সয়াবিন ও পাম তেলের দাম বাড়ানোর নীতিগত সিদ্ধান্ত নিয়েছে সরকার। তবে কত টাকা বাড়ানো হবে তা এখনও চূড়ান্ত হয়নি। ব্যবসায়ীদের প্রস্তাবের প্রেক্ষিতে আজ সোমবার সচিবালয়ে বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠকের সভাপতিত্ব করেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন।
বৈঠক শেষে তিনি কোনো মন্তব্য না করলেও বাণিজ্যসচিব মাহবুবুর রহমান সাংবাদিকদের বলেন, ব্যবসায়ীরা যে দাম বৃদ্ধির প্রস্তাব দিয়েছে তা আন্তর্জাতিক বাজারের তুলনায় অনেক বেশি। বিষয়টি পর্যালোচনা চলছে। আলোচনার পর নতুন করে সিদ্ধান্ত জানানো হবে।
বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন ভোজ্যতেলের দাম লিটারে ১০ টাকা বাড়ানোর প্রস্তাব দিয়েছে। তারা জানিয়েছে, আন্তর্জাতিক বাজারে প্রতি টন সয়াবিন তেলের দাম বেড়ে ব্যারেলপ্রতি ১ হাজার ২০০ ডলার পর্যন্ত উঠেছে। এর আগে গত ১৩ এপ্রিল সয়াবিন তেলের দাম লিটারপ্রতি ১৮৯ টাকা এবং পাম তেলের দাম ১৬৯ টাকা নির্ধারণ করা হয়েছিল। এদিকে বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশন জানিয়েছে, ভোজ্যতেলের দাম যৌক্তিকভাবে সমন্বয়ের বিষয়ে তারা কাজ করছে।

