ক্ষুদ্র ও মাঝারি খাতে ঋণ শ্রেণিকরণ শিথিলসহ আট দাবিতে বাংলাদেশ ব্যাংকের সঙ্গে বৈঠক করেছেন বাণিজ্যিক ব্যাংকের প্রধান নির্বাহীরা। এতে খেলাপি ঋণ এক বছরে অবলোপন, সার্ভিস চার্জ পুনর্নির্ধারণ, গৃহঋণ সীমা বাড়ানোসহ বিভিন্ন প্রস্তাব তোলা হয়।
গতকাল সোমবার বাংলাদেশ ব্যাংকের সভাকক্ষে অনুষ্ঠিত বৈঠকে সভাপতিত্ব করেন গভর্নর ড. আহসান এইচ মনসুর। উপস্থিত ছিলেন চার ডেপুটি গভর্নর। ব্যাংকারদের সংগঠন অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স বাংলাদেশ (এবিবি)-এর প্রতিনিধিরা এ বৈঠকে অংশ নেন।
এবিবির পক্ষে উপস্থিত ছিলেন চেয়ারম্যান ও সিটি ব্যাংকের এমডি মাসরুর আরেফিন, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের এমডি সৈয়দ মাহবুবুর রহমান, ইস্টার্ন ব্যাংকের এমডি আলী রেজা ইফতেখার, ডাচ্-বাংলা ব্যাংকের এমডি আবুল কাশেম মো. শিরিন, পূবালী ব্যাংকের এমডি মোহাম্মদ আলী, ব্যাংক এশিয়ার এমডি সোহেল আর কে হুসেইন, প্রাইম ব্যাংকের এমডি হাসান রশীদ এবং স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশের সিইও নাসের এজাজ বিজয়।
বৈঠক সূত্র জানায়, এবিবির দাবিগুলো নিয়ে দেওয়া একাধিক চিঠির প্রেক্ষিতে বাংলাদেশ ব্যাংক এই বৈঠকের আয়োজন করে। আলোচনায় বাংলাদেশ ব্যাংক কিছু বিষয়ে একমত হলেও গ্রাহক স্বার্থের কারণে কিছু প্রস্তাব গ্রহণ করা হয়নি। এবিবির আটটি মূল দাবির মধ্যে রয়েছে—
- টিয়ার-২ বন্ড থেকে মূলধন সংগ্রহে নমনীয়তা
- ক্ষুদ্র, ছোট ও মাঝারি (সিএমএসএমই) খাতে ঋণ শ্রেণিকরণ ও নিরাপত্তা সঞ্চিতি নীতিমালায় ছাড়
- খেলাপি ঋণ হলে এক বছরের মধ্যেই অবলোপনের সুযোগ
- চলমান ঋণ নবায়নে সীমার অতিরিক্ত অংশ সমন্বয়ের জন্য ৯০ দিনের অতিরিক্ত সময় এবং ডিসেম্বর পর্যন্ত নবায়নের অনুমতি
- ব্যাংকের সার্ভিস চার্জ বাতিল করে প্রতিটি ব্যাংককে নিজস্ব চার্জ নির্ধারণের সুযোগ
- ব্যাংক হিসাব খোলায় জাতীয় পরিচয় যাচাইকরণে পূর্ণ স্থায়ী ঠিকানা দেখার সুযোগ
- গৃহঋণের সীমা ৫ কোটি টাকা এবং ঋণ অনুপাত ৯০ শতাংশ পর্যন্ত করা
- হাইব্রিড গাড়ির ঋণে ৯০ শতাংশ পর্যন্ত অর্থায়ন ও ঋণসীমা না রাখা
এ ছাড়া ব্যক্তিগত ঋণের সীমা ৪০ লাখ টাকা এবং জামানতবিহীন ক্রেডিট কার্ডের সীমা ৫০ লাখ টাকা করার দাবি জানানো হয়। বৈঠকে বাংলাদেশ ব্যাংক কয়েকটি প্রস্তাবে ইতিবাচক মনোভাব দেখিয়েছে। শিগগিরই এসব বিষয়ে সার্কুলার জারি করা হবে বলে জানা গেছে।

