়ায় ১ দশমিক ৯৪ বিলিয়ন ডলারে।
ব্যাংকাররা বলছেন, ব্যাংকগুলোর হাতে এখন ডলারের ভালো রিজার্ভ রয়েছে কিন্তু নির্বাচিত সরকার না থাকায় বড় বিনিয়োগে ঝুঁকছে না অনেক ব্যবসায়ী। এর ফলে মূলধনি যন্ত্রপাতি আমদানি কমেছে। স্বল্পমেয়াদি বিদেশি ঋণের চাহিদাও হ্রাস পেয়েছে। ফলে ব্যবসায়ীরা নতুন ঋণ নেওয়ার চেয়ে পুরোনো ঋণ শোধে বেশি গুরুত্ব দিচ্ছেন। ২০২৩-২৪ অর্থবছরে ডলার সংকট তীব্র হলে ব্যাংকগুলোকে অনেক ঋণ স্থগিত করতে হয়েছিল। এতে সুদের বোঝা বাড়ে, আবার ব্যাংকের ক্রেডিট রেটিংও দুর্বল হয়। এজন্য এখন তারা অতিরিক্ত সতর্ক, যাতে নতুন করে কোনো বকেয়া না বাড়ে। বাংলাদেশ ব্যাংকের তথ্য বলছে, জুলাইয়ের শেষে বেসরকারি খাতের স্বল্পমেয়াদি বিদেশি ঋণের বকেয়া দাঁড়ায় ১০ বিলিয়ন ডলারে। জানুয়ারির শেষে এ অঙ্ক ছিল ৯ দশমিক ৮ বিলিয়ন ডলার। এর আগে টানা আট মাস ধরে এ খাতে ঋণের পরিমাণ কমছিল।

মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও সৈয়দ মাহবুবুর রহমান বলেন, সম্প্রতি অনেক দেশ নীতি সুদের হার কমিয়েছে। এতে আন্তর্জাতিক ঋণের খরচ কিছুটা হ্রাস পেয়েছে। একই সঙ্গে সাম্প্রতিক সময়ে ডলারের বিনিময় হারও স্থিতিশীলতার আভাস দিচ্ছে। তবে ব্যবসায়ীরা মূলত নির্বাচিত সরকার আসার অপেক্ষায় আছেন। ফেব্রুয়ারির নির্বাচন শেষে অভ্যন্তরীণ ও বহির্বিশ্ব থেকে ঋণ গ্রহণ আবারও বাড়বে। ব্যাংকগুলোর হাতে যথেষ্ট ডলার রয়েছে। চাইলে ব্যবসায়ীরা স্থানীয় ব্যাংকের মাধ্যমে বিনিয়োগ সম্প্রসারণ করতে পারবেন।
বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্য অনুযায়ী, ২০২৫ অর্থবছরে আমদানির এলসি খোলা ৭ শতাংশ এবং নিষ্পত্তি ১৮ শতাংশ বেড়েছে। তবে মূলধনি যন্ত্রপাতি আমদানি কমেছে ২৫ শতাংশ এবং মধ্যবর্তী পণ্য আমদানি কমেছে ৬ শতাংশ। ২০২৩ সাল থেকে ডলারের বিনিময় হার বাড়তে শুরু করলে বেসরকারি খাত ঋণ পরিশোধে ঝুঁকে পড়ে। কারণ বিনিময় হারের অস্থিরতা ঝুঁকি বাড়াচ্ছিল। ফলে ২০২২ সালের শেষে যেখানে স্বল্পমেয়াদি ঋণ ছিল ১৬ দশমিক ৪২ বিলিয়ন ডলার, ২০২৩ সালের শেষে তা নেমে আসে ১১ দশমিক ৭৯ বিলিয়ন ডলারে। এক বছরে প্রায় ৪ দশমিক ৬৩ বিলিয়ন ডলার কমে যায়।
২০২৪ সালের শুরুতে কিছুটা ওঠানামা থাকলেও জুন থেকে ঋণ ক্রমেই কমতে থাকে। বড় কারণ ছিল রাজনৈতিক অস্থিরতা ও আইনের শৃঙ্খলা পরিস্থিতির অবনতি। আওয়ামী লীগ সরকারের পতনের পর ২০২৪ সালের আগস্টে ছাত্র-জনতার আন্দোলনের সময় এই পরিস্থিতি তীব্র হয়।
জুলাইয়ের তথ্য বলছে, বেসরকারি খাতের স্বল্পমেয়াদি ঋণের ছয়টি উপখাতের মধ্যে বায়ার্স ক্রেডিট কমেছে ২৮৬ মিলিয়ন ডলার। অন্যদিকে স্বল্পমেয়াদি ঋণ উপখাত বেড়েছে ১৮৪ মিলিয়ন ডলার। বায়ার্স ক্রেডিট হলো বিদেশি ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান কর্তৃক আমদানিকারককে দেওয়া স্বল্পমেয়াদি ঋণ। এতে পণ্য বা সেবার দাম সঙ্গে সঙ্গে পরিশোধ করা যায়, তবে ঋণ ফেরত দিতে হয় পরে।

